২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রিকেটারদের কমান্ডো ট্রেনিংয়ে সন্তুষ্ট বিসিবি

অধিনায়ককে সবসময় সামনে থেকে দলকে নেতৃত্ব দিতে হয়। এবার সিলেটের জালালাবাদ সেনানিবাসে সামরিক ধাঁচের অনুশীলনে মোহাম্মদ আশরাফুলও নাকি তা-ই দিচ্ছেন। যে কোনো ড্রিল সবার চেয়ে আগেভাগে শেষ করে বাংলাদেশ অধিনায়ক তেমন উদাহরণও তৈরি করছেন বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অস্থায়ী কার্যনির্বাহী কমিটির গুরুত্বপূর্ণ সদস্য এবং ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান গাজী আশরাফ লিপু। আশরাফুলে মুগ্ধ বাংলাদেশের এই সাবেক অধিনায়ক জানাচ্ছেন, "আশরাফুল এখানেও একেবারে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে। যে কোনো কিছু সবার আগে করে দৃষ্টান্তও স্থাপন করছে। সেটা দেখে ভীষণ ভালো লেগেছে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2007, 02:53 PM

Updated : 26 Aug 2022, 08:26 PM

সিলেট, ১২ আগস্ট (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- অধিনায়ককে সবসময় সামনে থেকে দলকে নেতৃত্ব দিতে হয়। এবার সিলেটের জালালাবাদ সেনানিবাসে সামরিক ধাঁচের অনুশীলনে মোহাম্মদ আশরাফুলও নাকি তা-ই দিচ্ছেন। যে কোনো ড্রিল সবার চেয়ে আগেভাগে শেষ করে বাংলাদেশ অধিনায়ক তেমন উদাহরণও তৈরি করছেন বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অস্থায়ী কার্যনির্বাহী কমিটির গুরুত্বপূর্ণ সদস্য এবং ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান গাজী আশরাফ লিপু। আশরাফুলে মুগ্ধ বাংলাদেশের এই সাবেক অধিনায়ক জানাচ্ছেন, "আশরাফুল এখানেও একেবারে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে। যে কোনো কিছু সবার আগে করে দৃষ্টান্তও স্থাপন করছে। সেটা দেখে ভীষণ ভালো লেগেছে।" শনিবার থেকে শুরু হওয়া বিশেষ আর্মি ট্রেনিংয়ে উৎসাহব্যঞ্জক আরো অনেক কিছুই চোখে পড়েছে লিপুর। রোববার বিকেল সাড়ে পাঁচটায় সেনানিবাসের লালা খালে আশরাফুলদের স্নরকেলিং (অক্সিজেন মাস্ক লাগিয়ে ডুবুরীদের মতো পানির নীচ থেকে ঘুরে আসা) সেশনটাও দেখার খুব ইচ্ছে ছিল তার। কিন্তু ততোক্ষণে ঢাকায় ফেরার সময় হয়ে যাওয়ায় তা আর হয়নি। রোববার সন্ধ্যায় বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম-এর সঙ্গে যখন টেলিফোনে কথা হয় লিপুর,তখন তিনি সিলেট এয়ারপোর্টে, "আমি ঢাকায় ফিরছি। আর আকরাম খান (নির্বাচক) আসছে। ফ্লাইট ধরার তাড়ায় আর স্নরকেলিংটা দেখে আসা হল না।" তবে দড়ি বেয়ে দালান এবং পাহাড়ে ওঠা-নামার ব্যাপারগুলো যে উৎসাহ নিয়ে করেছেন ক্রিকেটাররা, তাতে যারপরনাই উচ্ছ্বসিত লিপু। তার ভাষায়, "দালান বেয়ে নামা কিংবা পাহাড়ে ওঠার আগে কেউ কেউ একটু ভয়ও পাচ্ছিল। কিন্তু সাফল্যের সঙ্গে এই কাজগুলো করে ফেলার পর ওদের চোখেমুখে সে কী আনন্দ! এই অভিজ্ঞতাটা ওদের জন্য একেবারে নতুন। উৎসাহ আছে বলে সবাই খুব উপভোগও করছে।" এসব করতে গিয়ে আবার দুর্ঘটনার কোনো ঝুঁকি নেই তো? লিপু নিশ্চিন্ত করলেন, "গতকালের (শনিবার) পর আজও দেখলাম ক্রিকেটারদের যেখানেই নিয়ে যাওয়া হচ্ছে সেখানেই অ্যাম্বুলেন্স আছে। সেনানিবাসে একটা বিশাল ইনডোর সেন্টার আছে। দালানে ওঠা-নামার বিষয়গুলো এর ভেতরেই হয়। আজ যেমন দড়ি বেয়ে ওদের চার তলার সমান উচ্চতায় উঠতে হয়েছে। আবার সেখান থেকে নেমেও আসতে হয়েছে। পা হড়কে গেলে কিংবা হাত ফসকালে যেন কোনো বিপদ না হয় সেজন্য ওদের শরীরের সঙ্গে দড়ি বাঁধা ছিল। আবার নীচে ফোমও দেওয়া ছিল। পাহাড়ে ওঠার সময় অবশ্য দড়িই বাঁধা ছিল শুধু।" এধরনের ট্রেনিংয়ের সঙ্গে ক্রিকেটীয় সামর্থ্য বাড়ানোর যোগসূত্রও খুঁজে পেয়েছেন ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান, "পাহাড়ে ওঠা, দালান বেয়ে নামার বিষয়গুলো কাঁধের জোর বাড়ায়। তাছাড়া এসব করতে গেলে হাত-পা-চোখের সমন্বয়টা হতে হয় খুব ভালো। ক্রিকেটে কিন্তু এটা ভীষণ জরুরী বিষয়। হাত-পা-চোখ, এই তিনটা জিনিষের এক সঙ্গে কাজ করাটা ব্যাটিংয়ে সাফল্যের পূর্বশর্তও। কাজেই এধরনের ট্রেনিংয়ে ছেলেরা দারুণ উপকৃত হবে নিশ্চিত।" আর্মি ট্রেনিংয়ের ফাঁকে ফাঁকে বাংলাদেশের কমান্ডোদের ট্রেনিং দেখারও সৌভাগ্য আশরাফুলদের হয়েছে বলে জানালেন লিপু। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/ওআরপি/১৯৫০ঘ.