কলম্বো, ২১ জুন(বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--- দ্বিতীয় দিনে মাত্র ২৫ওভার খেলা হওয়ার পর বৃষ্টির থাবায় থেমে যায় ম্যাচ। সে এমনই বৃষ্টি যে এরপর আর খেলাই শুরু হতে পারেনি। কলম্বোর কোল্টস ক্রিকেট গ্রাউন্ডে শ্রীলঙ্কা-এ দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিনটা তাই বাংলাদেশকে শেষ করতে হয়েছে ১০৪ ওভারে ৮ উইকেটে ২৪৫ রান তুলে। দিনের শুরুতে দ্রুত ৩টি উইকেট হারালেও মুশফিকুর রহিম এবং টেল এন্ডার শাহাদত হোসেন অবিচ্ছিন্ন ৪৭ রানের জুটি গড়ে বিপর্যয় সামাল দিয়েছিলেন অনেকটাই। মুৃশফিক ব্যাট করছেন ৩৩ রান নিয়ে, তার সঙ্গী ক্রমশ ব্যাটসম্যান হয়ে ওঠার পথে থাকা শাহাদাত অপরাজিত ২৪ রানে।
৫ উইকেটে ১৮৩ রান নিয়ে দিন শুরু করেছিল বাংলাদেশ। আগের দিনে ৬০ রানে অপরাজিত সাবেক অধিনায়ক হাবিবুল বাশার আর মাত্র ৩ রান যোগ করতে পেরেছেন। আকালাঙ্কা গানেগামার বলে এলবিডব্লু হয়েছেন তিনি। এরপর আবার জোড়া আঘাত। দু'বলের ব্যবধানে আউট হয়েছেন খালেদ মাসুদ ও মোহাম্মদ শরিফ। দুটো উইকেটই চানাকা ওয়েলেগেদারার। দুজনই এলবিডব্লু।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ওআরপি/এমএম/১৭১৫ঘ.
bdnews24