২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধ কৌশল বদলাচ্ছে বাংলাদেশ

ক্যান্ডির আসগিরিয়া স্টেডিয়ামের প্র্যাকটিস উইকেটে ব্যাটসম্যানদের যথেষ্ট ভুগিয়েছেন বাংলাদেশ দলের বোলাররা। মাশরাফি বিন মর্তুজার লাফিয়ে ওঠা বলে কব্জিতে সামান্য চোট পেতে হয়েছে তুষার ইমরানকে। মোহাম্মদ আশরাফূলের ডেপুটির নতুন বলের সঙ্গী শাহাদাত হোসেনও কম যাননি। সোমবার নেটে এই দুই পেসারের বল মুশফিকুর রহিমসহ আরো কয়েকজন ব্যাটসম্যানেরও শরীরে ধেয়ে গেছে। বুধবার থেকে আসগিরিয়া স্টেডিয়ামে সিরিজের তৃতীয় টেস্ট হবে যে উইকেটে, তার আচরণ প্র্যাকটিস উইকেটের মতো বলেই নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট। তাই শেষ টেস্টে ভালো কিছু করে প্রথম দুই ম্যাচের দুঃখ ভোলার জন্য যে রণ পরিকল্পনা সাজিয়েছিল বাংলাদেশ শিবির, তাতেও পরিবর্তন আনা হয়েছে খানিকটা। মোহাম্মদ শরীফের জায়গায় শ্রীলঙ্কা সফরে প্রথমবারের মতো খেলার সুযোগ পাচ্ছেন বাঁ হাতি পেসার সৈয়দ রাসেল। আর তুষার ইমরানকে জায়গা দিতে একাদশের বাইরে রাখা হচ্ছে আগের টেস্টেই অভিষিক্ত মেহরাব হোসেন জুনিয়রকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2007, 10:28 AM

Updated : 26 Aug 2022, 08:16 PM

ঢাকা, ১০ জুলাই (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- ক্যান্ডির আসগিরিয়া স্টেডিয়ামের প্র্যাকটিস উইকেটে ব্যাটসম্যানদের যথেষ্ট ভুগিয়েছেন বাংলাদেশ দলের বোলাররা। মাশরাফি বিন মর্তুজার লাফিয়ে ওঠা বলে কব্জিতে সামান্য চোট পেতে হয়েছে তুষার ইমরানকে। মোহাম্মদ আশরাফূলের ডেপুটির নতুন বলের সঙ্গী শাহাদাত হোসেনও কম যাননি। সোমবার নেটে এই দুই পেসারের বল মুশফিকুর রহিমসহ আরো কয়েকজন ব্যাটসম্যানেরও শরীরে ধেয়ে গেছে। বুধবার থেকে আসগিরিয়া স্টেডিয়ামে সিরিজের তৃতীয় টেস্ট হবে যে উইকেটে, তার আচরণ প্র্যাকটিস উইকেটের মতো বলেই নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট। তাই শেষ টেস্টে ভালো কিছু করে প্রথম দুই ম্যাচের দুঃখ ভোলার জন্য যে রণ পরিকল্পনা সাজিয়েছিল বাংলাদেশ শিবির, তাতেও পরিবর্তন আনা হয়েছে খানিকটা। মোহাম্মদ শরীফের জায়গায় শ্রীলঙ্কা সফরে প্রথমবারের মতো খেলার সুযোগ পাচ্ছেন বাঁ হাতি পেসার সৈয়দ রাসেল। আর তুষার ইমরানকে জায়গা দিতে একাদশের বাইরে রাখা হচ্ছে আগের টেস্টেই অভিষিক্ত মেহরাব হোসেন জুনিয়রকে। অবশ্য কলম্বো থেকে ক্যান্ডি যাওয়ার পরও পরিকল্পনাটা এমন ছিল না বাংলাদেশ দলের। ঢাকা থেকে উড়ে যাওয়ার সময়ই তুষারের শেষ টেস্টের একাদশে জায়গা পাওয়া নিশ্চিত ছিল। তাকে জায়গা দিতে বাদ পড়ছেন কে? - এ প্রশ্নের উত্তরও ঠিক করে রেখেছিল টিম ম্যানেজমেন্ট। সবাই মোটামুটি একমত ছিলেন যে এই টেস্টে বাংলাদেশ নামবে দুই পেসার নিয়ে। কলম্বোর পি সারাভানামুত্তু স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টেস্টে তৃতীয় পেসার হিসেবে নেমে যাচ্ছেতাই বোলিং করা মোহাম্মদ শরীফের নামটা কেটে তুষারের নাম লিখে ফেলা হয়েছিল তখন। কিন্তু আসগিরিয়া স্টেডিয়ামের উইকেটে বাড়তি বাউন্স থাকছে জেনে তিনজন পেসার নিয়ে নামার ভাবনাটা আবার ফিরে আসে বাংলাদেশ দলে। তাতে অবশ্য শরীফের জন্য কোনো 'লাইফলাইন' নেই। তার জায়গায় এবার তৃতীয় পেসারের ভূমিকায় দেখা যাচ্ছে সৈয়দ রাসেলকে। তুষারও থাকছেন একাদশে। কিন্তু তাকে জায়গা দিতে কাউকে না কাউকে তো বাদ পড়তেই হবে। সেটা শাহরিয়ার নাফীস নাকি মেহরাব হোসেন জুনিয়র? কেউ কেউ অভিষেকে দুই ইনিংসে ৬ ও ৮ রান করা মেহরাবকে সুযোগ দেওয়ার পক্ষে ছিলেন। আর সেটা জাভেদ ওমরের ওপেনিং পার্টনার হিসেবে। আবার শ্রীলঙ্কা সফরেই এক ইনিংসে রানে ফেরার ইঙ্গিত দেওয়া নাফীসের পক্ষেও মত থাকার সবচেয়ে বড়ো যুক্তি ছিল তার অভিজ্ঞতা। শেষ পর্যন্ত টিম ম্যানেজমেন্ট আস্থা রেখেছে নাফীসের ওপরই। এই প্রতিবেদন লেখার সময় বাংলাদেশ দল আসগিরিয়া স্টেডিয়ামে তাদের শেষ মুহুর্তের প্রস্তুতি সারছিল বলে জানিয়েছেন মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম। ক্যান্ডি টেস্টের জন্য বাংলাদেশ একাদশ : জাভেদ ওমর বেলিম, শাহরিয়ার নাফীস, রাজিন সালেহ, হাবিবুল বাশার, মোহাম্মদ আশরাফুল, তুষার ইমরান, মুশফিকুর রহিম, মোহাম্মদ রফিক, মাশরাফি বিন মর্তুজা, শাহাদাত হোসেন এবং সৈয়দ রাসেল। তথ্য সহায়তা : টাইগার ক্রিকেট ডটকম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/ওআরপি/১৬১৫ঘ.