ঢাকা, ২৪ জুলাই (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- মঙ্গলবার সকাল থেকেই ক্রিকেটপাড়ায় গুঞ্জন ছিল, এদিনই পদত্যাগ করতে যাচ্ছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাধারণ সম্পাদক মাহবুব আনাম। শেষ বিকেলে এই গুঞ্জনটাই সত্যি হয়েছে। বিসিবির কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদকের পদ থেকে ইস্তফা দিয়েছেন মাহবুব। বিসিবি সভাপতি ও কৃষি সচিব এম আব্দুল আজিজ মঙ্গলবার বিকেলে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে মাহবুবের পদত্যাগের ব্যাপারটা নিশ্চিত করেছেন।
পদত্যাগ করার আগে বিকেল তিনটার দিকে ক্রীড়া উপদেষ্টা তপন চৌধুরীর সঙ্গে তার জ্বালানি মন্ত্রণালয়ের কার্যালয়ে দেখা করতে গিয়েছিলেন মাহবুব। সরে দাড়ানোর সিদ্ধান্তটা সেখানেই চূড়ান্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সেখান থেকে বেরিয়ে মাহবুব বিসিবি সভাপতির কৃষি মন্ত্রণালয়ের কার্যালয়ে গিয়ে পদত্যাগপত্র তার হাতে জমা দেন। এম আব্দুল আজিজ তেমনই জানিয়েছেন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম এর সঙ্গে ফোনালাপে,"আমি এখন মন্ত্রণালয়ে আছি। মাহবুব সাহেব একটু আগে এসেই আমার কাছে পদত্যাগপত্র দিলেন।" যদিও মাহবুব আনামের মোবাইলে বারবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।
পদত্যাগের কারণও চিঠিতে উল্লেখ করেছেন মাহবুব। তার সঙ্গে যেহেতু যোগাযোগ করা সম্ভব হয়নি, তাই ওই চিঠির ভাষ্য জানতে হচ্ছে বিসিবি সভাপতি মারফত,"ক্রিকেট বোর্ডে সরকার যে সংস্কার করতে চাচ্ছে, তারই সুবিধার্থে পদত্যাগ করেছেন বলে চিঠিতে উল্লেখ করেছেন মাহবুব সাহেব।" গত মাসে ক্রীড়া উপদেষ্টা বিসিবি ভেঙ্গে দেওয়ার ঘোষণা দেওয়ার পর থেকে সরকারও কর্মকর্তাদের কাছ থেকে স্বেচ্ছায় পদত্যাগের দৃষ্টান্ত আশা করছিল। কিন্তু ২১ জুলাই বিসিবি কার্যনির্বাহী কমিটির আরেকটি সভা করে ফেলার পর তেমন কিছু ঘটবে না বলেই মনে করা হচ্ছিল। তাই জাতীয় ক্রীড়া পরিষদ আইনের ২০(ক) ধারা অনুযায়ী বিসিবি ভেঙ্গে দেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না সরকারের। জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলাম খানকে উদ্ধৃত করে বিভিন্ন সংবাদমাধ্যমে মঙ্গলবার এই খবর আসার পরই হয়তো নাটকীয়ভাবে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন মাহবুব। তার এই পদত্যাগের ঘটনায় মঙ্গলবার সন্ধ্যায় বিসিবি কর্মকর্তারা ঢাকা ক্লাবে জরুরী সভাতেও বসে গেছেন। সেখান থেকেই আরো অনেকেই পদত্যাগের সিদ্ধান্তে পৌছাবেন বলে ধারণা করা হচ্ছে। যদিও বোর্ডের যুগ্ম সম্পাদক রিয়াজউদ্দিন আল মামুন ওই সভার আগেই বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম কে জানিয়েছেন,"আমি আজই পদত্যাগ করতে যাচ্ছি।"
মাহবুবের পদাঙ্ক অনুসরণ করে অন্যরাও যদি আজই পদত্যাগ করে ফেলেন, তাহলে বুধবারই অ্যাডহক কমিটি ঘোষণা করে দেওয়া হবে বলে জানিয়েছেন জাতীয় ক্রীড়া পরিষদ সচিব আমিনুল ইসলাম খান,"আজই যদি অন্যরা পদত্যাগ করে ফেলেন, সেক্ষেত্রে আগামীকালই অ্যাডহক কমিটির সদস্যদের নাম জানিয়ে দেওয়া হবে।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/এসবি/১৮৫০ঘ.
bdnews24