২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিজেদের সামর্থ্য সম্পর্কে স্বচ্ছ ধারণা নিয়ে ফিরলো বাংলাদেশের মেয়েরা

বাংলাদেশের মহিলা ক্রিকেট দল সম্পর্কে কারোরই কোনো ধারণা ছিল না। থাকবে কিভাবে? এর আগে কোনো প্রতিযোগীতায় অংশ নিলে তো থাকবে। সেকারণেই মালয়েশিয়ায় এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) মহিলা ক্রিকেট টুর্নামেন্টে খেলতে নির্দিষ্ট কোনো লক্ষ্য নিয়ে যায়নি তাজকিয়া আক্তারের নেতৃত্বাধীন বাংলাদেশ দলের মেয়েরা। প্রথমবারের মতো কোনো আসরে অংশ নিয়েই শিরোপার স্বাদ নিয়ে ফেরা দলটির অধিনায়ক বৃহষ্পতিবার দুপুর সোয়া বারোটায় জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে পৌছানোর পর বলছিলেন সেকথাই,"চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে কিন্তু আমরা সেখানে যাইনি। গিয়েছিলাম যতোটা সম্ভব ভালো খেলার লক্ষ্য নিয়ে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2007, 10:51 AM

Updated : 26 Aug 2022, 08:18 PM

ঢাকা, ১৯ জুলাই (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- বাংলাদেশের মহিলা ক্রিকেট দল সম্পর্কে কারোরই কোনো ধারণা ছিল না। থাকবে কিভাবে? এর আগে কোনো প্রতিযোগীতায় অংশ নিলে তো থাকবে। সেকারণেই মালয়েশিয়ায় এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) মহিলা ক্রিকেট টুর্নামেন্টে খেলতে নির্দিষ্ট কোনো লক্ষ্য নিয়ে যায়নি তাজকিয়া আক্তারের নেতৃত্বাধীন বাংলাদেশ দলের মেয়েরা। প্রথমবারের মতো কোনো আসরে অংশ নিয়েই শিরোপার স্বাদ নিয়ে ফেরা দলটির অধিনায়ক বৃহষ্পতিবার দুপুর সোয়া বারোটায় জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে পৌছানোর পর বলছিলেন সেকথাই,"চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে কিন্তু আমরা সেখানে যাইনি। গিয়েছিলাম যতোটা সম্ভব ভালো খেলার লক্ষ্য নিয়ে।" কিন্তু তারা একদম শিরোপা নিয়েই ফিরেছে। সুতরাং বিমানবন্দরে তাদের জন্য ফুলেল অভ্যর্থনা অপেক্ষা করে থাকবে সেটাই স্বাভাবিক। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সহ-সভাপতি শাহ নুরুল কবীর শাহীন, যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম বাবু এবং মহিলা উইং এর চেয়ারম্যান ফাহিমা হোসেন জুবিলী প্রমীলা ক্রিকেটারদের ফুল দিয়ে বরণ করে নেন এবং মিষ্টিমুখ করান। এর এক ফাঁকেই তাজকিয়া জানিয়ে দিলেন বাংলাদেশের একেকটা করে ম্যাচ হয়ে যাওয়ার পর থেকেই তাদের সম্পর্কে অন্যদের ধারনা পরিষ্কার হয়ে যাচ্ছিল। শুধু তাই নয়। এমনকি শিরোপা জেতার আগেও মিলছিল সেরা দলের স্বীকৃতি,"আমাদের সম্পর্কে তো কেউই কিছু জানতো না। কিন্তু আমাদের কয়েকটা ম্যাচ হয়ে যাওয়ার পর থেকেই সবাই বলাবলি করছিল,'এরাই টুর্নামেন্টের সেরা দল।' শেষপর্যন্ত আমরা সেটা হয়েছিও।" যথাযথ প্রস্তুতি নিয়ে যাওয়াকেই এই সাফল্যের রহস্য বলে মানলেন অধিনায়ক তাজকিয়া আক্তার। তার ভাষায়,"আমাদের প্রস্তুতি খুব ভালো হয়েছিল। বিশেষ করে বিসিবি আমাদের সবরকম সহযোগীতা করেছে। আশা করছি ভবিষ্যতেও এধরনের সহযোগীতা অব্যাহত থাকবে। তাহলে অদূর ভবিষ্যতে আমরা মহিলা ক্রিকেটের বড়ো বড়ো দলগুলোকেও চ্যালেঞ্জ জানাতে পারবো।" আর এই টুর্নামেন্টে ভালো খেলে বাংলাদেশের মেয়েরা নজর কেড়েছেন এসিসি কর্মকর্তাদেরও। আগামী নভেম্বরে অনুষ্ঠেয় এশিয়া কাপে বাংলাদেশকে অংশ নেওয়ার সুযোগ দেওয়া যায় কিনা তা নিয়েও এসিসির কর্মকর্তাদের আলোচনা করতে শুনে এসেছেন বলে জানালেন বাংলাদেশ মহিলা দলের কোচ জাফরুল এহসান। বিসিবি একটু উদ্যোগ নিলেই এশিয়া কাপে অংশ নেওয়া সম্ভব বলে মনে করেন তিনি। তাই তার অনুরোধ,"আমি যেরকম শুনে এসেছি তাতে বিসিবি একটু উদ্যোগী হলেই এই মেয়েরা এশিয়া কাপেও খেলার সুযোগ পেয়ে যাবে। কারণ এসিসির লোকরা বলাবলি করছিলেন এশিয়া কাপে বাংলাদেশকে খেলানো যায় কিনা।" শিরোপার পাশাপাশি আরেকটা জিনিস নিয়েও দেশে ফিরেছে মেয়েরা। সেটী কী? টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার পাওয়া পান্না ঘোষই দিচ্ছেন এ প্রশ্নের উত্তর,"এই টুর্নামেন্টে খেলে 'আমরাও পারি' এই অনুভূতিটা হয়েছে।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/১৬৫০ঘ.