কিংস্টন, জ্যামাইকা, ৮ জুন (বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম/ রয়টার্স)-- প্রায় তিন মাস হতে চললো ক্রিকেট বিশ্বকে থমকে দেয়া সেই ন্যক্কারজনক ঘটনার। কিন্তু এখনো বব উলমার মৃত্যু রহস্য নিয়ে অন্ধকারে জ্যামাইকান পুলিশ। শুরু থেকেই তারা এটাকে হত্যা হিসাবে দাবী করলেও ক' দিন আগে স্কটল্যান্ড ইয়ার্ড জানিয়েছে, স্বাভাবিক মৃত্যুই হয়েছে পাকিস্তানের সাবেক কোচের। জ্যামাইকান পুলিশ অবশ্য স্বাভাবিক মৃত্যু তত্ত্ব উড়িয়ে দিয়ে হত্যা রহস্য উদ্ঘাটনে সহায়ক কিছু নতুন তথ্য --- উপাত্ত হাতে পাওয়ার দাবি করেছে। দু পক্ষের মধ্যে এই চাপান --- উতোর চলার মধ্যেই আসরে প্রবেশ করলেন বিশ্বকাপের সময় পাকিস্তান দলের ম্যানেজারের দায়িত্ব পালন করা পারভেজ মীর। এটাকে হত্যাকান্ড হিসাবে দাবি করায় তিনি তীব্র সমালোচনা করেছেন জ্যামাইকান পুলিশের।
১৮ মার্চ কিংস্টনের পেগাসাস হোটেলের ঘরে অচেতন অবস্থায় মেঝেতে পড়ে থাকা উলমারকে তৃতীয় ব্যক্তি হিসাবে দেখেছিলেন মীর। 'ল্যাপটপ' কোচ হিসাবে পরিচিত উলমারকে ঐ রকম অস্বাভাবিক অবস্থায় দেখলেও ব্যাপারটাকে হত্যাকান্ড বলে মনেই হয়নি তার,"এটা যে হত্যা সেই ইঙ্গিত পাওয়া গেল কোথা থেকে? ব্যাপারটা ভীষণ অবাক করেছে আমাকে। আমরা ববকে (উলমারকে) মেঝেতে পড়ে থাকতে দেখেছি বটে তবে সেখানে কোনো ধস্তাধস্তির চিহ্ন ছিল না। হঠাৎই, বলা যায় এক দিনের মধ্যে শ্বাসরোধ, বিষক্রিয়া ইত্যাদি তত্ত্ব নিয়ে কথাবার্তা শুরু হয়ে গেল।"
সমস্ত ব্যাপারটাকে 'শোচনীয়' হিসাবে বর্ণনা করে তদন্তের দায়িত্বে থাকা জ্যামাইকান পুলিশকে এক হাত নিতেও ছাড়েননি তিনি,"আমি জানতে চাই এই সব তত্ত্ব বিশেষ করে হত্যার তত্ত্ব কোত্থেকে উদয় হল? আমি তো মনে করি সমস্ত ব্যাপারটা যেভাবে নিয়ন্ত্রণ করা হয়েছে তা এক কথায় শোচনীয়।"
সব কিছু যে বেশ তড়িঘড়ি করে করা হয়েছে তা স্বীকার করেছেন জ্যামাইকার সিনিয়র পুলিশ কর্মকর্তা রেনাটো অ্যাডামসও,"এটাকে হত্যা হিসাবে ঘোষণা করার সিদ্ধান্ত বেশ দ্রুতই নেয়া হয়েছিল।"
বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম/এএআর/১৭১৭ ঘ.
bdnews24