ঢাকা, ৯ জুন (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- আলোকচিত্রীদের পরম আকাঙ্খিত ছবি ফ্রেমবন্দী করার মিশন বিলম্বিত হয়েছে আরো। শ্রীলঙ্কা সফরের প্রস্তুতির প্রথম দিনে মিরপুরের 'হোম অব ক্রিকেট' --- এ ছিলেন সদ্য সাবেক হওয়া অধিনায়ক হাবিবুল বাশার। কিন্তু আগেরদিনই আফ্রো --- এশিয়া কাপের টুয়েন্টি টুয়েন্টি ম্যাচ খেলে ফেরা নতুন অধিনায়ক মোহাম্মদ আশরাফুল ছিলেন বিশ্রামে। আবার বৃহষ্পতিবার বিকেলের জিম সেশনে যখন আশরাফুল যোগ দেন, হাবিবুল তখন কুষ্টিয়ার পথে। অসুস্থ মায়ের পাশে থাকতে ছুটি নেওয়ায় শনিবার প্রস্তুতির দ্বিতীয় দিনে আশরাফুল থাকলেও ছিলেন না বাংলাদেশের সফলতম অধিনায়ক। রোববার প্র্যাকটিসে যোগ দেবেন হাবিবুল। সেদিন আলোকচিত্রীরা নিশ্চয়ই এমন একটা ছবি তুলতে পারবেন যার ক্যাপশনটা হতে পারে এরকম,"তোমার হলো শুরু, আমার হলো সারা।"
আশরাফুলের অধিনায়কত্বের ইনিংসটা শুরু হতে যাচ্ছে এমন এক জায়গায়, যেখান থেকে ক্রিকেট বিশ্ব চিনতে শুরু করেছিল তাকে। ২০০১ সালে কলম্বোয় শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট অভিষেকেই একটা রেকর্ড গড়ে ফেলেছিলেন তিনি। এশিয়ান টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচে সেঞ্চুরি করে টেস্ট ইতিহাসের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান হিসেবে টুকে ফেলেছিলেন নিজের নাম। সেই শ্রীলঙ্কাতেই এবার হতে যাচ্ছে তার নেতৃত্বের অভিষেক। অধিনায়ক হওয়ার পর শনিবারই প্রথম আনুষ্ঠানিকভাবে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আশরাফুল জানালেন, ওই স্মৃতি তার নতুন ইনিংসের শুরুকে অন্য মাত্রাই দিচ্ছে,"ওটা ছিল স্পেশাল একটা ইনিংস। ক্রিকেট -- বিশ্ব এখনো আমাকে ওই সেঞ্চুরিটার জন্যই চেনে। সুতরাং সেই শ্রীলঙ্কাতেই অধিনায়কত্বের ক্যারিয়ার শুরুর সুযোগ পাওয়াটাও আমার জন্য আনন্দের।"
এটাও তার ভালো করেই জানা আছে যে শ্রীলঙ্কা সেই জায়গা যেখানে কখনোই ভালো করেনি বাংলাদেশ। ১৭ জুন তিনটি করে টেস্ট এবং ওয়ানডের সিরিজ খেলতে পাঁচ সপ্তাহের সফরে রওনা হওয়ার আগে ভালো করার প্রত্যয় যেমন ঘোষিত হয়েছে তার মুখে, তেমনি নিজ দায়িত্বের উপলদ্ধিটাও এসেছে আশরাফুলের কথায়। সেটা এরকম,"যখন ব্যাট করতে উইকেটে যাবো, তখন অধিনায়কত্ব নয়, শুধুই নিজের ব্যাটিংয়ের প্রতি মনোযোগ থাকবে আমার। কারণ ভালো করেই জানি, আমার ভালো ব্যাট করা মানে দলেরই উপকৃত হওয়া।" এমন নজির তো অনেকই আছে। ২০০৪ সালে বাংলাদেশ কার্ডিফে অস্ট্রেলিয়া -- বধ করেছিল আশরাফুলের প্রথম ওয়ানডে সেঞ্চুরিতেই। ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপেও তার ৮৩ বলে ৮৭ রানের ইনিংসেই দর্প চূর্ণ হয়েছিল দক্ষিণ আফ্রিকার। কিন্তু অধিনায়ক হওয়ার চাপ আবার তার স্বাভাবিক খেলাটা কেড়ে নেবে না তো? এমন একটা প্রশ্ন থেকেই যাচ্ছে। তার নিজের মনে অবশ্য তেমন কোনো প্রশ্ন নেই। নেটে ব্যাট --- বলের অনুশীলন সেরে এসে সেটাই ঘোষণা করলেন বাংলাদেশের নতুন অধিনায়ক,"এটা আমার জন্য আরেকটা সফরে যাওয়া ছাড়া আর কিছুই নয়। আর অধিনায়কত্বের কোনো চাপও অনুভব করছি না। এটা বলতে পারি, নেতৃত্ব আমার স্বাভাবিক খেলায় বাঁধা হয়ে দাঁড়াবে না।"
শ্রীলঙ্কা সফরকে সামনে রেখে মিরপুর ইনডোর লাগোয়া মাঠে নির্বাচকরা দু'ধরনের উইকেট তৈরি করে দিতে বলেছিলেন কিউরেটরকে। একটাতে যেন বাউন্স থাকে আর অন্যটা যেন হয় স্পিন সহায়ক। কিউরেটর যথাসাধ্য চেষ্টায় সাফল্য পেয়েছেন বলেই মনে হলো আশরাফুলের কথায়,"সত্যি বলতে কী, আজ দারুণ একটা নেট সেশন করলাম আমরা। পেসারদের যেমন খেললাম, তেমনি স্পিনও খেলা হলো। এর বাইরে ইনডোরে বোলিং মেশিনেও প্র্যাকটিস করা হলো।"
এমন একটা সময়ে তিনি অধিনায়ক হয়েছেন যখন ওয়ানডেতে বাংলাদেশ মোটামুটি দাঁড়িয়ে যাওয়া একটা দল। কিন্তু টেস্ট ক্রিকেটে? এখনো কোমর সোজা করে দাঁড়ানোর জন্য লড়তে হচ্ছে। এই চ্যালেঞ্জেও জেতার ডাক দিচ্ছেন নতুন অধিনায়ক। তবে টেস্টে উন্নতির জন্য ব্যক্তিগত পারফরম্যান্সের গ্রাফ উর্ধ্বমুখী করাকেই সূচক ধরছেন তিনি,"টেস্টে আমাদের অনেক উন্নতি করতে হবে। যদিও গত ১২/১৩ মাস ধরে ওয়ানডেটা খুব ভালো খেলছি আমরা। টেস্ট পারফরম্যান্সে উন্নতি ঘটাতে হলে ব্যক্তিগত পারফরম্যান্সের দিকেই মনোযোগটা প্রথমে দিতে হবে বলে মনে হয় আমার। অবশ্য এর আগের শ্রীলঙ্কা সফরগুলোতে মোটেও ভালো করতে পারিনি আমরা। তবে এবার আমি অন্তত আত্মবিশ্বাসী যে সেই ধারা পাল্টাবেই।"
নিজের বিশ্বাসের উৎসও জানা যাচ্ছে তার কাছ থেকে,"শারীরিক, মানসিক এবং টেকনিক্যাল --- সব দিক দিয়েই শ্রীলঙ্কা ভীষণ শক্তিশালী। তাদের ব্যাটিং লাইনের গভীরতা যেমন, বৈচিত্র্য বিবেচনায় বোলিংও কম যায় না। কিন্তু আমার বিশ্বাস আমরাও খুব বেশি পিছিয়ে নেই। কঠিন সফর, মানছি। কিন্তু ভালো কিছু করার জন্য ইতিবাচক মানসিকতা নিয়েই আমরা সেখানে যাচ্ছি।" প্রতিপক্ষকে নিয়ে মাথা ঘামাতেও আপত্তি আছে আশরাফুলের। রাখঢাক না করে তা --- ও বললেন,"শ্রীলঙ্কার শক্তিশালী দিক কোনটা, সেদিকে দৃষ্টি দিচ্ছি না আমরা। নিজেদের ব্যক্তিগত পারফরম্যান্সে উন্নতি করা নিয়েই কেবল ভাবছি। আমার মনে হয়, নিজেরা কী করতে পারবো তা নিয়েই ভাবা উচিত আমাদের।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/এসি/২০১৩ ঘ.
bdnews24