কলম্বো, ২৪ জুন (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--- দুজনেই ভারপ্রাপ্ত। নিয়মিত কোচ নেই, সে জায়গায় দায়িত্ব নিয়েছেন। কিন্তু স্রেফ শুন্যস্থান পূরণ করাতেই থেমে থাকতে চান না কেউই। শ্রীলঙ্কার ট্রেভর পেনি কিংবা বাংলাদেশের শন উইলিয়ামস চাইছেন সিরিজে দলকে সাফল্যের পথ দেখিয়ে নিজেদের সামর্থ্যরে ঘোষণাটাও দিয়ে রাখতে।
সাফল্য ও সামর্থ্যরে পাল্লাটা যথারীতি শ্রীলঙ্কার দিকেই। সুবাদে এগিয়ে আছেন পেনি। এতদিন ছিলেন টম মুডির সহকারী। বিশ্বকাপের পর চুক্তির মেয়াদ ফুরিয়েছে মুডির। শ্রীলঙ্কা তার জায়গায় নিয়েছে ট্রেভর বেলিসকে। কিন্তু সেপ্টেম্বরের আগে দায়িত্ব নেবেন না তিনি। ততদিন দায়িত্ব পেনির। আর তিনি চাইছেন আগের সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে।
প্রায় বছরখানেক বাদে নিজেদের মাঠে টেস্ট সিরিজ। সবকিছু পক্ষে থাকলেও প্রকৃতির বৈরিতা বাদ সাধতে পারে স্বাগতিকদের একচেটিয়া সাফল্যে। পেনি মানছেন সেটা, "গত কিছুদিন ধরে আবহাওয়া ঠিক বন্ধুত্বপূর্ণ আচরণ করছে না আমাদের সঙ্গে, তারপরও সিরিজ খেলতে আমরা মুখিয়ে আছি।" টেস্ট র্যাঙ্কিংয়ের দুর্বলতম সদস্য বাংলাদেশকে নিয়ে তার মনোভাব অধিনায়ক মাহেলা জয়াবর্ধনের মতোই, "লোকে বলতে পারে আমরা বাংলাদেশের সঙ্গে খেলছি, কিন্তু বিশ্বাস করুন দলের প্রতিটি খেলোয়াড়ই এ ধরণের আত্মতুষ্টি থেকে শতহাত দূরে। গত বছর তিনেক ধরে আমাদের সাফল্যের মূলমন্ত্র এটাই। আমরা প্রতিটি ম্যাচকেই সমান গুরুত্ব দিই, নিশ্চিত করি সবাই নিজেদের পুরোটাই উজাড় করছে। আগ্রাসী মনোভাবে বিন্দুমাত্র ছাড় দেবে না কেউ।"
ডেভ হোয়াটমোর মুডির মতোই চুক্তির মেয়াদ শেষ বলেই বাংলাদেশ ছেড়েছেন। উইলিয়ামস ছিলেন বিসিবির ডেভেলপমেন্ট উইংয়ের ম্যানেজার। কাজ করেছেন উঠতিদের নিয়ে। তার আশা টেস্ট ক্রিকেটেও উঠতিদের কাতারে থাকা বাংলাদেশ দারুণ কিছু করে দেখাবে এবার।
এই সিরিজকে দেখছেন বাংলাদেশের জন্য দারুণ সুযোগ হিসেবে। বলেছেন, "আমরা খুশী কারণ তিন টেস্টের সিরিজ খেলতে পারছি। এতে দলের তরুণরা এই পর্যায়ে আরো পরিণত হয়ে ওঠার জন্য যথেষ্ট শেখার সুযোগ পাবে। প্রতিটি খেলোয়াড়ের জন্য এটা শেখার সুযোগ, কারণ তারা সাফল্য পেতে মরিয়া। এ পর্যায়ে হারজিতের মতো কোনো লক্ষ্য বেঁধে দিতে আমি রাজি নই। যত বেশি শক্ত প্রতিপক্ষের সঙ্গে আমরা খেলব, ততই আমরা শিখতে পারব কিভাবে আরো ভালো খেলতে হয়।" সঙ্গে জুড়েছেন ভালো কিছু করার প্রত্যয়ও, " টেস্ট ক্রিকেটে বাংলাদেশ দল খুব ভালো কিছু করেনি সত্য। কিন্তু তারপরও সিরিজ শুরুর আগেই কিছু বলা ঠিক হবে না। বাংলাদেশ উন্নতি করছে এবং সত্যিকারের চমক দেখাতেও এই দল সক্ষম।''
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ওআরপি/এমএম/১৯৪৫ঘ.
bdnews24