ঢাকা, ১৪ জুলাই (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- শ্রীলঙ্কা সফরে খেলা প্রথম তিন দিনের ম্যাচটা ড্র করেছিল বাংলাদেশ অনুর্ধ্ব -১৯ দল। কিন্তু কলম্বোর পুলিশ গ্রাউন্ডে হওয়া দ্বিতীয় ম্যাচটাতে এবার তারা হেরেছে শ্রীলঙ্কার অনুর্ধ্ব -১৯ দলের কাছে। ফলোঅনে পড়েও যে ইনিংস হার এড়িয়ে আরেকবার প্রতিপক্ষকে ব্যাটিংয়ে নামানো গেছে, এই ম্যাচে তাদের সাফল্য ধরতে হচ্ছে এটিকেই। জয়ের জন্য ৮৭ রানের লক্ষ্যে পৌছাতে শ্রীলঙ্কানরা হারিয়েছে ৪ উইকেট। অর্থাৎ এই ম্যাচে তাদের জয় ৬ উইকেটের।
প্রথম ইনিংসে শ্রীলঙ্কান যুবারা ৩১৪ রান তোলার পর বাংলাদেশ ৯৭ রানে অলআউট হয়ে ফলোঅনে পড়ে। ক্যান্ডিতে জাতীয় দল দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়াতে না পারলেও মাহমুদুল হাসানের নেতৃত্বাধীন বাংলাদেশ যুব দল তা পেরেছে। আশরাফ আজিজ (৬৩), মাহমুদুল হাসান (৪৭), মিথুন আলী (৩৮), তাপস (৩৬), ইফতেখার নাঈম (৩৫) এবং নাসিরদের (২৮) এইসব ইনিংসের যোগফল তাদের দ্বিতীয় ইনিংসকে ৮৪ দশমিক ৩ ওভারে পৌছে দেয় ৩০৩ রানে। তবে এই ব্যাটিং প্রতিপক্ষকে বড়ো লক্ষ্যমাত্রা দেওয়ার জন্য যথেষ্ট ছিল না।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/১৮৪০ঘ.
bdnews24