লন্ডন, ১৩ আগস্ট (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/রয়টার্স)- অবশেষে স্বপ্নপূরণ হয়েছে ভারতের। সেই ১৯৮৬ সালে কপিল দেবের নেতৃত্বে শেষবার ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজ জিতেছিল তারা। ২১ বছর অপেক্ষার পর তা আবার করে দেখালেন রাহুল দ্রাবিড় ও তার সঙ্গীরা। সোমবার ওভালে সিরিজের শেষ টেস্টটি ড্র হয়েছে। সুবাদে ১-০ তে সিরিজ জিতেছে ভারত। তাদের ছুঁড়ে দেওয়া ৫০০ রানের জয়ের লক্ষ্য নিয়ে খেলতে নেমে ৬ উইকেটে ৩৬৯ রানে দিন শেষ করেছে ইংল্যান্ড। কেভিন পিটারসেন দারুণ এক সেঞ্চুরি দিয়ে জয় বঞ্চিত করেছেন ভারতকে।
বিনা উইকেটে ৫৬ রান নিয়ে দিন শুরু করেছিল স্বাগতিকরা। শুরুটা ছিল সতর্ক। প্রথম ঘণ্টায় মাত্র ২৩ রান তারই প্রমাণ। অ্যান্ড্রু স্ট্রাউসকে (৩২) আউট করে ইংল্যান্ডের ৭৯ রানের উদ্বোধনী জুটি ভেঙেছেন আরপি সিং। স্লিপে তার ক্যাচ নিয়েছেন ভিভিএস লক্ষ্মণ। লেগ স্লিপে লক্ষ্মণের দ্বিতীয় শিকার হয়েছেন অ্যালিস্টার কুক। ৪৩ রান করে অনিল কুম্বলের বলে আউট হয়েছেন তিনি। ভনের উইকেটটিও পেতে পারতেন কুম্বলে। ১৮ রানের মাথায় তার ক্যাচ ফেলেছেন রাহুল দ্রাবিড়। ৪২ রান করে ভন আউট হয়েছেন শ্রীশান্তের বলে। ৬৬ রানের জুটি গড়েছেন তিনি পিটারসেনের সঙ্গে। এরপর পল কলিংউডকে (৪০) সঙ্গী করে ১১৪ রানের পার্টনারশিপ গড়েছেন পিটারসেন। কলিংউডকে এলবিডব্লু আউট করে জুটি ভেঙ্গেছেন শ্রীশান্ত।
পিটারসেনের উইকেটও শ্রীশান্তের। কিন্তু তার আগে দশম সেঞ্চুরিটি তুলে নিয়েছেন তিনি স্বভাব বিরুদ্ধ দেখেশুনে খেলে। ১৫৯ বলের ইনিংসটিতে ১৮টি চারের মার মেরেছেন পিটারসেন। ৬৭ রান করে ইয়ান বেল কুম্বলের বলে এলবিডব্লু হলে জয়ের আশায় বুক বেঁধেছিল ভারত। কিন্তু সে স্বপ্নে জল ঢেলে দেন ম্যাট প্রিয়র (১২) ও রায়ান সাইডবটম (৩)। নিরাপদেই দিনের শেষ সময়টুকু পার করে দেন দুজন। প্রথম ইনিংসে দারুণ সেঞ্চুরিটির জন্য ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন অনিল কুম্বলে। ম্যান অব দ্য সিরিজ হয়েছেন দুজন- জেমস এন্ডারসন ও জহির খান।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ওআরপি/২৩৫৫ঘ.
bdnews24