২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যে কোনো মূল্যে টেস্ট খেলতে চান ইনজামাম

ওয়ানডে থেকে অবসর নিয়েছেন ঠিকই, কিন্তু টেস্ট ক্রিকেট থেকে তো নেননি। আরো কিছুদিন টেস্ট খেলে সম্মানের সঙ্গে আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ করতে তিনি দৃঢ় প্রতিজ্ঞ। পাকিস্তানের নির্বাচকরা জানিয়ে দিয়েছেন টেস্ট দলে সুযোগ পেতে হলে যোগ্যতা ও ফিটনেসের প্রমাণ দিতে হবে ইনজামামকে। পাকিস্তানের সাবেক অধিনায়ক চ্যালেঞ্জটা নিচ্ছেনও ভাল ভাবেই। টেস্টে নিজেকে যোগ্য প্রমাণ করার জন্য এখন তিনি বেছে নিয়েছেন ইংলিশ কাউন্টি ক্রিকেটকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2007, 03:26 PM

Updated : 26 Aug 2022, 08:12 PM

করাচি, ২৯ জুন (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- ওয়ানডে থেকে অবসর নিয়েছেন ঠিকই, কিন্তু টেস্ট ক্রিকেট থেকে তো নেননি। আরো কিছুদিন টেস্ট খেলে সম্মানের সঙ্গে আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ করতে তিনি দৃঢ় প্রতিজ্ঞ। পাকিস্তানের নির্বাচকরা জানিয়ে দিয়েছেন টেস্ট দলে সুযোগ পেতে হলে যোগ্যতা ও ফিটনেসের প্রমাণ দিতে হবে ইনজামামকে। পাকিস্তানের সাবেক অধিনায়ক চ্যালেঞ্জটা নিচ্ছেনও ভাল ভাবেই। টেস্টে নিজেকে যোগ্য প্রমাণ করার জন্য এখন তিনি বেছে নিয়েছেন ইংলিশ কাউন্টি ক্রিকেটকে। বর্ণাঢ্য ক্যারিয়ারে কখনোই কাউন্টিতে খেলার সুযোগ তার হয়নি। এবার সেই অতৃপ্তি মিটিয়ে নেয়ার পাশাপাশি টেস্ট দলে থাকার যোগ্যতা প্রমাণ করতেও ইনজামাম মরিয়া,"আমি ইংল্যান্ডের কয়েকটি লিগ ক্লাবের কাছ থেকে প্রস্তাব পেয়েছি। কিন্তু আমি চাই কোনো কাউন্টি দলের হয়ে খেলতে। কারণ ফর্ম ও ফিটনেসের প্রমাণ দিয়ে আমি টেস্ট দলে সুযোগ পেতে প্রতিজ্ঞাবদ্ধ। আমি এখন কঠোর অনুশীলন করছি এবং পুরোপুরি ফিট। গত সপ্তাহে একটা ওয়ানডে ম্যাচও খেলেছি। টেস্ট দলে সুযোগ পাওয়ার জন্য সব ধরনের চেষ্টা আমি চালিয়ে যাবই।" পাকিস্তানের টেস্ট দলে যে কোনো জায়গায় খেলতেই রাজি তিনি, "দলের সবার সঙ্গেই আমার সুসম্পর্ক। এবং দলে যদি কোনো জায়গা খালি হয় তাহলে আমি অবশ্যই চাইবো সেই জায়গাতেই খেলতে।" আগামী সেপ্টেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোম সিরিজে ইনজামাম টেস্ট দলে সুযোগ পাবেন কি না, সেই প্রশ্নের উত্তরের জন্য আরো কিছু দিন অপেক্ষা করতে হবে। পাকিস্তান ক্রিকেট বোডর্ অবশ্য এরই মধ্যে চুক্তিবদ্ধ ক্রিকেটারদের তালিকায় তাকে না রেখে জানিয়ে দিয়েছে তার দলে ফেরার কাজটা সহজ হবে না। কিন্তু প্রধান নির্বাচক জানিয়েছেন তার দরজা বন্ধ হয়নি এখনও। আর এখানেই ইনজামামের আশা। ক্রিকইনফো-এর সহায়তায় বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/২১০২ঘ.