২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলঙ্কায় রওনা হয়ে গেল বাংলাদেশ দল

শ্রীলঙ্কার বিপক্ষে দলীয় রেকর্ড একেবারেই অনুল্লেখ্য। তবে এই বাংলাদেশ দলেরই কারো কারো আবার আছে একই প্রতিপক্ষের সঙ্গে উল্লেখযোগ্য পারফরম্যান্স। এরকম অল্প যে কজন ব্যতিক্রম, তাদের মধ্যে সবার আগে আসবে নতুন অধিনায়ক মোহাম্মদ আশরাফুলের নামই। ২০০১ সালে কলম্বোতে টেস্ট অভিষেকেই সেঞ্চুরি করে সর্বকনিষ্ঠ টেস্ট সেঞ্চুরিয়ান হিসেবে রেকর্ডের পাতায় নিজের নাম টুকে নিয়েছিলেন। শুধু সেটাই নয়। তার তিনটি টেস্ট সেঞ্চুরির দুটোই শ্রীলঙ্কার সঙ্গে। এবার সেই শ্রীলঙ্কার মাটিতেই নিজের অধিনায়কত্বের ইনিংস শুরু করতে যাচ্ছেন আশরাফুল। এবং শনিবার রাত সাড়ে আটটায় কাতার এয়ারওয়েজের ফ্লাইটে শ্রীলঙ্কার উদ্দেশে রওনা হওয়ার আগে জানিয়ে গেলেন, বিচ্ছিন্ন কিছু ব্যক্তিগত পারফরম্যান্সের ঝলক নয়। বরং দলীয় পারফরম্যান্সের আলো ছড়ানোর লক্ষ্য নিয়েই এবার যাচেছন শ্রীলঙ্কায়। বাংলাদেশ দলকে নিয়ে ছেড়ে যাওয়া ফ্লাইটটি দোহা হয়ে রোববার বাংলাদেশ সময় সকাল ৭ টা ৪০ মিনিটে কলম্বো পৌছাবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2007, 03:22 PM

Updated : 26 Aug 2022, 08:08 PM

ঢাকা, ১৬ জুন (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- শ্রীলঙ্কার বিপক্ষে দলীয় রেকর্ড একেবারেই অনুল্লেখ্য। তবে এই বাংলাদেশ দলেরই কারো কারো আবার আছে একই প্রতিপক্ষের সঙ্গে উল্লেখযোগ্য পারফরম্যান্স। এরকম অল্প যে কজন ব্যতিক্রম, তাদের মধ্যে সবার আগে আসবে নতুন অধিনায়ক মোহাম্মদ আশরাফুলের নামই। ২০০১ সালে কলম্বোতে টেস্ট অভিষেকেই সেঞ্চুরি করে সর্বকনিষ্ঠ টেস্ট সেঞ্চুরিয়ান হিসেবে রেকর্ডের পাতায় নিজের নাম টুকে নিয়েছিলেন। শুধু সেটাই নয়। তার তিনটি টেস্ট সেঞ্চুরির দুটোই শ্রীলঙ্কার সঙ্গে। এবার সেই শ্রীলঙ্কার মাটিতেই নিজের অধিনায়কত্বের ইনিংস শুরু করতে যাচ্ছেন আশরাফুল। এবং শনিবার রাত সাড়ে আটটায় কাতার এয়ারওয়েজের ফ্লাইটে শ্রীলঙ্কার উদ্দেশে রওনা হওয়ার আগে জানিয়ে গেলেন, বিচ্ছিন্ন কিছু ব্যক্তিগত পারফরম্যান্সের ঝলক নয়। বরং দলীয় পারফরম্যান্সের আলো ছড়ানোর লক্ষ্য নিয়েই এবার যাচেছন শ্রীলঙ্কায়। বাংলাদেশ দলকে নিয়ে ছেড়ে যাওয়া ফ্লাইটটি দোহা হয়ে রোববার বাংলাদেশ সময় সকাল ৭ টা ৪০ মিনিটে কলম্বো পৌছাবে। পাঁচ সপ্তাহের এই সফরে বাংলাদেশ তিনটি করে টেস্ট এবং ওয়ানডে খেলবে। টেস্ট সিরিজের প্রথমটা শুরু হবে ২৫ জুন থেকে। তার আগে কলম্বো কোল্টসের বিপক্ষে একটা তিনদিনের প্রস্তুতি ম্যাচও খেলবে মোহাম্মদ আশরাফুলের দল। শনিবার রাতে দেশ ছেড়ে যাওয়ার আগে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ অধিনায়ক বলে গেছেন তার লক্ষ্যের কথা,"শ্রীলঙ্কার সঙ্গে কখনোই ভালো করতে পারিনি আমরা। তবে ওদের সঙ্গে আমাদের কারো কারো ভালো খেলার রেকর্ড আছে। আমার নিজেরও তেমন কিছু স্মৃতি আছে। তবে এবার লক্ষ্য থাকবে, আমরা যেন সেখান থেকে দলগতভাবে ভালো কিছু করে ফিরতে পারি।" প্রসঙ্গত, শ্রীলঙ্কার মাটিতে তাদের সঙ্গে এখন পর্যন্ত পাঁচটি টেস্ট খেলেছে বাংলাদেশ। যারমধ্যে চারটিতেই হেরেছে ইনিংসের ব্যবধানে। সর্বনিম্ন হারের ব্যবধান ২৮৮ রানের। এবার অন্য কিছূ করার লক্ষ্যের কথা গত বেশ কিছুদিন ধরেই বলে আসছিলেন। দেশ ছাড়ার আগে আবারও বলে গেলেন, তিনটি টেস্টকেই পাঁচ দিনে টেনে নিয়ে যাওয়ার লক্ষ্যের কথাও। এই সফরে কারো কারো জন্য ব্যক্তিগত মাইলফলক ছোঁয়ার হাতছানিও থাকবে। যেমন মাত্রই অধিনায়কত্ব হারানো হাবিবুল বাশারের আর মাত্র ১১৬ রান হলেই প্রথম বাংলাদেশী ব্যাটসম্যান হিসেবে টেস্টে তিন হাজার রান হয়ে যাবে। ওই মাইলফলক ছোঁয়ার চেয়েও অবশ্য আশরাফুলের পূর্বসুরী গুরুত্ব দিচ্ছেন অন্য একটা বিষয়ে,"এখন তো আমি আর অধিনায়ক নই। তাই চাপমুক্ত হয়ে খেলার ব্যাপারটা এবার উপভোগ করতে চাই। তিন হাজার রান হলে তো খুবই ভালো লাগবে। তবে দলের সবচেয়ে সিনিয়র ক্রিকেটারদের একজন হিসেবে আমার করণীয় ঠিকঠাকমতো করার দিকেই মনোযোগ থাকবে আমার।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২১০০ঘ.