ঢাকা, ৫ জুন (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)----জুন মাসের মধ্যেই বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচের নাম জানা যাবে। তারপর পর্যায়ক্রমে নিয়োগ করা হবে ব্যাটিং এবং বোলিং কোচ। মঙ্গলবার হোটেল ইমপেরিয়ালে ইস্পাহানি মির্জাপুর চা জাতীয় ক্রিকেট লিগের পুরস্কার বিতরনী অনুষ্ঠানে এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাধারণ সম্পাদক মাহবুব আনাম। আর সিনিয়র সহ ---সভাপতি এবং ক্রিকেট বোর্ডের টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান শাহ নুরুল কবীর শাহিনের কাছ থেকে জানা গেছে জাতীয় লিগ আকর্ষনীয় করে তুলতে খেলোয়াড়দের ম্যাচ ফি এবং ভাতা বাড়ানোর চিন্তা করছেন তারা।
জাতীয় লিগ যেমনই হোক তার পুরস্কার বিতরনীটা প্রতি বছরই বেশ ঘটা করে হয়। এবারও সেটা হলো। ২০০৬ --- ২০০৭ মৌসুমে জাতীয় লিগের দুটো বিভাগেই চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা, দুই বিভাগেই রানার্স আপ রাজশাহী। আনুষ্ঠানিকভাবে তাদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়েছে, সঙ্গে পুরস্কৃত হয়েছেন বিভিন্ন বিভাগের সেরা পারফর্মাররাও। দুই বিভাগেই সেরা অলরাউন্ডারের পুরস্কার পেয়েছেন সিলেটের অলক কাপালি। একদিনের ম্যাচে ২৯৫ রান এবং ৭ উইকেটের জন্য সেরা অলরাউন্ডার তিনি। ৭৪৪ রানের সঙ্গে ২৪ উইকেট ৪ দিনের ম্যাচে সেরা অলরাউন্ডারের পুরস্কার এনে দিয়েছে তাকে।
চার দিনের ম্যাচে ৫৩ উইকেট পেয়ে সেরা বোলার হয়েছেন চট্টগ্রামের সাব্বির খান। সেখানে সেরা ব্যাটসম্যানের পুরস্কার গাজী সালাউদ্দিনের, তিনি করেছেন ৭৯১ রান। এক দিনের ম্যাচের সেরা ব্যাটসম্যান চট্টগ্রামের ধীমান ঘোষ, তার রান ৩২৪। এক দিনের ম্যাচে সর্বোচ্চ ৮ উইকেট নিয়েছেন একই দলের আরিফ। চার দিনের ম্যাচে ৪৯৯ এবং এক দিনের ম্যাচে ২৬৭ করার স্বীকৃতি হিসাবে সেরা উদীয়মান ক্রিকেটারের পুরস্কার পেয়েছেন বরিশালের রাকিবুল হাসান।
জাতীয় লিগের পুরস্কার বিতরনীটাকে ক্রিকেটাঙ্গনের একটা মিলন মেলা বানানোর উদ্যোগ চলে সাধারণত। মঙ্গলবার দুপুরে হোটেল ইম্পেরিয়ালও সেরকমই একটা মিলনমেলা হয়েছিল। ছিলেন সাংবাদিকরাও এবং তাদের কাছে এসবের চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় হলো বাংলাদেশের কোচ কে হচ্ছেন। সাধারণ সম্পাদক মাহবুব আনাম এই কৌতূহল মেটাতে গিয়েই জানালেন,"আশা করি জুনের মধ্যেই আমরা জাতীয় দলের প্রধান কোচের নাম জানাতে পারবো। আমরা শ্রীলঙ্কার দিকে তাকিয়ে আছি। তারা তাদের কোচের নাম ঘোষণা করলে আমাদের জন্য কাজটা অনেক সহজ হয়।"
সাধারণ সম্পাদক আগেই কারণটা ব্যখ্যা করেছেন। শ্রীলঙ্কা দলের কোচ হওয়ার লড়াইয়ে আছেন এমন কয়েকজন বাংলাদেশেরও পছন্দের তালিকায়। শ্রীলঙ্কার সুযোগ ছেড়ে স্বাভাবিক কারণেই তারা বাংলাদেশে আসতে চান না। শ্রীলঙ্কা একজনকে কোচ করে ফেললে যারা সুযোগ পাবেন না তাদের তখন বাংলাদেশ ছাড়া খুব বেশি বিকল্প থাকবে না। সেজন্যই শ্রীলঙ্কার সিদ্ধান্তের অপেক্ষা। এবার পুরো দায়িত্ব একজনকে না দিয়ে প্রধান কোচ হিসাবে রাখা হবে একজনকে। তার সঙ্গে থাকবেন একজন ব্যাটিং কোচ এবং একজন বোলিং কোচ। ফিল্ডিং কোচ হিসাবে সালাউদ্দিন তো আছেনই!
বিদায়ী কোচ ডেভ হোয়াটমোর যাওয়ার সময় বারবার বলে গিয়েছেন, টেস্ট ক্রিকেটে বাংলাদেশকে ভালো করতে হলে বাংলাদেশের প্রথম শ্রেনীর ক্রিকেট প্রতিযোগিতার মান বাড়াতে হবে। সেরকম একটা উদ্যোগ নেয়াও হচ্ছে সম্ভবত। অন্তত টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান শাহ নুরুল কবীর শাহীন সেরকম পরিকল্পনার কথাই জানালেন। খেলোয়াড়দের পারিশ্রমিক এবং ম্যাচ ফি বাড়ানোর উদ্যোগের পাশাপাশি জাতীয় দলের খেলোয়াড়দের জন্য প্রতিযোগিতায় অংশগ্রহন নিশ্চিত করতে কিছু কঠোর পদক্ষেপও নেয়া হচ্ছে। "জাতীয় দলের ক্রিকেটারদের টুর্নামেন্টটাতে খেলতেই হবে। কোনো অজুহাত মেনে নেয়া হবে না। এমনকি অসুস্থতার জন্য কাউকে সরে দাঁড়াতে হলে সেক্ষেত্রেও মেডিক্যাল সার্টিফিকেট দেখাতে হবে"---এভাবেই জাতীয় ক্রিকেটারদের সতর্কবানী শুনিয়েছেন শাহ নুরুল কবীর শাহিন।
অনুষ্ঠানে উপস্থিত ক্রিকেট বোর্ড সভাপতি আব্দুল আজিজ জাতীয় ক্রিকেট লিগের মান বাড়ানোর ওপর গুরুত্ব দিলেন এভাবে,"দেশের ক্রিকেটকে এগিয়ে নিতে হলে এই টুর্নামেন্টের মান বাড়াতে হবে। কারণ, এখান থেকেই আমাদের টেস্ট পর্যায়ের খেলোয়াড়রা তৈরি হয়। এখানে খেলেই তাদের প্রস্তুত হতে হয়।" অনুষ্ঠানে স্পনসর ইস্পাহানি গ্র"পের চেয়ারম্যান বেরুজ ইস্পাহানি উপস্থিত ছিলেন। ছিলেন ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী মাহমুদুর রহমানও।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএম/এসি/ ১৯৫৩ ঘ.
bdnews24