২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টেস্ট অধিনায়কত্ব হারিয়ে হাবিবুল খানিকটা হতাশ, কিন্তু ...

হাবিবুল বাশার খানিকটা আশ্চর্য হয়েছিলেন। কারণ ভারত যাওয়ার আগে পত্র ---পত্রিকা বা অন্যান্য মাধ্যমে যে সব খবর পেয়েছিলেন তাতে আর সবার মতো তারও মনে হয়েছিল দুই অধিনায়কের দিকেই যাচ্ছে বোর্ড। সেই হিসেবে তার টেস্ট অধিনায়ক থাকারই কথা। আর তাই ভারতে বসে তাকে অধিনায়কত্ব থেকে পুরোপুরি সরিয়ে দেওয়ার খবর পেয়ে তিনি খানিকটা আশ্চর্য হয়েছিলেন। হতাশও। কিন্তু হতাশাটা কাটিয়ে বাংলাদেশের সাবেক অধিনায়ক এখন মন দিতে চান ব্যাটিংয়ে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2007, 03:13 PM

Updated : 26 Aug 2022, 08:05 PM

ঢাকা, ৫ জুন (বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম) --- হাবিবুল বাশার খানিকটা আশ্চর্য হয়েছিলেন। কারণ ভারত যাওয়ার আগে পত্র ---পত্রিকা বা অন্যান্য মাধ্যমে যে সব খবর পেয়েছিলেন তাতে আর সবার মতো তারও মনে হয়েছিল দুই অধিনায়কের দিকেই যাচ্ছে বোর্ড। সেই হিসেবে তার টেস্ট অধিনায়ক থাকারই কথা। আর তাই ভারতে বসে তাকে অধিনায়কত্ব থেকে পুরোপুরি সরিয়ে দেওয়ার খবর পেয়ে তিনি খানিকটা আশ্চর্য হয়েছিলেন। হতাশও। কিন্তু হতাশাটা কাটিয়ে বাংলাদেশের সাবেক অধিনায়ক এখন মন দিতে চান ব্যাটিংয়ে। ভারতীয় স্যাটেলাইট চ্যানেল স্টার আনন্দের বছরের সেরা বাঙ্গালীর মনোনীতদের তালিকায় হাবিবুল বাশারও আছেন। সে উপলক্ষে একটা অনুষ্ঠানে যোগ দিতে সপরিবারে ভারত গিয়েছিলেন তিনি, সেখানে বসেই পেয়েছেন অধিনায়কত্ব হারানোর খবরটা। এমনিতেই খবরটা ছিল হতাশার, তবু বোর্ডের কেউ আনুষ্ঠানিকভাবে সেটা তাকে জানালে হয়তো হতাশাটা একটু কমতো। "আমি আশা করেছিলাম বোর্ড থেকে কেউ আনুষ্ঠানিকভাবে আমাকে জানাবেন। কিন্তু জেনেছি একজন সাংবাদিকের ফোনে। যা -- ই হোক, এসব নিয়ে আর এখন ভাবছি না, ভাবছি শুধু খেলাটা নিয়ে।"মঙ্গলবার সকালে ভারত থেকে ফিরে বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কমকে বলেছেন হাবিবুল বাশার। অধিনায়কত্বের একটা চাপ ছিল এতদিন, এখন থেকে আর সেটা নেই, বিষয়টা কি ভারমুক্ত হয়ে তাকে স্বাভাবিক খেলা খেলতে সহায়তা করবে না? "তিন বছরেরও বেশি সময় তো চাপ নিয়েই খেললাম। এটা আমার কাছে কোনো সমস্যা ছিল না। হ্যাঁ, সেভাবে চিন্তা করলে এখন চাপটা অনেক কম। আমি চাইবো আমার খেলাটা উপভোগ করতে।" অধিনায়কত্ব হারালেও টেস্ট দলে থেকে গেছেন, সেখানে ভালো করলে থাকতে পারেন ওয়ানডে দলেও, সেটা নিশ্চয়ই একটা স্বস্তির বিষয়? হাবিবুল বিষয়টা ব্যাখ্যা করছেন এভাবে,"সত্যি বললে অধিনায়কত্ব কখনোই আমার কাছে মূল বিষয় ছিল না। বোর্ড আমাকে একটা দায়িত্ব দিয়েছিল, আমি চেষ্টা করেছি সেই দায়িত্বটা যথাসাধ্য পালন করতে। এখন খেলোয়াড় হিসাবেও চেষ্টা করবো নিজের সামর্থ্যটা পুরোপুরি মেলে ধরার। নিজের ওপর আমার এখনও পুরো বিশ্বাস আছে।" কিন্তু টেস্ট দলের অধিনায়কত্ব থেকে সরিয়ে দেয়ার পর কি তার মধ্যে একটা টেনশন তৈরি হয়নি! দল থেকে বাদ পড়ে যাওয়ার? "না। সত্যি বললে আমি এটা নিয়ে আর খুব ভাবিনি। ওখানে অনুষ্ঠানটা খুব ভালো হয়েছে। অনেক সম্মান দিয়েছে ওরা আমাকে। আমি সময়টা উপভোগ করেছি।" ফাঁকে অবশ্য কথা হয়েছে নতুন অধিনায়ক আশরাফুলের সঙ্গে। তাকে শুভেচ্ছা জানিয়েছেন ভারত থেকেই,"আমি খবরটা শোনার পর থেকেই ওকে ফোন করতে চাচ্ছিলাম। লাইন না পেয়ে শেষে তাকে একটা এসএমএস করি। ও তখন ফোন করে। তাকে অভিনন্দন জানিয়েছি। আমার জায়গা থেকে তাকে যথাসম্ভব সাহায্য করবো আমি, চাইবো ও যেন সফল হয়।" অধিনায়ক থেকে তিনি এখন শুধুই ব্যাটসম্যান হাবিবুল বাশার। অধিনায়কত্ব হারালেও কাজ থেমে নেই। শ্রীলঙ্কা সফরটা বরং তার জন্য আরও বড় চ্যালেঞ্জ। এখন ব্যাটসম্যান হিসেবে নিজেকে টিকিয়ে রাখার লড়াই। সেই লড়াইয়ে নেমে যেতে হচ্ছে বৃহস্পতিবার থেকেই। সেদিন থেকেই শুরু হচ্ছে শ্রীলঙ্কাগামী বাংলাদেশ দলের প্র্যাকটিস। বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম/ এমএম/এসি/২১১০ঘ.