২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফলোঅন এড়াতে পারছে না ইংল্যান্ড

তৃতীয় দিন শেষে রাহুল দ্রাবিড়ের মুখের হাসিটা আরো চওড়া হয়েছে। দ্বিতীয় দিনেই নিশ্চিত হয়ে গিয়েছিল ওভাল টেস্ট ভারত হারছে না। সুবাদে নিশ্চিত ২১ বছর পর ইংল্যান্ডের মাটিতে সিরিজ জেতাও। তৃতীয় দিনে ফলোঅন থেকে এক উইকেট দূরে দাঁড়িয়ে ইংল্যান্ড। আম্পায়াররা খেলা শেষের ঘোষণা দিলেন যখন, স্কোরবোর্ডে স্বাগতিকদের সংগ্রহ ৯ উইকেটে ৩২৬ রান। ব্যাট করছেন দুই টেল এন্ডার ক্রিস ট্রেমলেট (১৮) ও মন্টি পানেসার (০)। ভারতের সংগ্রহ থেকে এখনও ৩৩৮ রান পিছিয়ে তারা। ফলোঅন এড়াতে করতে হবে আরো ১৩৯ রান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2007, 03:23 PM

Updated : 26 Aug 2022, 08:26 PM

লন্ডন, ১১ আগস্ট (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- তৃতীয় দিন শেষে রাহুল দ্রাবিড়ের মুখের হাসিটা আরো চওড়া হয়েছে। দ্বিতীয় দিনেই নিশ্চিত হয়ে গিয়েছিল ওভাল টেস্ট ভারত হারছে না। সুবাদে নিশ্চিত ২১ বছর পর ইংল্যান্ডের মাটিতে সিরিজ জেতাও। তৃতীয় দিনে ফলোঅন থেকে এক উইকেট দূরে দাঁড়িয়ে ইংল্যান্ড। আম্পায়াররা খেলা শেষের ঘোষণা দিলেন যখন, স্কোরবোর্ডে স্বাগতিকদের সংগ্রহ ৯ উইকেটে ৩২৬ রান। ব্যাট করছেন দুই টেল এন্ডার ক্রিস ট্রেমলেট (১৮) ও মন্টি পানেসার (০)। ভারতের সংগ্রহ থেকে এখনও ৩৩৮ রান পিছিয়ে তারা। ফলোঅন এড়াতে করতে হবে আরো ১৩৯ রান। আগের দিনের ১ উইকেটে ২৪ রান নিয়ে তৃতীয় দিন শুরু করেছিল ইংল্যান্ড। অ্যালিস্টার কুকের সঙ্গে আগের দিনের অপরাজিত নাইট ওয়াচম্যান জেমস এন্ডারসন এক ঘণ্টারও বেশি সময় ধরে হতাশায় পুড়িয়েছেন ভারতীয় বোলারদের। ৬৬ রানের জুটিটি ভেঙেছেন আরপি সিং। এন্ডারসনকে (১৬) এলবিডব্লুর ফাদে ফেলেছেন তিনি। এরপর মঞ্চে আবির্ভাব সিরিজে ভারতের পক্ষে একমাত্র সেঞ্চুরিয়ান অনিল কুম্বলের। ১৩ ও ২৮ রানের মাথায় দু'বার জীবন পাওয়া কুককে (৬১) আউট করেছেন মিড অফে সিংয়ের হাতে ক্যাচ বানিয়ে। ইংল্যান্ড সবচেয়ে বড় ধাক্কাটি খেয়েছে যখন লাঞ্চের ঠিক আগে কুম্বলের হাতে ফিরতি ক্যাচ দিয়ে আউট হয়েছেন অধিনায়ক মাইকেল ভন। ১১ রান করেছেন তিনি। ইংল্যান্ডের অন্যতম ভরসা কেভিন পিটারসেনকে আউট করেছেন শচীন টেন্ডুলকার। দিনে তার প্রথম বলেই প্রথম স্লিপে ক্যাচ নিয়েছেন রাহুল দ্রাবিড়। পল কলিংউডের সঙ্গে পঞ্চম উইকেট জুটিতে ৭৮ রান যোগ করেছেন পিটারসেন। আউট হয়েছেন ৪১ রান করে। এরপর হাল ধরেন পল কলিংউড (৬২) ও ইয়ান বেল (৬৩)। ষষ্ঠ উইকেটে দুজনের ৮৬ রানের জুটি ভেঙেছেন শ্রীশান্ত কলিংউডকে এলবিডব্লু করে। নতুন বলে জহির খানের শিকার বেল। ধোনীকে ক্যাচ দিয়েছেন তিনি উইকেটের পেছনে। এরপর রায়ান সাইডবটম (২) জহিরের বলে ফিরতি ক্যাচ দিয়েছেন। ইংল্যান্ডের ভিলেন ম্যাট প্রিয়র কোনো রান করার আগেই শ্রীশান্তের বলে আউট হয়েছেন। স্লিপে তার ক্যাচ নিয়েছেন টেন্ডুলকার। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ওআরপি/১১৪৬ঘ.