সিলেট, ১০ আগস্ট (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- চুলে আর্মিছাট দিয়েছেন মোহাম্মদ আশরাফুল! বাংলাদেশ অধিনায়কের এই নতুন ধরণের চুলের স্টাইলের কারণও আছে। শনিবার থেকে ৬ দিনের সামরিক ধাঁচের অনুশীলনে নামতে যাচ্ছে বাংলাদেশ দল। টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে সিলেটের স্কুল অব ইনফ্যানট্রি অ্যান্ড ট্যাকটিক্সয়ে মানসিক ও শারীরিক সক্ষমতা বাড়ানোর এই বিশেষ ট্রেনিং নিতে শুক্রবার দুপুরে পৌঁছেছে টাইগাররা। আর তার সঙ্গে মানিয়ে নিতেই আশরাফুলের এই নতুন ফ্যাশন।
শুক্রবার কোনো অনুশীলন হয়নি। সন্ধ্যায় এক ক্লাশে বাংলাদেশ দলকে জানিয়ে দেওয়া হয়েছে আগামী ক'দিনের অনুশীলন সূচী। উল্লসিত আশরাফুল টেলিফোনে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেছেন, "ক্রিকেটের অন্য অনেক দেশে হলেও আমরা আগে কখনও এ ধরনের অনুশীলন করিনি। মানসিক ও শারীরিক সক্ষমতা বাড়াতে এ ধরনের ট্রেনিংয়ের বিকল্প নেই, আশা করছি তা গোটা দলেরই খুব উপকারে আসবে।"
বিশেষ এই অনুশীলন শিবিরে অবশ্য গোটা দলকে পাচ্ছেন না আশরাফুল। স্ত্রীর চিকিৎসা করাতে তার ডেপুটি মাশরাফি বিন মর্তুজা এখন ভারতে। বিয়ে করতে যাচ্ছেন, তাই ক্যাম্পে যোগ দেননি হার্ডহিটার ব্যাটসম্যান আফতাব আহমেদ। তবে জাতীয় দলে ফেরা অলক কাপালি সিলেট থেকে যোগ দিয়েছেন ক্যাম্পে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/ওআরপি/১৯৪৫ঘ.
bdnews24