ঢাকা, ২ আগস্ট (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- "আমি ঠিক করেছি প্রতিদিন কমপক্ষে তিন ঘন্টা করে সময় দেব। আজ তো দেখছি চার ঘন্টারও বেশি হয়ে গেছে" --- বৃহষ্পতিবার বিকেলে গুলশানে বিসিবির ব্যবস্থাপনা অফিসে কাকে যেন টেলিফোনে বলছিলেন গাজী আশরাফ লিপু। আগেরদিন নতুন বোর্ডের প্রথম সভায় প্রত্যেক সদস্যের দায়দায়িত্ব বিলিবন্টন হওয়ার পর এদিনই পুরোদমে কাজ শুরু করে দিয়েছেন ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান। এই কমিটির ভাইস চেয়ারম্যান শফিকুর রহমান মুন্নাও এসেছিলেন। ডেভলপমেন্টসহ তিনটি কমিটির চেয়ারম্যান লে.কর্নেল (অব.) আব্দুল লতিফও এদিনটা কাটিয়েছেন ব্যস্ততার মধ্যেই। ফিনান্স কমিটির চেয়ারম্যান আব্দুল মোমেন এবং ভাইস চেয়ারম্যান ফিরোজ আহমেদও এদিন দফায় দফায় বৈঠক করেছেন বিসিবিতে কর্মরত বিভিন্ন বিভাগের লোকদের সঙ্গে। ফিরোজের সমস্যা তিনি চট্টগ্রামে থাকেন। এখন থেকে সময় দিতে হবে বলে গুলশানে বিসিবি অফিসের আশেপাশেই ভাড়া বাসার খোঁজ করতে শুরু করে দিয়েছেন। মোটকথা নতুন বোর্ডের প্রথম সভার পরই বোর্ডের পরিবেশে ফিরে এসেছে কর্মচাঞ্চল্য।
জাতীয় দল, 'এ' দল, অনুর্ধ্ব-১৯ দল কিংবা একাডেমী স্কোয়াড সংশ্লিষ্ট যেকোনো বিষয় ক্রিকেট অপারেশন্স কমিটির আওতায় পড়ে। টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা যেহেতু শিগগিরই করতে হবে,তাই কাজ শুরুর প্রথম দিনেই তিন নির্বাচকের সঙ্গে বসেছিলেন লিপু। সেখানে তাদের বোর্ডের একটা সিদ্ধান্তের কথাও জানিয়ে দেওয়া হয়েছে। কিন্তু লিপু নিজ মুখে তা জানাতে চাইলেন না এজন্য, "সভাপতির নির্দেশ, যেকোনো সিদ্ধান্ত কিংবা কার্যক্রমের ব্যাপারে মিডিয়াকে অবহিত করবেন কেবল ববি ভাই (আহমেদ সাজ্জাদুল আলম)। তিনিই একমাত্র মুখপাত্র। নির্বাচকদের যা বলেছি, সেটা আমি ইতিমধ্যেই তাকেও জানিয়ে দিয়েছি। প্লিজ তাকে ফোন করে জেনে নিন।" অগত্যা ববিকে ফোনে ধরা হলে তিনি জানান, "নির্বাচকদের ৯ আগস্টের মধ্যে টুয়েন্টি টুয়েন্টির চূড়ান্ত দল দিতে বলা হয়েছে। এরপর বোর্ড সভায় দল অনুমোদন করা হবে।" ১১ আগস্ট ২০ ওভারের ক্রিকেটের সর্বোচ্চ আসরের জন্য দল ঘোষণার শেষদিন। সেদিনই মোহাম্মদ আশরাফুলদের সিলেট সেনানিবাসের এসআইএনটিতে (স্কুল অফ ইনফ্যান্ট্রি অ্যান্ড ট্যাকটিক্স) যাওয়ার কথা পাঁচদিনের জন্য। বুধবার বোর্ডের প্রথম সভায় সভাপতি মেজর জেনারেল সিনা ইবনে জামালীর এই প্রস্তাবনায় সব সদস্যই সম্মত হয়েছেন। ববি জানাচ্ছেন, "ক্রিকেটারদের সেখানে পাঠানোর আগে আমরা কয়েকজনকে সেখানকার অবস্থা দেখতে পাঠাচ্ছি। যেমন সুযোগ সুবিধা, থাকার বন্দোবস্ত কেমন এইসব আর কী।"
