ঢাকা, ১৩ জুলাই (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)----সেমিফাইনালে উঠে গেছে বাংলাদেশের মহিলা ক্রিকেট দল। প্রথম ম্যাচে আরব আমিরাতকে ১০ উইকেটে হারানো বাংলাদেশ দ্বিতীয় ম্যাচেও একই ব্যবধানে জিতেছে সিঙ্গাপুরের বিপক্ষে। আর তাই এক ম্যাচ হাতে রেখেই মালয়েশিয়াতে অনুষ্ঠানরত এসিসি মহিলা ক্রিকেট টুর্নামেন্টের সেমিফাইনালের টিকেট নিশ্চিত করে ফেলেছে বাংলাদেশের মেয়েরা।
প্রথম ম্যাচে আরব আমিরাতকে মাত্র ৯ রানে অলাউট করা বাংলাদেশ অবশ্য শুক্রবারের ম্যাচে সিঙ্গাপুরকে অলআউট করতে পারেনি। কিন্তু ওয়ানডে ম্যাচের দৃষ্টিতে চিন্তা করলে বোলারদের কৃতিত্বটা আরও বেশি। পুরো ৩০ ওভার ব্যাট করেছে সিঙ্গাপুর, কিন্তু ৮ উইকেট হারিয়ে তাদের রান মাত্র ২৬। বাংলাদেশের তিথি রানী সরকার ৩ উইকেট নিয়েছেন ১১ রানে, পান্না ঘোষ তার ২ উইকেটের জন্য ব্যয় করেছেন মাত্র ৩ রান।
২৭ রান তুলতে কোনো সমস্যা হওয়ারই কথা না, তবু বাংলাদেশ একটু সাবধানী ছিল। ব্যাট করেছে ৭.৩ ওভার এবং তাতে কোনো উইকেট না হারিয়েই পৌছে গেছে লক্ষ্যে। একইসঙ্গে সেমিফাইনালেও। ২২ বলে ১৭ রান করেছেন সালমা খাতুন, পান্না ঘোষ তার ৬ রানের জন্য খেলেছেন ২৩ বল।
রোববার বাংলাদেশ তাদের শেষ গ্র"প ম্যাচ খেলবে চীনের বিপক্ষে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএম/২০৪০ঘ.
bdnews24