২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টেন্ডুলকারের আরেকটি কীর্তি, ভারত এগিয়ে ৫৬ রানে

লর্ডসে প্রথম টেস্টে ভাল খেলতে পারেননি বলে কত সমালোচনাই না তার হয়েছিল! এমনকি কপিল দেব পর্যন্ত ভারতকে জয় এনে দেয়ার অক্ষমতার জন্য আসামীর কাঠগড়ায় দাঁড় করিয়েছিলেন শচীন টেন্ডুলকারকে। ট্রেন্টব্রিজে পরের টেস্টেই সেই সব সমালোচনার দারুণ এক জবাব দিলেন 'আধুনিক ব্র্যাডম্যান'। শনিবার মাত্র তৃতীয় ব্যাটসম্যান হিসাবে তিনি টেস্ট ক্রিকেটে ১১ হাজার রানের ঈর্ষণীয় মাইলফলক স্পর্শ করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2007, 05:52 PM

Updated : 26 Aug 2022, 08:21 PM

নটিংহ্যাম, ইংল্যান্ড, ২৮ জুলাই (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--- লর্ডসে প্রথম টেস্টে ভাল খেলতে পারেননি বলে কত সমালোচনাই না তার হয়েছিল! এমনকি কপিল দেব পর্যন্ত ভারতকে জয় এনে দেয়ার অক্ষমতার জন্য আসামীর কাঠগড়ায় দাঁড় করিয়েছিলেন শচীন টেন্ডুলকারকে। ট্রেন্টব্রিজে পরের টেস্টেই সেই সব সমালোচনার দারুণ এক জবাব দিলেন 'আধুনিক ব্র্যাডম্যান'। শনিবার মাত্র তৃতীয় ব্যাটসম্যান হিসাবে তিনি টেস্ট ক্রিকেটে ১১ হাজার রানের ঈর্ষণীয় মাইলফলক স্পর্শ করেছেন। টেন্ডুলকারের কীর্তিধন্য দিনটা ভারতেরও দারুণ কেটেছে। দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই তারা ইংল্যান্ডের প্রথম ইনিংস শেষ করে দিয়েছে ১৯৮ রানে। তার পর ব্যাট করতে নেমে দিনশেষে ৩ উইকেটে ২৫৪ রান করেছে 'টিম ইন্ডিয়া'। টেন্ডুলকার ৫৭ ও সৌরভ গাঙ্গুলী ব্যাট করছেন ৪ রান নিয়ে। ৭ উইকেট হাতে নিয়ে তারা এগিয়ে ৫৬ রানে। ১৬৯ রানে ৭ উইকেট নিয়ে দিন শুরু করেছিল ইংল্যান্ড। ব্যাটিংয়ে ইংল্যান্ডের টেল এন্ডাররা। তারা দলের সংগ্রহ দু'শোর কোটা পার করে নিতে পারবেন কিনা দেখার ছিল এটাই। অল্পের জন্য পারেননি। ১৯৮ রানেই শেষ হয়ে গেছে স্বাগতিকদের প্রথম ইনিংস। ক্রিস ট্রেমলেট ও রায়ান সাইডবটমের ২৯ রানের জুটিটি ভেঙ্গেছেন অনিল কুম্বলে। দারুণ এক গুগলিতে বোল্ড হয়েছেন ট্রেমলেট (২০)। মন্টি পানেসার (১) টেকেননি বেশিক্ষণ। জহির খান তার চতুর্থ উইকেটটি পেয়েছেন পানেসারকে আউট করে। দ্বিতীয় স্লিপে ক্যাচটা নিয়েছেন ভিভিএস লক্ষ্মণ। কুম্বলে তার তৃতীয় উইকেট নিয়েছেন জেমস এন্ডারসনকে (১) বোল্ড করে। সঙ্গে সঙ্গে শেষ হয়েছে ইংল্যান্ডের প্রথম ইনিংস। ব্যাট করতে নেমে ভারতের দুই ওপেনার শুরু থেকেই ছিলেন আস্থার প্রতিমূর্তি। উদ্বোধনী জুটিতে ১৪৭ রানেই তা প্রমাণিত। কোনো উইকেট না হারিয়ে তারা যখন চা-বিরতিতে যাবার প্রস্তুতি নিচ্ছেন ঠিক তখনই ট্রেমলেটের আঘাত। এই পেসারের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরতে হয়েছে জাফরকে (৬২)। চা-বিরতির সময় ৭৭ রানে অপরাজিত ছিলেন দীনেশ কার্তিক। চা-বিরতির পর আর কোনো রান না করেই তিনি পানেসারের বলে ক্যাচ দিয়েছেন অ্যালিস্টার কুককে। অল্প সময়ের ব্যবধানে দুই উইকেট হারিয়ে ভারত তখন কিছুটা আতঙ্কিত। তবে টেন্ডুলকার ও দ্রাবিড়ের দৃঢ়তায় সেই আতঙ্ক দূর হতেও সময় লাগেনি। তৃতীয় উইকেটে ৯৭ রানের জুটি গড়েছেন তারা। শেষ পর্যন্ত জুটিটা ভেঙ্গেছেন পানেসার, দ্রাবিড়কে (৩৭) বেলের ক্যাচ বানিয়ে। তার আগেই অবশ্য টেন্ডুলকারের আরেকটি কীর্তির সাক্ষী হয়েছেন ট্রেন্টব্রিজের দর্শকরা। পানেসারকে দুর্দান্ত এক কাভার ড্রাইভ করে বাউন্ডারি মেরে রাজসিকভাবেই ১১ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন 'লিটল জিনিয়াস'। বিডিনিউজ টুয়েন্টিফোর/এএআর/২৩৫০ঘ.