ডারহ্যাম, ইংল্যান্ড, ১৮ জুন (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- ব্যাট হাতে সাফল্য ধরা দিলেও টেস্ট ক্রিকেটে অভিষেকটা পরাজয় দিয়েই শুরু করতে হয়েছিল কেভিন পিটারসেনকে। দুই বছর আগে লর্ডসে চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়ার বিপক্ষে পিটারসেনের ৫৭ ও অপরাজিত ৬৪ রানের দুটো লড়াকু ইনিংসও ২৩৯ রানের হারের লজ্জা থেকে বাঁচাতে পারেনি ইংল্যান্ডকে। তবে অভিষেক টেস্ট বিস্মরণীয় হলেও অভিষেক সিরিজ আজীবন হৃদয়ের মণিকোঠায় ধরে রাখবেন তিনি। ১৮ বছর পর ইংল্যান্ড সেই সিরিজেই যে অ্যাশেজ পুনরুদ্ধার করেছিল! কিন্তু পরের অ্যাশেজে ইংলিশদের সে আনন্দ মাটিতে মিশিয়ে দিতে একটুও দ্বিধা করেনি অস্ট্রেলিয়া। নির্মম, নির্দয়ভাবে প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করে জয়োল্লাসে মেতে উঠেছে রিকি পন্টিংয়ের দল। যে যন্ত্রণা আজো তাড়িয়ে বেড়ায় পিটারসেনকে। সেই যন্ত্রণা থেকেই দু বছর পরের অর্থাৎ ২০০৯ এর অ্যাশেজে প্রতিশোধ নেয়ার অপেক্ষায় এখন থেকেই দিন গুনছেন এই ডান হাতি মিডল অর্ডার ব্যাটসম্যান।
গত মৌসুমে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত অ্যাশেজে পিটারসেনের পারফরম্যান্স ভালই ছিল। কিন্তু অ্যাডিলেডে ১৫৮ রানের এক দুর্দান্ত ইনিংস সহ মোট ৪৯০ রানের আনন্দ মুছে গেছে দলের হতাশাজনক পারফরম্যান্সের কারণে। রোববার বিবিসি'র রেডিও ফাইভ লাইভের 'স্পোর্টসউইক' অনুষ্ঠানের সঙ্গে কথা বলার সময় সে হতাশা তিনি চেপেও রাখতে পারেননি,"গত শীতের সে সব দিনের দুঃখ আজো আমাদের তাড়িয়ে বেড়ায়। হ্যাঁ, অস্ট্রেলিয়ায় আমরা একেবারে বিধ্বস্ত হয়েছিলাম। আর বিশ্বকাপও (যেখানে ইংল্যান্ড সেমিফাইনালে উঠতে পারেনি) আমাদের জন্য ভাল কাটেনি। সেজন্য এখনো যন্ত্রণাবিদ্ধ হচ্ছি আমরা।"
সেই যন্ত্রণাকেই শক্তিতে রূপান্তরিত করে আগামী অ্যাশেজে প্রতিশোধ নিতে চাইছেন পিটারসেন,"ভেতরে ভেতরে আমরা যন্ত্রণা পাচ্ছি এবং ঠিক একই ধরনের যন্ত্রণা ইংল্যান্ডে সফরে আসা দলগুলোর ওপরে চাপিয়ে দিতে চাই। ২০০৯এ অস্ট্রেলীয়দেরও একই ধরনের যন্ত্রণায় আমরা বিদ্ধ করতে চাই।"
এবং আইসিসি ওয়ানডে র্যাংকিংয়ের শীর্ষে ও টেস্টে তিন নম্বরে থাকা পিটারসেনের বিশ্বাস, সে ক্ষমতা তাদের দলের পুরোপুরি আছে,"আমরা এখন যেভাবে খেলছি সেভাবেই খেলে ২০০৯এর অ্যাশেজে অস্ট্রেলিয়াকে বিধ্বস্ত করতে চাই। (গত অ্যাশেজে) ওরা একেবারে আমাদের গলা চেপে ধরেছিল। আমরাও ঠিক সে কাজটাই করতে চাই।"
ক্রিকইনফো --- এর সহায়তায়
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/১৮৪০ঘ.
bdnews24