লন্ডন, ১৩ জুন (বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম/ রয়টার্স) --- প্রথমে গ্রাহাম ফোর্ড, তার পরে জন এম্বুরি। ভারতের কোচের দায়িত্ব নিতে অনাগ্রহীর সংখ্যা বৃদ্ধি পেল আরো। গত সোমবার ভারতের কোচ হতে অস্বীকৃতি জানিয়ে ফোর্ড বলেছিলেন ইংলিশ কাউন্টি কেন্ট --- এর ডিরেক্টর অফ কোচিং এর দায়িত্ব নিয়েই তিনি খুশি। ইংল্যান্ডের সাবেক অফস্পিনার এম্বুরির কণ্ঠেও প্রায় ফোর্ডের কথারই প্রতিধ্বনি। প্রিয় দল মিডলসেক্সের ডিরেক্টর অফ ক্রিকেটের দায়িত্ব চালিয়ে যাওয়ার জন্যই ভারতের কোচ হতে চাইছেন না তিনি। বিসিসিআই অবশ্য গ্রেগ চ্যাপেলের উত্তরসূরী খোঁজার ব্যাপারে বেশি তাড়াহুড়া করতেও রাজি নয়। বিসিসিআই সেক্রেটারি নিরঞ্জন শাহ জানিয়েছেন, দল ইংল্যান্ড ও আয়ারল্যান্ড সফর থেকে ফেরার পরই এক জন নতুন কোচের হাতে তুলে দেয়া হবে ভারতীয় দলের দায়িত্ব।
গত সপ্তাহেই ভারতের কোচ হওয়ার জন্য সাক্ষাতকার দিয়েছিলেন এম্বুরি। সেই সাক্ষাতকারে দু পক্ষের মধ্যে কি কথাবার্তা হয়েছিল তা অবশ্য তিনি জানাননি। শুধু জানিয়েছেন এই মুহূর্তে তার চিন্তা --- চেতনা জুড়ে শুধুই মিডলসেক্স,"মিডলসেক্সে আমি মাত্রই নতুন একটা চ্যালেঞ্জ হাতে নিয়েছি।
কাজটা সম্পন্ন করার জন্য তাই এখানেই থাকতে চাই। এই ক্লাবের সঙ্গে আমার ৩৬ বছরের সম্পর্কের মেয়াদও বাড়াতে চাই আমি।" আর মিডলসেক্স তাদের ওয়েবসাইটে দেয়া এক বিবৃতিতে জানিয়েছে,"গ্রাহাম ফোর্ড ভারতীয় ক্রিকেট দলের কোচ হতে অস্বীকৃতি জানানোর পর থেকেই এই পদে জন এম্বুরির প্রার্থী হওয়া সংক্রান্ত বিভিন্ন জল্পনা শোনা যাচ্ছিল পত্র --- পত্রিকায়। এই সব জল্পনার জবাব দেয়ার জন্যই জন (এম্বুরি) মিডলসেক্সের প্রধান নির্বাহী ভিনি কড্রিংটনের সঙ্গে দেখা করে বলেছিলেন যে তিনি মিডলসেক্স ছাড়তে চান না। এবং ডিরেক্টর অফ ক্রিকেটের দায়িত্ব চালিয়ে যেতেই তিনি আগ্রহী।"
এম্বুরির এই সিদ্ধান্তে অবশ্য বিসিসিআই তেমন চিন্তিত নয়। এই মুহূর্তে কোচের চিন্তাই বলতে গেলে মাথা থেকে ঝেড়ে ফেলেছে তারা! আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরে ভারতের ম্যানেজারের দায়িত্ব পাওয়া চান্দু বোর্দে এবং বোলিং ও ফিল্ডিং কোচ ভেঙ্কটেশ প্রসাদ ও রবিন সিং --- এর ওপরে তারা পুরো মাত্রায় আস্থা রাখছে। তাই দল দেশে ফেরার পরই কোচ নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। নিরঞ্জন শাহও জানিয়েছেন সে কথা,"আমরা এখন কাউকেই নিয়োগ দিতে চাই না। তিনি ভারতীয় কিংবা বিদেশি যে --- ই হোন না কেন। এমনকি এম্বুরির নামও এখন আর বিবেচনায় আনা হচ্ছে না। আগে দল (আয়ারল্যান্ড ও ইংল্যান্ডে) জোড়া সফর থেকে ফিরে আসুক। শুধুমাত্র তার পরই বিসিসিআই নতুন কোচের ইস্যু নিয়ে আলোচনা করবে। চান্দু বোর্দে, ভেঙ্কটেশ প্রসাদ, রবিন সিং এবং অবশ্যই রাহুল দ্রাবিড় ও তার দলের ওপরে পূর্ণ আস্থা আছে আমাদের।"
ক্রিকইনফো --- এর সহায়তায়
বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম/এএআর/১৬৫৬ ঘ.
bdnews24