ঢাকা, ৩ জুন (বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম) --- তার সম্পর্কে নাঈমুর রহমান প্রায়ই একটা কথা বলতেন। বাংলাদেশের প্রথম টেস্ট অধিনায়ক বলতেন,"আশরাফুল মানুষটা ছোট হলেও ওর মাথাটা একজন বড়ো মানুষের মতো।" বয়সের তুলনায় ক্রিকেট মেধায় যাকে এগিয়ে রাখতেন তিনি. সেই মোহাম্মদ আশরাফুলই এখন বাংলাদেশ দলের অধিনায়ক। তার কাঁধে বাংলাদেশ দলের হাল তুলে দেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), সেটাকে সাধুবাদই জানাচ্ছেন সাবেক অধিনায়করা। কেন? এর ব্যাখ্যা দিতে গিয়ে তাদের কথায় আশরাফুলের পরিণত ক্রিকেট মানসিকতার কথাই এসেছে বেশি। সেই সঙ্গে থাকছে স্মৃতিচারণও, যা আশরাফুলের ক্রিকেট মেধার সাক্ষ্যও দিচ্ছে। তাদের জবানীতেই শুনে নেয়া যাক সেগুলো
আমিনুল ইসলাম : মাত্র সাড়ে ১৬ বছর বয়সে যে টেস্ট ক্রিকেটের কঠিন ময়দানে নেমেই সেঞ্চুরি করতে পারে, তার প্রতিভা নিয়ে কারোরই সংশয় থাকার কথা নয়। অভিষেকে শ্রীলঙ্কার বিপক্ষে আশরাফুলের সেঞ্চুরিটা আমার মতো আরো অনেক ক্রিকেটারেরই দেখা আছে। তবে ওই ইনিংসটা সম্পর্কে আমি বোধহয় অন্য যে কারো চেয়ে একটু বেশিই বলতে পারবো। কারণ ওর সঙ্গে চার ঘন্টা উইকেটে ছিলাম। তখন মাঝে মাঝে এমন মনে হয়েছিল যে আমি ওকে নয়, বরং আশরাফুলই আমাকে নিয়ন্ত্রণ করছে। টেস্টের তৃতীয় দিনের সকাল থেকেই ওর সঙ্গে ব্যাট করছিলাম। আর একটা বল খেললেই লাঞ্চ বিরতি। আশরাফুল এসে আমাকে বললো,"বুলবুল ভাই, সোজা খেইলেন কিন্তু। নইলে আউট হইয়া যাইবেন।" ওর কথা না শোনার খেসারত দিলাম সঙ্গে সঙ্গেই। সুইপ খেলতে গিয়ে আমি বোল্ড হয়ে গেলাম। অতোটুকু বয়সে আমার মতো পোড়খাওয়া ক্রিকেটারকে জ্ঞান যে দিতে পেরেছে, সে অবশ্যই প্রতিভাবান। সময়ই বলবে অধিনায়ক হিসেবে আশরাফুল কেমন করবে। তবে আমি আশা করবো, এই সিদ্ধান্তে বাংলাদেশের ক্রিকেট লাভবানই হবে। ওর মেধা আছে, সাহস আছে, আছে ক্রিকেট নিয়ে চিন্তার গভীরতা। সবমিলিয়ে বয়স কম হলেও আমার মনে হয় ওর নেতৃত্বে বাংলাদেশ ক্রিকেট অনেকদূরই যাবে। ডেপুটি হিসেবে মাশরাফিকে পাচ্ছে। এটাও একটা ভালো সিদ্ধান্ত। কারণ দুজনেই পারফরমার।
