করাচি, ১৭ জুলাই (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--- বিশ্বকাপের সময়ই ঘোষনা দিয়েছিলেন ওয়ান ডে আর খেলবেন না। পাকিস্তানের সাবেক অধিনায়ক ইনজামাম-উল হকের জন্য খানিকটা আত্মঘাতিই হয়ে গেছে সিদ্ধান্তটা। কারণ এখন টেস্ট দলেও তার জায়গা নেই। কারণ পাকিস্তান ক্রিকেট বোর্ড খেলোয়াড়দের সঙ্গে যে চুক্তিপত্র করতে যাচ্ছে, তাতে নাম নেই ইনজামামের। আভাস যা পাওয়া যাচ্ছে, তাতে আন্তর্জাতিক ক্রিকেটে রীতিমতো অনিশ্চিতই বলতে হবে তার ভবিষ্যত।
ইনজামামের বাদ পড়াটা অবশ্য আগেই অনুমান করা গেছে। এনিয়ে লেখালেখি হয়েছে প্রচুর। নয়া নির্বাচক কমিটি দায়িত্ব নিয়েই জানিয়ে দিয়েছে সময় এসেছে এগিয়ে যাওয়ার। আর তা করতে মিডল অর্ডার ব্যাটিংয়ে তারা রদবদলে আগ্রহী। ইনজামাম টেস্ট ক্রিকেট চালিয়ে যাওয়ার ইচ্ছে জানালেও, পিসিবির তাতে উৎসাহ নেই। চেয়ারম্যান নাসিম আশরাফ জানিয়েছেন নির্বাচকরা ৩৩ জনের যে প্রাথমিক তালিকা করেছিলেন, তাতে নাম ছিল না ইনজামামের। তবে বলেছেন, "এটা সত্যি নয় যে বোর্ড চায় না ইনজামাম খেলুক। তালিকায় নাম না থাকলেও তাকে নির্বাচিত করা যাবে। কিন্তু আমি এটাও বলে দিতে চাই দল নির্বাচনে আমরা ফিটনেসকেই শতভাগ গুরুত্ব দিচ্ছি।"
ইনজামামের বাদ পড়ার পেছনে অফিসিয়াল কারণ ওয়ানডে থেকে তার সরে দাঁড়ানো। পিসিবি চাইছে টেস্ট-ওয়ানডে দুধরণের ক্রিকেটেই দক্ষ খেলোয়াড়দের সঙ্গে চুক্তি করতে। একজন বোর্ড কর্মকর্তা অবশ্য বলেছেন ইনজামামকে রাখা হচ্ছে না কারণ বোর্ড চাইছে তরুণদের সুযোগ দিতে। এই আলোকে বিতর্ক উঠেছে চুক্তিনামায় মিসবাহ-উল হকের অন্তর্ভুক্তিতে। চার বছর আগে সর্বশেষ টেস্ট খেলেছেন, ওয়ানডে খেলেছেন তিন বছর আগে। ৩৩ বছর বয়সী মিসবাহকে তরুণ বলা যাবে না কোনো ভাবেই।
পিসিবির নতুন চুক্তিনামা কার্যকর হবে শিগগিরই। আপাতত মেয়াদ থাকবে আগামী ডিসেম্বর পর্যন্ত। উল্লেখ করা যেতে পারে, বিশ্বকাপের পর থেকেই পাকিস্তানী ক্রিকেটাররা চুক্তিহীন। ক্যারিবিয়ান থেকে দেশে ফেরার পর বিশ্বকাপে বাজে পারফরম্যান্সের কারণে তাদের সঙ্গে চুক্তি বাতিল করে পিসিবি।
(ক্রিকইনফোর সহায়তায়)
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ওআরপি/১৫১৫ঘ.
bdnews24