ঢাকা, ১১ জুলাই (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- দফায় দফায় বৃষ্টি ক্যান্ডি টেস্টের প্রথম দিনে মাত্র ২৯ ওভার খেলা হতে দিয়েছে। তবে এই সময়ের মধ্যেই ফুটে উঠেছে বাংলাদেশের আরেকটি ব্যাটিং ব্যর্থতার লক্ষণ। ৭২ রানে ৪ উইকেট হারিয়ে ফেলা তো অন্তত সেই ধারণাই দেয়। তবু অধিনায়ক মোহাম্মদ আশরাফুল একটা ব্যাখ্যা দিচ্ছেন। যে ব্যাখ্যায় বৃষ্টি বিরতিকেই তিনি দায়ী করছেন ব্যাটসম্যানদের মনোসংযোগে ব্যাঘাত ঘটানোর জন্য,"বারবার বৃষ্টির জন্য খেলা বন্ধ থাকার ব্যাপারটা ব্যাটসম্যানদের মনোসংযোগে প্রভাব ফেলেছে।"
এর উদাহরণ যেমন দিয়েছেন, তেমনি উইকেটের ওপরও বৃষ্টির প্রভাব দেখেছেন অধিনায়ক,"আজ (বুধবার) বৃষ্টি পড়ার পর থেকেই উইকেটে বল কিছুটা স্কিড করছিল। এমনিতে উইকেটটা ব্যাটিংয়ের জন্য ভালোই। এখনো তাই আছে। কিন্তু মাহরুফের ওই বলটা লাফিয়ে উঠেই তো সুমন ভাইয়ের (হাবিবুল) উইকেটটা নিয়ে নিল। এই ঘটনাটা ঘটেছে বৃষ্টির কারণে প্রথম বিরতির পরপরই।"
ভালো খেলতে থাকা শাহরিয়ার নাফীস আউট হয়েছেন অবশ্য বাজে শট খেলেই। মুরালিধরনের অফস্টাম্পের বাইরের বল মিড অফের ওপর দিয়ে তুলে মারতে গিয়ে ক্যাচ হন তিনি। তবু অধিনায়ককে পাশেই পাচ্ছেন এই বাঁ হাতি ওপেনার। যেভাবে খেলছিলেন, তাতে আশরাফুলের প্রশংসাও কুড়িয়েছেন,"ব্যাটসম্যান হিসেবে আমি ওর (নাফীস) অনুভূতিটা বুঝি। এভাবে আমি নিজেও আউট হয়েছি। আসলে আমাদের দলের কোনো ব্যাটসম্যানই ওভাবে আউট হতে চায় না। ওর উইকেটটা গুরুত্বপূর্ণ সময়ে পড়েছে। ও উইকেটে থাকলে আমাদের জন্য খুবই ভালো হতো। ব্যাটিংটা ভালো করছি। ভারসাম্যের ব্যাপারটা যেমন ঠিক ছিল তেমনি পায়ের মুভমেন্টও হচ্ছিল দারুণ। এটা শুধুই ভালো শুরুকে বড়ো স্কোরে রূপ দেওয়ার ব্যাপার। তাহলেই দেখবেন সব ঠিক হয়ে যাবে।"
এদিন রাজিন সালেহকেও দ্রুতই হারিয়েছে বাংলাদেশ। তবে নাফীস-রাজিনদের পুষিয়ে দেওয়ার সুযোগ এখনো আছে বলেই মানেন অধিনায়ক,"রাজিনের উইকেটটাও গেছে আমাদের। কিন্তু আমাদের তো দ্বিতীয় ইনিংসও আছে।" দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কায় মোটামুটি মান রক্ষা করে আসছে বাংলাদেশের ব্যাটিং। কিন্তু প্রথম ইনিংসেই যে সেটা হচ্ছে না। ক্যান্ডিতেও তার পুনরাবৃত্তি হওয়ার সম্ভাবনা প্রথমদিনেই। তবে অধিনায়ক এখনই হাল ছেড়ে দিচ্ছেন না,"আমরা এখন দুইজন স্পেশালিস্ট ব্যাটসম্যান ব্যাটিং করছি। এরপরে আছে মুশফিক যে কিনা ঠিক আগের ইনিংসে ৮০ রান করেছে। এখনো ছয়টা উইকেট আছে আমাদের। আমরা কঠিণ লড়াই-ই করবো।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২১৫০ঘ.
bdnews24