কলম্বো, ২০জুন (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--- ৭৫ রানের জুটিটা বাংলাদেশকে ফিরিয়ে এনেছিল পথে। তারপর আবারও টালমাটাল। মোহাম্মদ আশরাফুল ও সাকিব আল হাসান পরপর দু'বলে আউট হয়ে গিয়ে নতুন করে বিপাকে ফেলে দিয়েছেন টাইগারদের। কলম্বোয় শ্রীলঙ্কা 'এ' দলের বিপক্ষে তিনদিনের প্রস্তুতি ম্যাচে ৭০ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ১৭০। হাবিবুল বাশার ব্যাট করছেন ৪৯ রান নিয়ে, খালেদ মাসুদের রান ৫।
লাঞ্চের পর দ্রুত দুই উইকেট পড়ে গিয়েছিল বাংলাদেশের। তবে চা-বিরতি পর্যন্ত অবিচ্ছিন্ন থেকে ধাক্কাটা ভালোমতই সামলে নেন হাবিবুল-আশরাফুল। ৩৭ রান করে আশরাফুল উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন রঙ্গনা হেরাথের বলে। পরের বলে ফিরে গেছেন সাকিবও। এর আগে রাজিন সালেহকে এলবিডব্লু করে তিন উইকেটের প্রথমটি পেয়েছিলেন হেরাথ।
টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন আশরাফুল। দাম্মিকা প্রসাদের করা ম্যাচের সপ্তম ওভারের শুরুতেই শাহরিয়ার নাফিসের উইকেট হারায় বাংলাদেশ। ৪টি বাউন্ডারিতে ১৬ রান করে জিহান মোবারককে ক্যাচ দেন এই ওপেনার।
আরেক ওপেনার জাভেদ ওমর ও রাজিন সালেহ লাঞ্চ পর্যন্ত অবিচ্ছিন্ন থাকেন। কিন্তু দ্বিতীয় সেশনের শুরুতেই মাত্র ৩ রানের ব্যবধানে দুজনই আউট হয়ে গেলে বিপাকে পড়ে বাংলাদেশ। জাভেদ ৩৪ রান করে রান আউট হন। ২১ রান করেছেন রাজিন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ওআরপি/এমএম/১৭২০ঘ.
bdnews24