ঢাকা, ১৫ জুন (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- শ্রীলঙ্কায় বাংলাদেশ কখনোই ভালো করতে পারেনি। আর এই ভালো করতে না পারার পেছনে বরাবরের মতোই ব্যাটসম্যানদের ওপর দোষ চাপানোটা ঠিক মেনে নিতে পারেন না হাবিবুল বাশার। সাবেক এই অধিনায়কের আপত্তিতে অবশ্য যুক্তি আছে,"মানছি শ্রীলঙ্কাতে ব্যাটসম্যানরা কখনো ভালো করেনি। কিন্তু পরিসংখ্যান ঘেঁটে দেখেন, বোলাররাও সেখানে গিয়ে সুবিধা করতে পারেনি। মোদ্দা কথা, শ্রীলঙ্কাতে আমাদের ব্যাটিং আর বোলিং, কোনোটাই কখনো ভালো হয়নি। শেষবার যখন শ্রীলঙ্কার মাটিতে ওদেরকে অলআউট করেছিলাম, সেটাও বোধহয় ওরা সাড়ে চারশো রান তুলে ফেলার পর।"
স্মৃতিশক্তি প্রতারণা করায় হয়তো একটু বাড়িয়েই বলে ফেলেছেন হাবিবুল। ২০০২ সালে কলম্বোতে প্রথম ইনিংসে ৩৭৩ রানে অলআউট হয়েছিল শ্রীলঙ্কানরা। আর ওই টেস্টেই প্রতিপক্ষের মাঠে সবচেয়ে কম ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। তাও আবার সেটা ২৮৮ রানে হারের লজ্জা। এর আগে পরে শ্রীলঙ্কায় খেলা চার টেস্টের সবকটাতেই ইনিংসের ব্যবধানে হেরেছে টাইগাররা। এমনকি সব মিলিয়ে সেখানে খেলা পাঁচ টেস্টে প্রতিপক্ষকে অলআউট করার ঘটনা ওই একবারই। শ্রীলঙ্কান ব্যাটসম্যানরা ছুটিয়েছেন রানের ফুলঝুরি। কাজেই প্রমাণিত হয়ে যাচ্ছে, সনাৎ জয়াসুরিয়ার দেশে বোলাররাও ভালো করেন না। শ্রীলঙ্কায় ব্যর্থতার কাতারে ব্যাটসম্যান --- বোলাররা সহযাত্রী হয়ে যাওয়ার কারণ হাবিবুল ধরছেন এটিকেই,"আসলে ওরা নিজেদের কন্ডিশনটা খুব ভালো ব্যবহার করতে জানে।" এবার শ্রীলঙ্কা সফর দিয়েই নিজের অধিনায়কত্বের ইনিংস শুরু করতে যাওয়া মোহাম্মদ আশরাফুলের বিশ্লেষণ বলছে,"আসলে এশিয়ার দলগুলোর মধ্যে শ্রীলঙ্কাই সবচেয়ে কঠিন প্রতিপক্ষ, ভারত ও পাকিস্তানের চেয়েও ওরা শক্ত প্রতিদ্বন্দ্বী।"
অথচ শ্রীলঙ্কার কন্ডিশন, উইকেটের চরিত্র --- এসব কিছুর সঙ্গে বাংলাদেশের মানিয়েই নেওয়ার কথা। কারণ শ্রীলঙ্কা তো আর ভারতীয় উপমহাদেশের বাইরে নয়। যদিও অন্যান্য জায়গার তুলনায় সেখানে ব্যাটসম্যানদের ধৈর্য্য দেখানোর ব্যাপারটাতে একটা মৌলিক পার্থক্যও আছে। অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা কিংবা নিউজিল্যান্ডের বাউন্সি উইকেটে বল ছেড়ে ধৈর্য্যরে পরীক্ষা দিতে হয়। কিন্তু শ্রীলঙ্কার উইকেটে তো আর সেরকম বাউন্স নেই। তাই সেখানে ধৈর্য্যরে পরীক্ষাটা দিতে হয় খেলে খেলেই। শ্রীলঙ্কায় বাংলাদেশের ব্যাটসম্যানদের ব্যর্থতার কারণ তাহলে এখানেই লুকিয়ে? বোলারদের কথা হাবিবুল বলতে পারবেন না। তবে নিজে ব্যাটসম্যান বলে নিজেদের ব্যর্থতার রহস্যের কূল---কিনারা করতে পারছেন। তবে তাতে অন্য কিছু নয়, বরং উঠে আসছে একটাই নাম --- মুত্তিয়া মুরালিধরন। "অন্য আর কিছুর কথা বলবো না। আসলে আমি বলবো, আমরা ব্যাটসম্যানরা শ্রীলঙ্কাতে ভালো করতে পারিনি মুরালিধরনের জন্যই। পরিসংখ্যানে দেখবেন, ও একাই আমাদের শেষ করে দিয়েছিল।" পূর্বসূরীর কথায় সায় দিচ্ছেন অধিনায়ক আশরাফুলও,"হ্যাঁ, শ্রীলঙ্কাতে যে এর আগে আমরা ভালো করিনি, তার পেছনে অন্যতম কারণ অবশ্যই মুরালি ফ্যাক্টর।" বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে মুরালিকে সবচেয়ে ভালো সামলানো আশরাফুলই যখন একথা বলছেন, তখন সেটাকে উড়িয়েও দেওয়া যায় না। আর তাদের কথার পক্ষে জোরালো অবস্থান নিয়ে আছে পরিসংখ্যানও। শ্রীলঙ্কায় বাংলাদেশের খেলা পাঁচ টেস্টের চারটিতে খেলেছেন মুরালিধরন। এবং ওই চার টেস্টে একাই ৩৪ উইকেট নিয়েছেন এই স্পিন জাদুকর।
তাই বলে ব্যাটসম্যানরা কেউ বিশ্বসেরা অফ স্পিনারের ভীতিতে ভুগেছেন বলে মনে করেন না আশরাফুল,"আমি ভীতি বলবো না। আসলে ওর টার্নগুলো এতো বড় বড় হয় যে অনেকের পক্ষেই সামলানো কঠিন হয়ে যায়।" পরিসংখ্যান বিবেচনায় এটা তাই বাংলাদেশের আরেকটা কঠিন সফরই হতে যাচ্ছে। সেই সঙ্গে মুরালিধরনের টার্ন সামলানো আবারো আগের মতোই কঠিন হয়ে যাবে না তো? শনিবার রাত সাড়ে আটটায় শ্রীলঙ্কার উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে নতুন অধিনায়ক এ ব্যাপারে আশ্বস্তই করে যাচ্ছেন,"মুরালিকে নিয়ে আমাদের বিশেষ কোনো পরিকল্পনা এখনো নেই। ওদের পেস বোলিং ডিপার্টমেন্টও তো ভীতিকর। তাই আলাদা করে কাউকে নিয়ে ভাবার কোনো কারণ দেখছি না। আমি একটা কথা আগেও বলেছি। এখনও বলছি। আমরা এবার শ্রীলঙ্কায় যাচ্ছি বেশ অভিজ্ঞ একটা দল নিয়ে। ব্যাটসম্যানরা কমবেশী সবাই ভালো করছে। তাই মুরালি এবার আগের মতো ফ্যাক্টর হবে না বলেই মনে হয়।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/এএআর/ ২০৩০ ঘ.
bdnews24