২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এমন 'শিক্ষা' এই প্রথম হলো হাবিবুল বাশারের!

এর আগেও সিরিজের মাঝপথে দেশে ফিরে আসতে হয়েছে তাকে। গত আগস্টে জিম্বাবুয়ে সফরে ওয়ানডে সিরিজের মাঝপথেই হাতের আঙ্গুলের ইনজুরি দেশে ফেরত পাঠিয়েছিল হাবিবুল বাশারকে। বছর না ঘুরতে এবার তিনি বাংলাদেশের ওয়ানডে দলেই অপাংক্তেয়। শ্রীলঙ্কাতে টেস্ট সিরিজ শেষে তাই মঙ্গলবার বিকেলে খালেদ মাসুদ, রাজিন সালেহ এবং মোহাম্মদ শরীফদের সঙ্গে দেশে ফিরেছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। অসুস্থ ছেলের পাশে থাকতে তাদের সঙ্গে ফিরেছেন মোহাম্মদ রফিকও।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2007, 04:30 PM

Updated : 26 Aug 2022, 08:18 PM

ঢাকা, ১৭ জুলাই (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- এর আগেও সিরিজের মাঝপথে দেশে ফিরে আসতে হয়েছে তাকে। গত আগস্টে জিম্বাবুয়ে সফরে ওয়ানডে সিরিজের মাঝপথেই হাতের আঙ্গুলের ইনজুরি দেশে ফেরত পাঠিয়েছিল হাবিবুল বাশারকে। বছর না ঘুরতে এবার তিনি বাংলাদেশের ওয়ানডে দলেই অপাংক্তেয়। শ্রীলঙ্কাতে টেস্ট সিরিজ শেষে তাই মঙ্গলবার বিকেলে খালেদ মাসুদ, রাজিন সালেহ এবং মোহাম্মদ শরীফদের সঙ্গে দেশে ফিরেছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। অসুস্থ ছেলের পাশে থাকতে তাদের সঙ্গে ফিরেছেন মোহাম্মদ রফিকও। অন্যদের চেয়ে হাবিবুলের ব্যথাটা একেবারেই আলাদা। কারণ নিজের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারে এই প্রথম পারফরম্যান্সের কারণে কোনো সিরিজের মাঝপথে দেশে ফিরে আসতে হলো দেশের সফলতম অধিনায়ককে। গত কয়েক বছরে ওয়ানডেতে বাংলাদেশের সব সাফল্যই রচিত হয়েছে তার অধিনায়কত্বে। মোহাম্মদ আশরাফুলের কাছে নেতৃত্ব হারানোর পর প্রথম সিরিজেই বাংলাদেশের ওয়ানডে দল থেকে ছাঁটাই হয়ে যাওয়ার ঘটনার শিক্ষাটা তার চোখে এরকম,"পারফর্ম না করলে দলে থাকা যায় না। আমার এভাবে ফিরে আসার শিক্ষা এটাই। ক্যারিয়ারে সবসময় পারফর্ম করেই দলে থেকেছি আমি।" শ্রীলঙ্কার বিপক্ষে তিন টেস্টের সিরিজে ভালো কিছু করতে পারলে হয়তো ওয়ানডে স্কোয়াডে তাকে রাখার যুক্তি খুঁজে পেতেন নির্বাচকরা। কিন্তু ব্যাট হাতে টেস্ট সিরিজে বলার মতো কিছুই করতে পারেননি। দেশে ফেরার পরও টেস্ট সিরিজের ব্যর্থতা তাকে ক্রমাগত পীড়া দিয়ে যাচ্ছে,"এই ট্যুরটা আমার জন্য ছিল ভীষণ হতাশার। খুব ভালো শুরু করেছিলাম। কিন্তু বড় ইনিংস পাচ্ছিলাম না। আউট হয়ে যাচ্ছিলাম। আগে আমার যেমন শুরুতে ব্যাটে - বলে ঠিকমতো হতো না। এবার সেটাও হয়নি। শুরু থেকেই ব্যাটে - বলে ঠিকঠাক মতো সব কিছু হচ্ছিল । তারপরও কেন জানি বড় ইনিংসটা আর খেলা হয়ে ওঠেনি।" টেস্ট সিরিজে ওয়ানডে খেলার ছাড়পত্র দিতে পারেনি তার ব্যাট। আর এখানেই অনেকে দেখছেন তার ওয়ানডে ক্যারিয়ারের 'শেষ'। নির্বাচকরা যদিও বলছেন সামনের ঘরোয়া ক্রিকেট মৌসুমে একদিনের ম্যাচে দুর্দান্ত কিছু করে ওয়ানডে দলে ফিরে আসার লড়াইয়ে সামিল হওয়ার সুযোগ এখনো আছে হাবিবুলের। কিন্তু বরাবরই ওয়ানডে ব্যাটিংয়ে নিজেকে সেভাবে মেলে ধরতে না পারার ব্যর্থতায় তার ফেরার ব্যাপারটাতে আস্থা রাখতে পারছেন না অনেকে। কিন্তু হাবিবুল সে সবে আক্রান্ত হচ্ছেন না,"এটুকু বলতে পারি আমি শেষ হয়ে যাইনি। আমার ওয়ানডে ক্যারিয়ারের শেষও দেখছি না। কে কী বলছেন না বলছেন, সে সবে আমি একদমই ভাবিত নই। আমি শুধু জানি, সামনে ঘরোয়া ক্রিকেট আছে। সেখানে ভালো করে ওয়ানডে দলে ফিরতে হবে, নিজেকে শুধু এ কথাটাই বলছি।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/এএআর/২২২৬ঘ.