খালেদ মাহমুদ : বহুদিন আগের কথা। খবর পেলাম ওয়াহিদ ভাইয়ের (ওয়াহিদুল গণি) ক্যাম্পে একটা বাচ্চা ছেলে আছে। ব্যাটিংয়ে অনেক মারে এবং লেগস্পিনটাও ভালো করে। খুঁজে নিয়ে আসলাম আমার প্রথম ক্লাব অমরজ্যোতিতে। ওই বাচ্চা ছেলেটাই আজকের মোহাম্মদ আশরাফুল। তখন ওর বয়স ১৩ বছরও পুরো হয়নি। ওকে খেলানোর কথা বলায় ক্লাব কর্মকর্তারা তো আমার ওপর মহা ক্ষ্যাপা,"কী বলছিস এসব। ম্যাটে খেলা হবে। এতোটুকু ছেলে খেলে ব্যথা পেলে এরপর মামলা --- টামলা হয়ে যাবে।" আমি অনেক কষ্টে তাদের বোঝালাম। তখন ৪০ ওভারের খেলা হতো। বললাম, ৮ ওভার বল করবে। আর পেছনের দিকে ব্যাটিং করবে। ধানমন্ডি ৮ নাম্বার মাঠে আশরাফুল প্রথম ম্যাচ খেললো অমরজ্যোতির হয়ে। ৮ ওভার বল করে চল্লিশের মতো রান দিয়েছিল। এর মধ্যে চার --- পাঁচটা ছক্কাও খেয়েছিল। কিন্তু পাঁচটা উইকেটও পেয়েছিল। আর শেষেরদিকে ব্যাট করে বোধহয় ১৭ না ১৮ রানে অপরাজিত ছিল। বলতে পারেন ক্রিকেটার আশরাফুলের শৈশব থেকেই আমি ওকে দেখছি। চাপ নেওয়ার ভীষণ ক্ষমতাও আমি ওর মধ্যে দেখেছি। অনেকে বলছেন অধিনায়কত্ব দিয়ে আবার ওকে চাপে ফেলা হলো না তো! আমি বলবো উল্টোটাই হওয়ার সম্ভাবনা বেশি। প্রিমিয়ার ক্রিকেটে বড়ো দলের অধিনায়কত্ব করেছে ও। জাতীয় লিগে ঢাকা বিভাগীয় দলেরও অধিনায়কত্ব করেছে। আমাদের ঘরোয়া ক্রিকেটের মান নিয়ে প্রশ্ন থাকলেও নেই তার প্রতিদ্বন্দ্বিতার মান নিয়ে। সেখানে কিন্তু অধিনায়ক আশরাফুল পারফর্মও করেছে। আমি বলবো, বাংলাদেশ দলকে নেতৃত্ব দেওয়ার প্রস্তুতি নেওয়াই আছে তার। তাছাড়া বয়সের তুলনায় ক্রিকেট নিয়ে ওর চিন্তায় পরিপক্কতা আছে বলেই মনে হয় আমার। তাই আশা করে থাকছি, ওর নেতৃত্বে বাংলাদেশ ক্রিকেটের নতুন নতুন সাফল্যই দেখতে থাকবো।
রকিবুল হাসান : সবার আগে আমি টেস্ট আর ওয়ানডের জন্য একজনকে অধিনায়ক বেছে নেওয়ার সিদ্ধান্তটার প্রশংসা করবো। দুই অধিনায়ক তত্ত্ব অস্ট্রেলিয়াকে মানায়। অন্য দেশগুলো অস্ট্রেলিয়ার চেয়ে অনেক পিছিয়ে। তাদের জন্য দুই অধিনায়ক রাখা বিলাসিতা। বাংলাদেশের জন্য তো বটেই। আর আশরাফুল একশোর বেশি ওয়ানডে যেমন খেলেছে, তেমনি টেস্টও কম খেলেনি। তাই ওকে অনভিজ্ঞ বলার কোনো উপায়ই নেই। আশা করবো, নেতৃত্ব ওকে আরো বেশি দায়িত্ববান করে তুলবে। তাছাড়া 'ক্যাপ্টেন্সি ম্যাটেরিয়াল' যে আশরাফুলের মাঝে আছে, সেটার প্রমাণও আমরা দেখেছি। চট্টগ্রাম টেস্টে হাবিবুল বাশারের অনুপস্থিতিতে যখন তাকে দুই ঘন্টার জন্য দল চালাতে হয়েছিল। ওই সময়টাতে তাকে বেশ কয়েকটা ইতিবাচক সিদ্ধান্ত নিতে দেখেছি। তাছাড়া ওর আক্রমণাত
bdnews24