এদিন আগের বোর্ডের করে যাওয়া আসন্ন ক্রিকেট মৌসুমের ক্যালেন্ডারেও চোখ বুলিয়েছেন লিপু। শ্রীলঙ্কায় টেস্ট সিরিজে ব্যর্থ হওয়ার পর আগের কমিটি ঘরোয়া ক্রিকেটে এবার জোর দেওয়ার কথা বলেছিল। কিন্তু ঘরোয়া ক্রিকেট মৌসুমেই আবার জাতীয় দল, 'এ' দল এবং একাডেমী দলের বিদেশ সফরসূচী আছে। তার মানে বিসিবির বিবেচনায় একঝাঁক সেরা এবং প্রতিশ্র"তিশীল ক্রিকেটারদের ঘরোয়া ক্রিকেটের মাধ্যমে নিজেদের ঝালাই করার সুযোগ থাকছে না এবারো। তাই এবারো জমজমাট ঘরোয়া ক্রিকেটের ব্যাপারে সন্দিহানই মনে হচ্ছে লিপুকে, "আমি ক্রিকেট ক্যালেন্ডার দেখলাম। এবিষয়ে সম্মিলিত একটা সিদ্ধান্তের ব্যাপার আছে। বিদেশ সফরগুলো তো আগে থেকেই ঠিক করা। এগুলো ওলটপালট করারও তো সুযোগ নেই।" প্রধান নির্বাচক ফারুক আহমেদ এবং আতহার আলী খানের মেয়াদ একমাস বাড়লেও নতুন একটা নির্বাচক কমিটি গড়ার কাজটা শিগগিরই শুরু করতে হচ্ছে শফিকুর রহমান মুন্নার নেতৃত্বাধীন সিলেক্টরস অ্যাপয়েন্টমেন্ট কমিটিকে। যাতে লিপুও আছেন। আকরাম খানের সঙ্গে দুই বছরের চুক্তির মেয়াদ শুরুই হলো কিছুদিন আগে। কাজেই তিনি থাকছেন। তা নাহলে যে কমিটিটা হতে যাচ্ছে সেটাকে একদম নতুনই বলা যেত। কেননা ফারুক ও আতহার কাজটা আর চালিয়ে যেতে চান না, এই বার্তা লিপুর কাছে এরমধ্যেই পৌছে দেওয়া হয়েছে বলেই খবর। এব্যাপারে মুখ না খুললেও নির্বাচক বাছাইয়ের হোমওয়ার্ক শুরু করেছেন জানাতে আপত্তি নেই, "বাংলাদেশের হয়ে যে ৮৪ জন ক্রিকেটার ওয়ানডে খেলেছেন, তাদের তালিকাটায় চোখ বুলাতে শুরু করেছি। নিশ্চয়ই ভালো কাউকে এদের মধ্য থেকেই পাওয়া যাবে।"
আগের বোর্ড সিনিয়র সিলেকশন কমিটির পাশাপাশি একটা জুনিয়র সিলেকশন কমিটি গড়ার ব্যাপারেও নীতিগত সিদ্ধান্ত নিয়েছিল। নতুন বোর্ডও সে পথেই হাটতে পারে বলে জানা গেছে। সিনিয়র সিলেকশন কমিটিতে বাংলাদেশের প্রথম টেস্ট অধিনায়ক নাঈমুর রহমানের অন্তর্ভূক্তিও প্রাথমিকভাবে নিশ্চিত বলে ধরা হচ্ছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/১৯১০ঘ.
bdnews24