করাচি, ৩০ জুলাই (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- একবুক হতাশা নিয়ে অধিনায়কত্ব ছেড়েছেন। ইনজামাম-উল হকের এ নিয়ে কোনো আক্ষেপ নেই। ক্রিকেটে ফেরার তাড়নায় মরিয়া পাকিস্তানের এই সাবেক অধিনায়ক অবশ্য এখনও বিশ্বকাপ ব্যর্থতার ধাক্কা সামলে উঠতে পারেননি। জানিয়েছেন, বিশ্বকাপের দুঃস্বপ্ন এখনও তাড়িয়ে বেড়ায় তাকে।
বিশ্বকাপে আয়ারল্যান্ডের কাছে অপ্রত্যাশিত হারেই কপাল পোড়ে পাকিস্তানের। প্রথম রাউন্ড থেকেই ছিটকে পড়ে তারা। এর চেয়ে বড় ধাক্কা হয়ে আসে কোচ বব উলমারের মৃত্যু। ম্যাচ শেষের কয়েকঘণ্টা পর হোটেল রুমে মৃত পাওয়া যায় তাকে। ঘটনার পরপরই ওয়ানডে থেকে অবসরের ঘোষণা দেন ইনজামাম, সরে দাঁড়ান টেস্ট দলের অধিনায়কের পদ থেকেও। ১০৯ টেস্টে ৯ হাজার ৮১৩ রানের মালিক ও ৩৭৮টি ওয়ানডে খেলা ইনজামাম জানিয়েছেন সিদ্ধান্তটা তাৎক্ষণিক। বলেছেন, "অবসর নেয়ার ব্যাপারে খুব বেশি ভাবিনি। ক্রিকেট ক্যারিয়ারের সবচেয়ে হতাশাজনক মুহূর্তে এর বেশি আর কিইবা করার ছিল। খেলোয়াড়রা সবাই হতাশ ছিল, আর অধিনায়ক হিসেবে আমার জন্য সময়টা ছিল অসহ্য যাতনার। সিদ্ধান্তটা নিয়ে আমার কোনো আক্ষেপ নেই।"
পাশাপাশি প্রয়াত কোচের প্রশংসা করেছেন ইনজামাম। ৫৮ বছর বয়সী উলমারকে সবচেয়ে দায়িত্বশীল বলে বর্ণনা করে জানিয়েছেন তার কারণেই দলের চরিত্রটাই বদলে গিয়েছিল, "কিভাবে আমরা কাজ করেছি সেটা বড় কথা নয়। কিন্তু বোলারদের কিছু ফিটনেস সমস্যায় ভোগা বাদ দিলে বব তরুণ একটা দলকে পেশাদারে বদলে দিয়েছিল। খেলোয়াড়দের জন্য দিনের যে কোনো সময়ই তার দুয়ার ছিল খোলা। তার কারণেই খেলোয়াড়দের নতুন কোচ জিওফ লসনের সঙ্গে তাল মেলাতে সমস্যা হবে না।"
১৯৯২ সালের বিশ্বকাপ জেতা পাকিস্তান দলের গর্বিত সদস্য ছিলেন ইনজামাম। খেলেছেন ১৯৯৯ সালের ফাইনালেও। কিন্তু গত দুটো বিশ্বকাপে প্রথম রাউন্ডেই বিদায় তাকে খুবই কষ্ট দিয়েছে, সে হতাশা এখনও তাকে পোড়ায়। টেস্ট ক্রিকেটে আবারও ফেরার জন্য মরিয়া প্রত্যয় শুনিয়েছেন তিনি, "আমার ফর্ম এবং ফিটনেস নিয়ে যথেষ্টই আত্মবিশ্বাসী আমি। আর টেস্টে ১০ হাজার রান করা আমার জন্য স্রেফ উচ্চাকাংখাই নয় বরং সত্যিকারের বাস্তবতা যা করা সম্ভব।
কারো নেতৃত্বে খেলাকে সমস্যা বলে মনে করেন না ইনজামাম। তার মতে টেস্ট দলে সুযোগ পেলে যে কারো অধিনায়কত্বেই তিনি খেলতে রাজী। সেই সঙ্গে নতুন অধিনায়ক শোয়েব মালিকের জন্য কিছু উপদেশও দিয়েছেন, "আর সবার মতো আমিও চাই দল জিতুক। কারো নেতৃত্বে খেলতে আমার কোনো সমস্যা নেই। পাকিস্তান ক্রিকেটে সত্যিকারের পরীক্ষা হয় যখন দল খারাপ করতে থাকে। জিততে থাকলে, সবই ঠিক। কিন্তু যখন হারতে থাকে তখন অধিনায়কের উচিত দলের খেলোয়াড়দের একাট্টা করে উজ্জীবিত রাখা। তাদের হয়ে লড়াই করা।"
পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রতিও একটা উপদেশ আছে ইনজামামের। জোর দিয়েই বলেছেন পিসিবির উচিত দলের সিনিয়র খেলোয়াড়দের আরো সম্মাণ দেওয়া, "যদি আমাদের খেলোয়াড়দের সঙ্গে সঠিক ব্যবহার করা হয়, তাহলে তারা দলকে আরো বেশি দিতে পারবে। তাদের উপর অযাচিত চাপ দেওয়া উচিত নয়।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ওআরপি/১৫১৫ঘ.
bdnews24