২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইংল্যান্ড ---- ওয়েস্ট ইন্ডিজের গুরুত্বহীন শেষ টেস্ট শুক্রবার শুরু

ওল্ড ট্র্যাফোর্ডে অনুষ্ঠিত তৃতীয় টেস্ট জিতে ২ ---- ০ তে এগিয়ে যাওয়ায় সিরিজ এখন ইংল্যান্ডের। আর তাই ডারহামের চেস্টার --- লি --- স্ট্রিটে শুক্রবার থেকে শুরু হতে যাওয়া ইংল্যান্ড---ওয়েস্ট ইন্ডিজ চতুর্থ ও শেষ টেস্টকে ঘিরে গুরুত্ব না থাকার আবহ!

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2007, 12:01 PM

Updated : 26 Aug 2022, 08:08 PM

ডারহাম, ইংল্যান্ড, ১৪ জুন (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- ওল্ড ট্র্যাফোর্ডে অনুষ্ঠিত তৃতীয় টেস্ট জিতে ২ ---- ০ তে এগিয়ে যাওয়ায় সিরিজ এখন ইংল্যান্ডের। আর তাই ডারহামের চেস্টার --- লি --- স্ট্রিটে শুক্রবার থেকে শুরু হতে যাওয়া ইংল্যান্ড---ওয়েস্ট ইন্ডিজ চতুর্থ ও শেষ টেস্টকে ঘিরে গুরুত্ব না থাকার আবহ! সিরিজ বাঁচানোর আশা শেষ। তাই ডারহাম টেস্ট ওয়েস্ট ইন্ডিজের জন্য মর্যাদা পুনরুদ্ধারের উপলক্ষ ছাড়া আর কিছু নয়। কিন্তু সেই লক্ষ্য পূরণের পথে ক্যারিবীয়দের জন্য বড় বাধা ড্যারেন স্যামির ইনজুরি। ওল্ড ট্র্যাফোর্ডে অভিষেক টেস্টের দ্বিতীয় ইনিংসে ৭ উইকেট তুলে নিয়ে আলোড়ন সৃষ্টি করা স্যামির কুঁচকিতে সমস্যা। টেস্ট ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের পক্ষে অভিষেকে দ্বিতীয় সেরা বোলিং পারফরম্যান্সের জন্ম দেয়া এই পেসারের তাই ডারহাম টেস্টে মাঠে নামাটা অনিশ্চিত। কোচ ডেভিড মুর অবশ্য স্যামিকে পাওয়ার আশা ছাড়ছেন না,"সে (স্যামি) আমাদের জন্য দারুণ কাজ করেছে। তাই তাকে না পেলে বড় এক শূন্যতার সৃষ্টি হবে আমাদের দলের জন্য। তবে তার খেলার ব্যাপারে আমি আশাবাদী।" এই আশাবাদের পাশাপাশি স্যামির প্রশংসাও করেছেন তিনি,"প্রথম ইনিংসে মাত্র একটা উইকেট পেলেও খুবই নিয়ন্ত্রিত বল করেছে সে। সে সময় মনে হচ্ছিল প্রত্যেকটা বলেই সে উইকেট পাবে। তার ফিল্ডিংও ছিল দুর্দান্ত। সব সময় সে সতীর্থদের উৎসাহ দিয়ে গেছে।" ওয়েস্ট ইন্ডিজ যখন স্যামিকে নিয়ে দুশ্চিন্তায় তখন ইংলিশ শিবিরে একটা সুখবরের আভাস। কুঁচকির ইনজুরি কাটিয়ে এই টেস্টে খেলতে পারেন পেসার ম্যাথু হগার্ড। গত শুক্রবার ফ্রেন্ডস প্রভিডেন্ট ট্রফির একটি ম্যাচে নর্দাম্পটনের বিপক্ষে কোনো রকম সমস্যা ছাড়াই ১০ ওভার বল করেছেন তিনি। আর সেটাই ডারহামে খেলার ব্যাপারে আশাবাদী করে তুলেছে হগার্ডকে। তবে শেষ পর্যন্ত হগার্ড না খেলতে না পারলে ইংল্যান্ডের প্রথম একাদশে দেখা যাবে জেমস অ্যান্ডারসনকে। কারণ প্রথম তিন টেস্টে মাত্র ৭ উইকেট পাওয়া লিয়াম প্লাঙ্কেটকে ইতিমধ্যেই বাদ দেয়া হয়েছে দল থেকে। ক্রিকইনফো --- এর সহায়তায় বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/১৭৫০ঘ.