মুম্বাই, ২০ জুন (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--- ২০০২ সালে সৌরভ গাঙ্গুলীর নেতৃত্বে সর্বশেষ ইংল্যান্ড সফরটা দারুণ কেটেছিল ভারতের। তিন টেস্টের সিরিজ ১-১এ ড্র এবং লর্ডসে ন্যাটওয়েস্ট ট্রফির ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ৩২৫ রান তাড়া করে নাটকীয় জয়ের সুখস্মৃতি আজো দোলা দেয় ভারতের ক্রিকেটপ্রেমীদের মনে। সেবার টেন্ডুলকার-দ্রাবিড়-সৌরভের দুর্দান্ত ব্যাটিংয়েই তৈরি হয়েছিল ভারতের সাফল্যের ভিত্তি। এবং দ্রাবিড়ের দৃঢ় বিশ্বাস, এবারের ইংল্যান্ড সফরেও ঠিকই জ্বলে উঠবেন তার দলের অভিজ্ঞ ব্যাটসম্যানরা। মঙ্গলবার রাতে প্রায় তিন মাসের আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরে যাওয়ার আগে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের সবচেয়ে অভিজ্ঞ পেসার জহির খানের ওপরেও তার আস্থার কথা জানিয়েছেন ভারতের অধিনায়ক।
বীরেন্দর শেবাগকে টেস্ট ও ওয়ানডে কোনো দলেই রাখা হয়নি। শেবাগের অনুপস্থিতিতে তাই টেস্টে ওপেন করার দায়িত্ব থাকবে ওয়াসিম জাফর ও দীনেশ কার্তিকের ওপরে। ৭ বছর আগে অভিষেক হলেও ওয়াসিম জাফর মাত্র ১৯টি টেস্ট খেলেছেন। দীনেশ কার্তিকের টেস্ট সংখ্যা ১৩টি। তবে ওপেনিংয়ে অভিজ্ঞতার ঘাটতি থাকলেও দ্রাবিড়ের বিশ্বাস মিডল অর্ডার ব্যাটসম্যানরা তা পুষিয়ে দিতে পারবেন ভাল মতোই,"ব্যাটিং বিভাগে আমাদের ভাল অভিজ্ঞতা রয়েছে। আমি নিশ্চিত, আমাদের ব্যাটসম্যানরা সেখানে জ্বলে উঠবেই। যদি নিজেদের সত্যিকার ক্ষমতা অনুযায়ী খেলতে পারি তাহলে আমার ধারণা সিরিজটা খুবই ভাল কাটবে আমাদের।"
তবে পেস আক্রমণে অভিজ্ঞতার অভাব যথেষ্টই। এবারই প্রথম বারের মতো জাতীয় দলে সুযোগ পেয়েছেন বাংলার রণদেব বোস। ইশান্ত শর্মা মাত্র একটি টেস্ট খেলেছেন, আর শ্রীশান্ত ও আরপি সিংয়ের মিলিত টেস্ট সংখ্যা ১২টি। দ্রাবিড় তাই ৪৭টি টেস্ট খেলার অভিজ্ঞতায় ঋদ্ধ জহির খানের দিকেই তাকিয়ে,"ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেটে খেলার অভিজ্ঞতা থাকায় তাকে (জহিরকে) বড় ভূমিকা নিতে হবে এই সফরে।" বোলিং কোচ ভেঙ্কটেশ প্রসাদের ওপরেও তার অগাধ আস্থা,"তার অভিজ্ঞতার ভান্ডার সমৃদ্ধ এবং তরুণদের নিয়ে তিনি কঠোর পরিশ্রমও করেছেন। তাকেও বড় ভূমিকা পালন করতে হবে।"
এই দীর্ঘ সফরে ভারতের প্রথম ম্যাচ ২৩ জুন আয়ারল্যান্ডের বিপক্ষে। এর পর বেলফাস্টে দক্ষিণ আফ্রিকার সঙ্গে তিনটি ও গ্লাসগোতে পাকিস্তানের বিপক্ষে একটি ওয়ানডে খেলার পর তাদের গন্তব্য ইংল্যান্ড। সেখানে 'টিম ইন্ডিয়া' তিনটি টেস্ট ছাড়াও ৭ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে। এই ওয়ানডে সিরিজের দল অবশ্য ঘোষণা করা হয়নি এখনো।
ক্রিকইনফো-এর সহায়তায়
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/২০১০ঘ.
bdnews24