ঢাকা, ৭ আগস্ট (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- ব্যাটিংয়ে আরিফুল হক আর বোলিংয়ে তাপস ঘোষের দুর্দান্ত নৈপুন্যে জয় দিয়েই মালয়েশিয়া সফর শেষ করলো বাংলাদেশ অনুর্ধ্ব -১৯ দল। মঙ্গলবার স্বাগতিকদের জাতীয় দলের বিপক্ষে তাদের শেষ ম্যাচটা অবশ্য ছিল টুয়েন্টি টুয়েন্টি। তাতে ৩৪ রানে জিতেছে বাংলাদেশের তরুণ ক্রিকেটাররা। বাংলাদেশ নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২৮ রান তোলে মূলত আরিফুল হকের (৫১) হাফসেঞ্চুরিতে। জবাবে মালয়েশিয়া ১৯ ওভারে ৯৪ রানে অলআউট হয়ে যায় তাপস ঘোষের বিধ্বংসী বোলিংয়ে। মাত্র ১০ রান খরচায় বাংলাদেশের সহ-অধিনায়কের শিকার মালয়েশিয়ার ছয়জন ব্যাটসম্যান।
ব্যাটিংয়ে মূল্যবান ২৮ রান করা রনি তালুকদার বোলিংয়েও কম যাননি। ২৬ রানে তিন উইকেট নিয়েছেন তিনি। মালয়েশিয়ার অন্য উইকেটটি নিয়েছেন শুভাশিষ রায়। আরিফুল ও রনির ইনিংস দুটো ছাড়া বাংলাদেশের ব্যাটিংয়ে উল্লেখ করার মতো স্কোর আর একজনেরই, হামিদুল ইসলাম হিমেল (১৯)।
আগামী বছরের শুরুতে মালয়েশিয়াতেই বসছে যুব বিশ্বকাপের পরবর্তী আসর। এজন্য প্রস্তুতির অংশ হিসেবে শ্রীলঙ্কা সফরশেষে মাহমুদুল হাসানের নেতৃত্বাধীন অনুর্ধ্ব -১৯ দলকে পাঠানো হয় মালয়েশিয়া সফরে। এই সফরে মোট চারটি ম্যাচ খেলেছে তারা। যার তিনটিই ছিল সেদেশের অনুর্ধ্ব -১৯ দলের বিপক্ষে একদিনের ম্যাচ। প্রথম এবং তৃতীয় ম্যাচটা যথাক্রমে ১০ ও ৮ উইকেটে জিতলেও দ্বিতীয় ম্যাচে ৩ উইকেটের হারে ব্যাপক সমালোচনার মুখে পড়েছিল বাংলাদেশ যুব দল।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/ওআরপি/১৮৩৫ঘ.
bdnews24