২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইংল্যান্ডের মুখের গ্রাস কেড়ে নিল বৃষ্টি

স্বস্তির হাসি হাসতেই পারেন রাহুল দ্রাবিড়। একদম অল্পের জন্য কেটে গেছে ফাঁড়াটা। সোমবার লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের পঞ্চম দিনে ভারতকে নিশ্চিত হার থেকে বাঁচিয়েছে বৃষ্টি। চা বিরতির খানিক আগে সেই যে শুরু হলো তারপর খেলাই শুরু হতে পারল না। ভারত অধিনায়ক হাসবেন না কেনো!

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2007, 07:03 AM

Updated : 26 Aug 2022, 08:20 PM

লন্ডন, ২৪ জুলাই (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- স্বস্তির হাসি হাসতেই পারেন রাহুল দ্রাবিড়। একদম অল্পের জন্য কেটে গেছে ফাঁড়াটা। সোমবার লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের পঞ্চম দিনে ভারতকে নিশ্চিত হার থেকে বাঁচিয়েছে বৃষ্টি। চা বিরতির খানিক আগে সেই যে শুরু হলো তারপর খেলাই শুরু হতে পারল না। ভারত অধিনায়ক হাসবেন না কেনো! ইংল্যান্ডের দরকার ছিল মাত্র ১টি উইকেট। ৩৮০ রানের লক্ষ্য নিয়ে খেলতে নামা ভারত তখনও ৯৮ রানে পিছিয়ে। স্কোরবোর্ডে রান ৯ উইকেটে ২৮২। মহেন্দ্র সিং ধোনী ৭৬ রান নিয়ে প্রতিরোধ করছেন একপ্রান্তে, অন্যপ্রান্তে শ্রীশান্তের রান ৪। আকাশ মেঘলা হতে শুরু করেছিল, ভারতীয় ড্রেসিংরুমের সবাই তখন আকাশপানে তাকিয়ে। সমস্যাটা বুঝতে পেরেই মন্টি পানেসারের সঙ্গে বল হাতে নেমে পড়েছিলেন স্বয়ং ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভন। কিন্তু বিরতির আর মিনিট পাঁচেক বাকি থাকতে খেলা বন্ধ করতে বাধ্য হলেন আম্পায়াররা। আকাশ তখন ঘোর কালো। রাহুল দ্রাবিড়ের স্বস্তি এখানেই। বলেছেন, "অল্পের জন্য বেচে গেছি, সত্যি বলতে আবহাওয়াই বাচিয়েছে আমাদের।" তবে আশা করেছিলেন আম্পায়াররা আরো আগেই নাক গলাবেন, "ব্যাটিংয়ে থাকা দল হিসেবে আমরা তো চাইবই আম্পায়াররা আরো আগে খেলা বন্ধ করুক, কারণ আর মাত্র একটা উইকেটই ছিল বাকি। তবে ফিল্ডিংয়ে থাকলে পরিস্থিতি যেভাবে সামলেছেন তারা, সেটাই মেনে নিতাম।" বৃষ্টি এসে ইংল্যান্ডের টানা চতুর্থ টেস্ট জয়ে বাগড়া দিয়েছে। কিন্তু ভন এটাকে মানছেন বাস্তবতা হিসেবেই, "ইংলিশ আবহাওয়ার ধরনই এরকম। আমরা ভালোই ব্যাট করেছি, বিশেষ করে কেভিন পিটারসেন। তাতে ভারতের অভিজ্ঞ ব্যাটিং লাইন আপের বিপক্ষে চ্যালেঞ্জিং একটা স্কোর ছুড়ে দিয়েছে আমরা, যা ভালোমতোই রক্ষা করেছে আমাদের বোলাররা। তারা দারুণ বল করেছে। ২০০৫ সালের (অস্ট্রেলিয়াকে হারিয়েছিল ইংল্যান্ড) পর সম্ভবত এটাই আমাদের সেরা বোলিং।" এ ম্যাচে শচীন টেন্ডুলকার আরেকটি ল্যান্ড মার্ক ছুঁয়েছেন। স্টিভ ওয়াহকে (১০, ৯২৭ রান) টপকে টেস্ট ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় তিন নম্বরে উঠে এসেছেন তিনি। প্রথম ইনিংসে ইংল্যান্ডের ২৯৮ রানের জবাবে ২০১ রানে অলআউট হয়ে গিয়েছিল ভারত। এরপর কেভিন পিটারসেনের ১৩৪ রানের দূর্দান্ত ইনিংসটিতে ভর করে ২৮২ রান করে স্বাগতিকরা। ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন পিটারসেন। শুক্রবার টেন্টব্রিজে সিরিজের দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে দল। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ওআরপি/১৩০০ঘ.