ঢাকা, ১২ আগস্ট (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- স্পনসর ছাড়াই টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপ খেলতে যাবে বাংলাদেশ! আশঙ্কাটা ছিল এক সময়। বিশেষ করে বিসিবির নতুন কমিটির প্রথম সভায় মার্কেটিং অ্যান্ড কমার্শিয়াল কমিটির চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান দুজনই অনুপস্থিত থাকায়। আশার কথা, দেশে ফেরার পর ৯ আগস্ট বোর্ডের দ্বিতীয় সভায় তারা উপস্থিত ছিলেন। এবং টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশ দলের স্পনসর খোঁজার ব্যাপারে তারা উদ্যোগীও হয়েছেন। ইতিমধ্যেই পত্রিকায় দরপত্র আহবান করা হয়েছে এজন্য। আগামী ১৬ আগস্ট এছাড়া জাতীয় দলের নতুন ক্লোদিং স্পনসরেরও (জাতীয় দলের পোশাক সরবরাহকারী) দরপত্রও খোলা হবে বলে জানিয়েছেন বিসিবির এই সংক্রান্ত কমিটির ভাইস চেয়ারম্যান সেলিম ভুইয়া।
অবশ্য ১ আগস্ট নতুন কমিটির প্রথম সভাশেষে মুখপাত্র আহমেদ সাজ্জাদুল আলম ববি জাতীয় দলের স্পনসর খোঁজার বিষয়ে বিকল্প পন্থা অবলম্বনের কথাই বলেছিলেন। সময়াভাবে দরপত্র আহবানে না গিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে বাংলাদেশ দলের স্পনসর হওয়ার আগ্রহ আছে কিনা জানতে চেয়ে বিসিবির তরফ থেকে চিঠি দেওয়ার কথাই জানিয়েছিলেন তিনি। বলা বাহুল্য, কমার্শিয়াল কমিটির দুই হর্তাকর্তার দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তা ছিল বলেই বিকল্প ভেবে রেখেছিল বিসিবি। তবে চেয়ারম্যান মির্জা সালমান ইস্পাহানী এবং তার ডেপুটি সেলিম ভুইয়া দেশে ফেরায় আগের কমিটির দেখানো পথে শুরু থেকেই উন্মুক্ত দরপত্রে যাচ্ছে নতুন কমিটি।
প্রসঙ্গত জাতীয় দলের বর্তমান ক্লোদিং স্পনসর ইহসান স্পোর্টসের সঙ্গে চুক্তির মেয়াদ ফুরোচ্ছে ১৫ আগস্ট। এবার টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপের জন্য স্পনসর খুঁজতে গিয়ে অন্যান্য দেশের মতো কিছু সুবিধা পাচ্ছে বাংলাদেশও। নিয়ম অনুযায়ী আইসিসির কোনো টুর্নামেন্টে তাদের স্পনসরদের সঙ্গে বিরোধ তৈরি করে এমন কোনো প্রতিষ্ঠানের প্রবেশাধিকার থাকে না। এবার এক্ষেত্রে কড়াকড়ি কিছুটা শিথিল করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। গত জুনের সভায় তারা সিদ্ধান্ত নিয়েছে এখন থেকে মূল চারটি স্পনসরের স্বার্থ সংরক্ষণে কোনো ছাড় তারা দেবে না। তবে কো স্পনসরের সঙ্গে বিরোধ তৈরি করে এমন প্রতিষ্ঠানের আইসিসির টুর্নামেন্টে প্রবেশের ব্যাপারে আলোচনার সুযোগ তারা উন্মুক্ত রেখেছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/ওআরপি/২১৫১ঘ.
bdnews24