২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের কোচ হওয়া হলো না হোয়াটমোরের

সময়ের আগে আগ্রহ দেখিয়েও ভারতের কোচ হওয়া হলো না ডেভ হোয়াটমোরের। সোমবার কোচ নির্বাচনের জন্য ব্যাঙ্গালোরে এক সভায় বসেছিল ভারতের সাবেক ক্রিকেটারদের নিয়ে গড়া বিশেষ প্যানেল। সভায় সম্ভাব্য কোচের তালিকা থেকে বাদ পড়ে গেছেন বাংলাদেশের সাবেক কোচ হোয়াটমোর। এখন শুধু বিবেচনায় আছেন দক্ষিণ আফ্রিকার সাবেক কোচ গ্রাহাম ফোর্ড এবং আরেকজন অ - ভারতীয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2007, 10:56 AM

Updated : 26 Aug 2022, 08:05 PM

ব্যাঙ্গালোর, ৫ জুন (বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম/রয়টার্স) -- সময়ের আগে আগ্রহ দেখিয়েও ভারতের কোচ হওয়া হলো না ডেভ হোয়াটমোরের। সোমবার কোচ নির্বাচনের জন্য ব্যাঙ্গালোরে এক সভায় বসেছিল ভারতের সাবেক ক্রিকেটারদের নিয়ে গড়া বিশেষ প্যানেল। সভায় সম্ভাব্য কোচের তালিকা থেকে বাদ পড়ে গেছেন বাংলাদেশের সাবেক কোচ হোয়াটমোর। এখন শুধু বিবেচনায় আছেন দক্ষিণ আফ্রিকার সাবেক কোচ গ্রাহাম ফোর্ড এবং আরেকজন অ - ভারতীয়। কোনো বিদেশী দায়িত্ব পাক এটা ভারতের দুই সাবেক অধিনায়ক সুনীল গাভাস্কার আর কপিল দেব চান না ----- এমন একটা খবর বেশ প্রচার পেয়েছে। হোয়াটমোরের নাম খারিজ হয়ে যাওয়ার পরও এমন খবর প্রচারিত হয়েছে। কিন্তু সুনীল গাভাস্কার পুরো বিষয়টিকে অনুমাননির্ভর প্রচারনা বলে উড়িয়ে দিয়ে প্রশ্ন রেখেছেন," বিদেশী কোচের ব্যাপারে আপত্তি থাকলে ২০০৫ সালে গ্রেগ চ্যাপেল কিভাবে ভারতের কোচ হয়েছিলেন?" ২০০৭ বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকে ভারত বিদায় নেয়ার পরই দায়িত্ব থেকে সরে দাঁড়ান চ্যাপেল। সেই থেকে যে ক'জন সম্ভাব্য কোচ হিসেবে আলোচনায় এসেছেন তার মধ্যে ডেভ হোয়াটমোরই ছিলেন সবচেয়ে এগিয়ে। অবশ্য হোয়াটমোর বাংলাদেশের বিশ্বকাপ অভিযান শেষ হওয়ার আগেই ভারতের কোচ হওয়ার আগ্রহ প্রকাশ করে সবার আগে তাকে নিয়ে আলোচনার সূচনা করেছিলেন এটাও ঠিক। তো ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) কোচ নির্বাচনের কাজ শুরু করার পর আবেদনপত্রও পাঠিয়েছিলেন হোয়াটমোর। কিন্তু সোমবার ব্যাঙ্গালোরের সভাশেষে বিসিসিআই কর্মকর্তা এন শ্রীনিবাসন জানিয়েছেন হোয়াটমোর এখন আর তাদের বিবেচনায় নেই, আছেন শুধু ফোর্ড আর আরেকজন, " সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী আমরা এখন গ্রাহাম ফোর্ডকে আলোচনার জন্য আমন্ত্রন জানাবো। নতুন একজনকেও আমন্ত্রন জানাবো, তবে তাকে পাওয়া যাবেই এ ব্যাপারটি নিশ্চিত নয় বলে আমি এখন তার নাম প্রকাশ করতে পারছি না।" ভারতীয় মিডিয়ার অনুমান দ্বিতীয় নামটি অর্জুনা রানাতুঙ্গা। শ্রীলঙ্কাকে ১৯৯৬ --- এর বিশ্বকাপ জেতানো এই সাবেক অধিনায়কের কোচিংয়ে তেমন কোনো অভিজ্ঞতা না থাকা সত্বেও কেন তাকে বিবেচনায় নেয়া হলো সেটা এখনো জানা যায়নি। রানাতুঙ্গার তুলনায় তো বটেই, অভিজ্ঞতা ও অর্জনে বিশ্বের প্রথম সারির অনেক কোচের চেয়েই হয়তো এগিয়ে থাকবেন গ্রাহাম ফোর্ড। দক্ষিণ আফ্রিকা দলের সঙ্গে খুব সফল দুটো বছর কাটানো এই কোচ এখন ইংলিশ কাউন্টি কেন্ট --- এর ক্রিকেট পরিচালক। গ্রাহাম ফোর্ড, অর্জুনা রানাতুঙ্গা নাকি অন্য কেউ --- কে হচ্ছেন ভারতের নতুন কোচ? প্রশ্নটার উত্তর হয়তো জানা যাবে শনিবার। সেদিনই বিবেচনাধীন দুজনের সঙ্গে আলোচনায় বসবে কোচ নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত সাত সদস্যের বিশেষ প্যানেল। বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম/এসি/১৬২৫ ঘ.