ঢাকা, ২৮ জুন (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- ৩০ জুন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বাজেট অনুমোদন সভা। এধরনের সভায় কার্যনির্বাহী কমিটির অনেক সদস্যেরই তেমন একটা ভূমিকা থাকে না। যেহেতু বাজেট অনুমোদন কিংবা বাতিলের ক্ষমতা বোর্ডের অল্প কয়েকজন শীর্ষ কর্তার হাতেই। একারণে অতীতে অনুপস্থিত থাকা অনেকেরই আবার আসন্ন সভায় উপস্থিত থাকতে চাওয়ার আগ্রহ কৌতুহল জাগায়। চট্টগ্রামের সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর সেই কৌতুহল নিবৃত্ত করলেন এভাবে, "এই সভার পরে তো আর বোর্ডই থাকছে না। তাই শেষ সভাটায় না থাকলে কেমন দেখায়!" তার এই বিষাদ মেশানো রসিকতার কারণ, বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের ক্রীড়া উপদেষ্টা তপন চৌধুরীর একটি ঘোষণা। ক'দিন আগেই একটি বেসরকারী টেলিভিশন চ্যানেলকে তিনি বলে দিয়েছেন, আগামী মাসের প্রথম সপ্তাহেই ভেঙ্গে দেওয়া হচ্ছে বিসিবির কার্যনির্বাহী কমিটি। এর জায়গায় একটা অ্যাডহক কমিটি গড়ে দেওয়া হবে। এর সদস্যরাই চালাবেন বাংলাদেশের ক্রিকেট। এমনকি ক্রীড়া উপদেষ্টা একটা 'সর্বদলীয়' অ্যাডহক কমিটি গঠনের ইঙ্গিতও দিয়েছেন। যাতে বর্তমান কার্যনির্বাহী কমিটির কিছূ সদস্য যেমন থাকবেন, তেমনি থাকার কথা আওয়ামী লীগ সরকারের সময় বিসিবির নির্বাচিত পরিচালনা পর্ষদের কয়েকজনেরও। পাশাপাশি বহুদিন আগে বিসিবির শীর্ষ পদ অলংকৃত করা কয়েকজনের দৃশ্যপটে ফেরার সম্ভাবনার কথাও আলোচিত হচ্ছে। অ্যাডহক কমিটিতে কারা থাকতে পারেন, এই নিয়ে ক্রিকেটাঙ্গনের সর্বত্র এখন জোর আলোচনা।
এই আলোচনায় সামিল হয়েছেন বাংলাদেশের প্রথম বিশ্বকাপ অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুলও। গঠিত হতে যাওয়া অ্যাডহক কমিটির সম্ভাব্য 'সর্বদলীয়' রুপটা তার পছন্দ হলেও এটাকে 'নির্দলীয়'ই বলতে চান, "ক্রিকেট বোর্ড তো এমনই হওয়া উচিত। যেমন শুনছি, তাতে নতুন কমিটিকে সর্বদলীয় বলতে চাইছি না। আমি বলবো, বিভিন্ন সময়ে ক্রিকেটের জন্য নিবেদিতপ্রাণ সংগঠকরাই আসছেন। যাদেরকে কোনো দলের পরিচয়ে পরিচিত করা ঠিক হবে না। ক্রিকেটের লোকদের নিয়েই হওয়া উচিত ক্রিকেট বোর্ড।"
বর্তমান তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই বিসিবির কার্যনির্বাহী কমিটি ভেঙ্গে দেওয়ার গুঞ্জন শোনা যাচ্ছিল। এতোদিনে এসে এর সত্যতা মিললো ক্রীড়া উপদেষ্টার ঘোষণায়। তবে এটা নিয়ে যে তৎপরতা চলছিল বেশ কিছুদিন ধরেই, তা বোঝা গেছে অ্যাডহক কমিটির এক সম্ভাব্য সদস্যের কথায়। বিসিবির ডেভলপমেন্ট কমিটির সাবেক সভাপতি খন্দকার জামিলউদ্দিন বলছেন,"বেশ কিছুদিন আগে একটি সূত্র থেকে আমার সঙ্গে যোগাযোগ করে জানতে চাওয়া হয়েছিল, এমন কোনো কমিটি হলে আমি থাকতে চাই কিনা। ভালো লোকদের নিয়ে কমিটি হলে আমার থাকতে কোনো আপত্তি নেই বলেও জানিয়ে দিয়েছিলাম তখন।"
