ঢাকা, ১৯ জুলাই (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- টেস্ট ম্যাচগুলোকে পঞ্চম দিনে টেনে নিয়ে যাওয়ার লক্ষ্যের কথা ঢাকঢোল পিটিয়ে বলা হয়েছিল বাংলাদেশ দলের পক্ষ থেকে। কিন্তু শ্রীলঙ্কায় তিনটি টেস্টেই ইনিংসের ব্যবধানে হারার পর সেই লক্ষ্যকে এখন ভিত্তিহীন বলাই বোধহয় ভাল! তবে মোহাম্মদ আশরাফুল যখন বলেন ওয়ানডে সিরিজে অন্তত একটা ম্যাচ জেতার লক্ষ্যের কথা, তখন সেটাকে ভিত্তিহীন বলে উড়িয়ে দেওয়ার জো নেই। কারণ গত কয়েক বছরে ওয়ানডেতে বাংলাদেশের পারফরম্যান্স। বিশেষ করে ভারতকে হারিয়ে বিশ্বকাপের সুপার এইটে ওঠা এবং সেখানে দক্ষিণ আফ্রিকা বধ --- এসবের সঙ্গে মাহেলা জয়াবর্ধনের দলকে ২০০৬ সালের ফেব্র"য়ারিতে দেশের মাটিতে হারানোর সুখস্মৃতিও আছে। তাই শুক্রবার পি সারাভানামুত্তু স্টেডিয়ামে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচের আগের দিন বাংলাদেশ অধিনায়কের লক্ষ্যকে টেস্ট সিরিজের মতো বাগাড়ম্বর ভাবলে ভুলই হবে,"গত ১২-১৩ মাসে আমরা প্রচুর ওয়ানডে খেলেছি। এবং তাতে আমাদের সাফল্যের হারও উল্লেখযোগ্য। আমি আত্মবিশ্বাসী এই ওয়ানডে সিরিজে আমরা টেস্টের তুলনায় অনেক উন্নত পারফরম্যান্স দেখাবো। এই সিরিজের অন্তত একটা ম্যাচ আমরা জিততে চাই।"
এই একটা ম্যাচ জেতার অপরিহার্য উপাদান হিসেবে আশরাফুল মনে করছেন সুন্দর সূচনাকে,"আমরা একটা দারুণ শুরু চাই। সেটা ব্যাটিং কিংবা বোলিং যে বিভাগেই হোক না কেন। যদি শুরুটা ভালো হয় তাহলে ম্যাচের বাকি অংশটাতেও ভালোভাবে এগোতে পারবো আমরা। সেই সঙ্গে খেলোয়াড়রাও অনেক বেশি আত্মবিশ্বাসী হয়ে উঠবে।"
যদিও পি সারাতে লক্ষা সিরিজের প্রথম ম্যাচটা ঠিক সময়ে মাঠে গড়াবে কিনা তা নিয়েই এখন সংশয়। কারণ কলম্বোর আকাশ বৃহষ্পতিবার বিকেল থেকেই কাঁদতে শুরু করেছে। এদিন বিকেলে ম্যাচের ভেন্যুতে হালকা অনুশীলন করেছে বাংলাদেশ দল। ফিল্ডিং এবং নকিং করে যখন ক্রিকেটাররা হোটেলে ফেরার প্রস্তুতি নিচ্ছেন, তখনই ঝমঝমিয়ে নামা বৃষ্টি এই প্রতিবেদন লেখা পর্যন্ত ঝরছিল। আবহাওয়ার পূর্বাভাস বলছে, ম্যাচের দিনও বৃষ্টি হতে পারে।
অবশ্য আবহাওয়ার ওপর যখন কোনো হাত নেই, তখন এটা নিয়ে মাথা ঘামানো অর্থহীন। বাংলাদেশ শিবির বরং বুঁদ হয়ে আছে টেস্টের দুঃস্বপ্ন ভুলে ওয়ানডেতে ভালো কিছু করার চিন্তায়। সেই চিন্তায় গোলমাল পাকানোর মতোই দল শ্রীলঙ্কা। কেননা ওই একটা জয় বাদ দিলে ওয়ানডেতেও শ্রীলঙ্কানদের বিপক্ষে কখনোই তেমন একটা সুবিধা করে উঠতে পারেনি বাংলাদেশ। কাজেই ম্যাচ শুরু হওয়ার আগে মাহেলা জয়াবর্ধনেরা মানসিকভাবে এগিয়ে থাকছে কিনা, এই প্রশ্নও শুনতে হলো বাংলাদেশ অধিনায়ককে। তবে আশরাফুল জবাবটা সরাসরি না দিয়ে দিলেন ঘুরিয়ে,"বেশিরভাগ দলের চেয়েই শ্রীলঙ্কা আমাদের ভালো পড়তে পারে বলে মনে হয় আমার।"
যদি রান তাড়া করতে হয়, সেক্ষেত্রে বাংলাদেশের সাধ্যসীমাটা কতোদূর? জবাবে বাংলাদেশ অধিনায়ক জানাচ্ছেন,"যত দূর মনে পড়ে ২৫০ কিংবা তার চেয়ে বেশি রান তুলে একটা ম্যাচেই আমরা হেরেছিলাম। আর সেটা কয়েক মাস আগে ভারতের বিপক্ষে। আড়াইশো রান তাড়া করে জেতার মতো ব্যাটিং সক্ষমতা আমাদের আছে। ব্যাটিং লাইনআপের গভীরতাও বেশ। মাশরাফি যখন নয় নম্ব রে ব্যাট করতে যাবে, তখনই আপনারা সেটা বুঝতে পারবেন।"
মাশরাফির মূল কাজ বোলিং। সেখানে তার ফর্মহীনতা নিয়ে একদমই উদ্বিগ্ন নন বলে জানিয়ে দিয়েছেন আশরাফুল,"প্র্যাকটিস ম্যাচটাতে যে উইকেট পায়নি সেটা ওর দুর্ভাগ্য। ক্যাচ পড়েছে ওর বলে। কয়েকটা উইকেট পাওয়ার খুব কাছাকাছিও চলে গিয়েছিল কয়েকবার। তৃতীয় টেস্টে ওর শেষ স্পেলটা ছিল অসাধারণ। অন্য কোনো দিন হলে দেখতেন দুটো কিংবা তিনটা উইকেট নিয়ে নিত। সুতরাং আমি দুশ্চিন্তা করছি না ওকে নিয়ে। কয়েকটা করে উইকেট নিতে শুরু করলেই দেখবেন সব ঠিক হয়ে গেছে।"
বাংলাদেশকে আবার এলোমেলো করে দেওয়ার জন্য কিন্তু ওয়ানডে সিরিজে শ্রীলঙ্কান দলে আছেন সনাৎ জয়াসুরিয়া। ওয়ানডের সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যান প্রসঙ্গে আশরাফুলের বক্তব্য,"ক্রিকেট কিন্তু এক বলের খেলা। কী ঘটবে, সেটা আমি আপনি জানি না। জয়াসুরিয়া অল্পতেও আউট হয়ে যেতে পারেন, আবার বড় ইনিংসও খেলতে পারেন। আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে, তাকে নিয়ে গেমপ্ল্যানটা ঠিকমতো কাজে লাগানো।"
টাইগারক্রিকেট ডটকম এর সহায়তায়
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/এএআর/১৯৪৬ঘ.
bdnews24