কিংস্টন, জ্যামাইকা, ১০ জুন (বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম/রয়টার্স) -- কারণ হিসেবে কম কথাতো ইথারে ভাসেনি। কখনো শোনা গেছে বব উলমারকে হত্যা করা হয়েছে গলায় ফাঁস লাগিয়ে, কখনো বলা হয়েছে মৃত্যুর কারণ বিষপ্রয়োগ, আবার পাকিস্তানের সাবেক কোচের চিরবিদায়কে স্বাভাবিক মৃত্যু বলেও মত প্রকাশ করা হয়েছে। কিন্তু এত কিছুর পরও উলমারের মৃত্যুর রহস্য ভেদ করা যায়নি। তবে এবার বোধ হয় সরে যাবে রহস্যের পর্দা। আগামী মঙ্গলবার সংবাদ সম্মেলন করে বব উলমারের মৃত্যুর আসল কারণ প্রকাশ করবে জ্যামাইকা পুলিশ।
সংবাদ সম্মেলন ডাকা হবে -- এমন একটি খবর ক'দিন আগেই প্রচার পেয়েছে। তখন অবশ্য কবে হতে পারে তা নির্দিষ্ট করে কেউ বলতে পারেননি। শনিবার জ্যামাইকা পুলিশেরই এক সূত্র জানিয়েছে, সংবাদ সম্মেলনটি হবে মঙ্গলবার এবং তাতে ক্রিকেট বিশ্বে সাড়া জাগানো এক মৃত্যুরহস্য সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানাবেন লুসিয়াস টমাস। জ্যামাইকা পুলিশের কমিশনার টমাস উলমারের শরীরে বিষপ্রয়োগ করা হয়েছে কিনা তা নিরূপনের পরীক্ষা এবং ময়না তদন্তের রিপোর্ট নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন বলে জানা গেছে।
বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম/ এসি /২১৩০ ঘ.
bdnews24