জামিল মুখ খুললেও অ্যাডহক কমিটির অনেক সম্ভাব্য সদস্য এব্যাপারে টু শব্দ পর্যন্ত করতে চাইছেন না। সাধারণ সম্পাদক মাহবুব আনাম এবং কোষাধ্যক্ষ আফজালুর রহমনা সিনহাসহ বর্তমান কার্যনির্বাহী কমিটির আরো দুইজনের নতুন কমিটিতে সদস্যপদ পাওয়ার কথা আলোচিত হচ্ছে। অন্য দুইজনই সাবেক ক্রিকেটার শামীম কবীর এবং এএসএম ফারুক। পরেরজন এব্যাপারে নিজের অন্ধকারে থাকার কথাই জানাচ্ছেন,"সত্যি, আমি কিছূ জানি না। কেউ আমার সঙ্গে যোগাযোগও করেনি। কিংবা আমিও করিনি।"
এটাও এখন ক্রিকেটাঙ্গনের ওপেন সিক্রেট যে, অ্যাডহক কমিটি গঠনের ক্ষেত্রে সূত্রধরের ভূমিকা পালন করছেন স্বাধীন বাংলা ফুটবল দলের ম্যানেজার তানভীর মাজহার তান্না এবং বিসিবির সাবেক সাধারন সম্পাদক ও বর্তমানে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশরাফুল হক। সদস্য সংখ্যা যতোই হোক, অ্যাডহক কমিটিতে চারজন সামরিক কর্মকর্তার অন্তর্ভূক্তিও নিশ্চিত বলে জানিয়েছে বেশ কয়েকটি সূত্র। বিসিবির সাবেক সহ---সভাপতি রাইসউদ্দিন এবং সাবেক সাধারণ সম্পাদক আমিনুল হক মনির পাশাপাশি এনায়েত হোসেন সিরাজ, তানজীব আহসান সাদ, আহমেদ সাজ্জাদুল আলম ববি এবং মোবাশ্বের হোসেনদের বিসিবিতে ফেরার খবরও চাউর হয়ে গেছে সর্বত্র। তবে তার আগে তো বোর্ড ভেঙ্গে দিতে হবে। সেটা জাতীয় ক্রীড়া পরিষদ ভেঙ্গে দিতে পারে ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল অ্যাক্টের ২০ (ক) ধারা অনুযায়ী। তাতে উল্লেখ আছে, জাতীয় ক্রীড়া পরিষদ এর আওতাভূক্ত যে কোনো ফেডারেশনের কার্যনির্বাহী কমিটি ভেঙ্গে দিতে পারে যদি তাদের মনে হয় সংশ্লিষ্ট ফেডারেশন 'ঠিকমতো কাজ করছে না।' যদি তাই হয়, তাহলে ঠিকমতো কাজ না করা বোর্ডেরই মাহবুব আনামদের অ্যাডহক কমিটিতে অন্তর্ভূক্তি মেনে নিতে আপত্তি আছে বিসিবির সাবেক পরিচালক মোবাশ্বের হোসেনের,"এখন যা শোনা যাচ্ছে, এর সবকিছুই তো অনুমাননির্ভর। অনুমানের ওপর ভিত্তি করে কোনো মন্তব্য করা ঠিক হবে না। তবে মাহবুব সাহেবরাও নতুন কমিটিতে থাকলে কাজ করা কঠিনই হবে। বিসিবির বৈধ পরিচালক সত্ত্বা ফিরে ফেতে আমরা আইনি লড়াই লড়ছি। সেখানে মাহবুব সাহেবরা আমাদের প্রতিপক্ষ।''
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২০২০ঘ.
bdnews24