মুম্বাই, ৩ জুলাই (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ভারতের রেঁনেসা যুগের ক্রিকেটার দিলীপ সারদেশাই আর নেই। সোমবার মুম্বাইয়ের এক হাসপাতালে একাধিক প্রত্যঙ্গ বিকল হয়ে মারা যান তিনি। কিডনি সমস্যায় দীর্ঘ দিন ধরে ভুগছিলেন সারদেশাই, ভর্তি হয়েছিলেন হৃদযন্ত্রের সমস্যা নিয়ে। মারা যাওয়ার সময় তার বয়স হয়েছিল ৬৬ বছর।
১৯৬১ সাল থেকে ১৯৭২ সালের মধ্যে ৩০টি টেস্ট খেলেছেন সারদেশাই। ২০০১ রান করেছেন প্রায় ৪০ গড়ে। ৫টি সেঞ্চুরি এবং ৯টি হাফ সেঞ্চুরি রয়েছে তার। সারদেশাই স্মরণীয় হয়ে আছেন ১৯৭১ সালে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড সফরে দেশের বাইরে ভারতের দুটো সিরিজ জয়ে তার ভূমিকার জন্য। এর আগে ১১৬ টেস্টে উপমহাদেশের বাইরে মাত্র ৩টি টিতে জিতেছিল তারা। দুটো সফরেই সিরিজ জেতে ভারত ১-০ ব্যবধানে। ওয়েস্ট ইন্ডিজ সফরে একটি ডাবল সেঞ্চুরি ও দুটো সেঞ্চুরিসহ ৬৭২ রান করেছিলেন সারদেশাই। একই বছর ওভালে ভগবত চন্দ্রশেখরের দুর্দান্ত বোলিংয়ে নিজেদের মাটিতে ভারতের বিপক্ষে প্রথম সিরিজ হারের স্বাদ পায় ইংল্যান্ড। সে ম্যাচে দুই ইনিংসে ৫৪ ও ৪০ রানের গুরুত্বপূর্ণ দুটো ইনিংস খেলেছিলেন সারদেশাই। এমনিতে ধীরগতির বলে পরিচিত হলেও ১৯৬৪-৬৫ মৌসুমে নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের দ্রুতগতির সেঞ্চুরিগুলোর একটি এসেছিল তার ব্যাট থেকেই।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ওআরপি/১৬০৫ঘ.
bdnews24