লাহোর, ২১ জুন (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--- কে হতে যাচ্ছেন বব উলমারের উত্তরসূরী? জবাবটা পেতে অপেক্ষা করতে হবে আরো কিছুদিন। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ড আনুষ্ঠানিকতার পালা শেষ করেছে তাদের পছন্দের তিন প্রার্থীর সাক্ষাতকার নিয়ে। বৃহস্পতিবার সকালে সাক্ষাতকার দিয়েছেন বাংলাদেশের সাবেক কোচ ডেভ হোয়াটমোর। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে তিন সদস্যের কমিটির সঙ্গে প্রায় দুঘণ্টা সময় কেটেছে তার। বের হয়ে সাংবাদিকদের বলেছেন, "সাক্ষাতকার দারুণ হয়েছে। পাকিস্তান দলের কোচ হওয়াটা চ্যালেঞ্জের কাজ। যদি আমি সুযোগটা পাই তাহলে ভালো ফলাফল এনে দিতে পারব বলে আশা করি। আমার ধারণা আমি চ্যালেঞ্জটা নিতে সক্ষম।"
বিশ্বকাপের সময় ভারতের কোচ হওয়ার জন্য দারুণ আগ্রহী ছিলেন হোয়াটমোর। যদিও বিসিসিআই তাকে প্রার্থী হিসেবে যোগ্য মনে করেনি। ভারতের প্রতি পক্ষপাত থাকার পরও পাকিস্তানের সমান আগ্রহ ছিল তাকে নিয়ে। বিশ্বকাপে বব উলমারের অপমৃত্যুর পর শেষ পর্যন্ত তিনজন অস্ট্রেলিয়ানের চূড়ান্ত তালিকা করেছে পিসিবি। হোয়াটমোরের আগে তারা সাক্ষাতকার নিয়েছে আইসিসির হাই পারফরম্যান্স ম্যানেজার রিচার্ড ডান ও সাবেক টেস্ট ক্রিকেটার জিওফ লসনের।
পিসিবির চেয়ারম্যান নাসিম আশরাফের সঙ্গে দেখা করতে ইসলামাবাদ যাওয়ার কথা হোয়াটমোরের। সেখান থেকে যাবেন এবোটাবাদে, পাকিস্তান জাতীয় দল সেখানে কন্ডিশনিং ক্যাম্প করছে। দায়িত্ব নেওয়ার সম্ভাবনা নিয়ে হোয়াটমোরের ভাষ্য, "আমি এখানে এসেছি কারণ কাজটা নিতে আমি আগ্রহী। আমি একজন পেশাদার কোচ এবং ভালো একটা বোর্ড ও দলের সঙ্গে কাজ করার এটা দারুণ একটা সুযোগ। প্রত্যেক দলের নিজস্ব কিছু অগ্রাধিকার থাকে, আলাদা তাদের চ্যালেঞ্জ। যদি এক এক করে সেগুলো সামাল দেওয়া যায়, তাহলে ভালো কিছু করা সম্ভব।"
দায়িত্ব পেলে উপমহাদেশে এটা হবে হোয়াটমোরের তৃতীয় চাকরি। বাংলাদেশের আগে দু'দফা শ্রীলঙ্কার কোচ ছিলেন তিনি।
(ক্রিকইনফোর সহায়তায়)
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ওআরপি/এমএম/১৭৫০ঘ.
bdnews24