মুম্বাই, ৭ জুলাই (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---খেলাটাই ধুমধাড়াক্কা ব্যাটিংয়ের। বল যাচাই-বাছাইয়ের সময় নেই। টুয়েন্টি-টুয়েন্টি ম্যাচে সে অর্থে তারকার চেয়ে মারকুটে ব্যাটসম্যানের কদরই বেশি। সব দলের মতো ভারতও সেটা বুঝতে পেরেছে। আগামী সেপ্টেম্বরে টুয়েন্টি-টুয়েন্টি বিশ্বকাপের আসরে তাই মহাতারকাদের দলে রাখছে না তারা। মহাতারকা বলতে শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলী এবং অধিনায়ক রাহুল দ্রাবিড়। শনিবার ৩০ জনের যে প্রাথমিক দল ঘোষণা করেছে ভারত, তাতে নাম নেই এই তিন জনের।
ভারতীয় ক্রিকেট বোর্ড অবশ্য জানিয়েছে এই তারকারা নিজে থেকেই সরে দাঁড়িয়েছেন। বোর্ড সেক্রেটারি নিরঞ্জন শাহ বলেছেন সে কথাই, "তারা নিজে থেকেই না খেলার সিদ্ধান্ত নিয়েছে, তারপর সেটা আমাদের জানিয়েছে।" জুলাইয়ের মাঝামাঝি ৩০ জনের তালিকা ছেঁটে ১৫ জনে চলে আসবে। উঠতি প্রতিভাবান তরুণরা দলে ভারি হলেও তারকা একদম নেই তা নয়। ইংল্যান্ড সফরে টেস্ট দলে উপেক্ষিত বীরেন্দর শেবাগ থাকছেন তার ব্যাটিং সামর্থ্যরে কারণে। আছেন মহেন্দ্র সিং ধোনি ও যুবরাজ সিং। শেবাগের মতোই টেস্ট দলে সুযোগ না পাওয়া হরভজন সিং এবং ইরফান পাঠানকেও রাখা হয়েছে প্রাথমিক দলে।
ভারতের ৩০ জনের প্রাথমিক দল : রবিন উথাপ্পা, বীরেন্দর শেবাগ, যুবরাজ সিং, মহেন্দ্র ধোনি, মোহাম্মদ কাইফ, দীনেশ কার্তিক, রোহিত শর্মা, গৌতম গম্ভীর, ইউসুফ পাঠান, সুরেশ রায়না, মনোজ তিওয়ারি, নীরোজ প্যাটেল, করণ গোয়েল, চেটেশ্বর পুজারা, অভিষেক ঝুনঝুনওয়ালা, রুদ্র প্রতাপ সিং, ইশান্ত শর্মা, জহির খান, ইরফান পাঠান, শ্রীশান্ত, মুনাফ প্যাটেল, অজিত আগারকার, যোগীন্দার শর্মা, পীযূষ চাওলা, হরভজন সিং, রমেশ পাওয়ার, রাজেশ পাওয়ার, নিরঞ্জন বেহারা, অনিরুদ্ধ শ্রীকান্ত, প্রাভিন কুমার।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ওআরপি/এএআর/১৬৪১ঘ.
bdnews24