ঢাকা, ২ জুন (বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম) -- টেস্ট আর ওয়ানডের জন্য আলাদা আলাদা অধিনায়ক, নাকি একজনই? খোদ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মকর্তাদের ভেতরই এই নিয়ে দ্বিধাবিভক্তি কৌতুহলের মাত্রা বাড়িয়ে দিয়েছিল আরো। শনিবার রাত আটটায় গুলশানের হোটেল ওয়াশিংটনের লবীতে অপেক্ষমান সংবাদকর্মীদের অপেক্ষার অবসান ঘটাতে কার্যনির্বাহী কমিটির সভা থেকে বিরতি নিয়ে নেমে এলেন বিসিবির যুগ্ম সম্পাদক রিয়াজউদ্দিন আল মামুন। সংবাদ সম্মেলন শুরুর আগেই কাউকে কাউকে তিনি চুপিসারে জানিয়ে দিলেন,"বাংলাদেশের ক্রিকেট নতুন যুগে প্রবেশ করতে যাচ্ছে।" তাতেই বোঝা হয়ে যায় টেস্ট আর ওয়ানডের জন্য একজনকেই অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছে। হাবিবুল বাশার ওয়ানডের নেতৃত্ব ছেড়ে দেওয়ায় জানাই ছিল তার জায়গায় বসছেন মোহাম্মদ আশরাফুল। কিন্তু টেস্টে হাবিবুলকেই রাখার ব্যাপারে মত থাকলেও বোর্ড সভায় যুক্তিতর্কে হেরে গেছে সেটা। তাই দু'ধরনের ক্রিকেটেই আশরাফুলকে অধিনায়ক ঘোষণা করে নতুন যুগে ঢুকতে যাচ্ছে বাংলাদেশ।
সেখানে বাংলাদেশের চতুর্দশ অধিনায়কের সহযাত্রী মাশরাফি বিন মর্তুজা, সহ --- অধিনায়ক। আগামী সেপ্টেম্বরে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠেয় টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত তাদেরকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। যার অথর্, নেতৃত্বে বাংলাদেশের সবচেয়ে সফল হাবিবুল --- অধ্যায়ের সমাপ্তি। আর এই খবরটা তাকে শুনতে হচ্ছে দেশের বাইরে বসে। ভারতের স্টার আনন্দ চ্যানেলের হয়ে একটি অনুষ্ঠানে অংশ নিতে হাবিবুল এখন কলকাতায়।
যদিও বোর্ডের কার্যনির্বাহী কমিটির সভায় তাকে টেস্ট অধিনায়ক হিসেবে রেখে দেওয়ার পক্ষেও যুক্তি তুলে ধরেছিলেন কেউ কেউ। কিন্তু শেষ পর্যন্ত এর পরিণতি সম্পর্কে জানাচ্ছেন রিয়াজউদ্দিন আল মামুন,"আমাদের মধ্যে অধিনায়ক ইস্যুতে দুটো পক্ষ ছিল ঠিকই। কিন্তু আমি বলবো, প্রাণবন্ত আলোচনাই হয়েছে। আমরা যার যার যুক্তিগুলো তুলে ধরেছি। তবে এক অধিনায়ক রাখার ব্যাপারেই যুক্তি জোরালো ছিল সবচেয়ে বেশি।" বোর্ডের মিডিয়া কমিটির চেয়ারম্যানের কথায় অবশ্য সেই জোরালো যুক্তি তেমন একটা স্পষ্ট নয়,"ভেতরে অনেক কথাই হয়েছে। তবে বাংলাদেশ ক্রিকেট দলের শক্তি এবং অবস্থান বিবেচনা করে আমরা এই মুহুর্তে দুই অধিনায়ক রাখার পক্ষে যাওয়াকে সমুচিত বলে মনে করিনি।" মামুনের পরের কথায় অবশ্য জোরালো যুক্তিটা চলে আসছেই,"আমরা একজন পারফর্মারকেই অধিনায়ক হিসেবে দাঁড় করাতে চাই। তাছাড়া আজ না হোক কিছুদিন পর তো আমাদের টেস্টের জন্য নতুন অধিনায়কের খোঁজ করতেই হতো। তাহলে এখনই সেটা কেন নয়?" তার কথায় মনে হলো, মিরপুর টেস্টে টস জিতে ফিল্ডিং নেওয়াটাও হাবিবুলের টেস্ট -- নেতৃত্ব যাওয়ার পেছনে কিছুটা হলেও ভূমিকা রেখেছে,"অধিনায়ককে হতে হয় দৃঢ়। কিন্তু মিরপুরের ওই টসের সিদ্ধান্তের পর তো ওর ভেতরে তেমনটা দেখা যায়নি।"
এখন তাই হাবিবুল শুধুই সাধারণ একজন খেলোয়াড়। এবং গত কিছুদিনের ফর্মহীনতায় তার ভাগ্য নির্বাচকদের হাতেই ছেড়ে দিচ্ছেন বোর্ড সদস্যরা। মামুন তাই জানালেন,"হাবিবুলের ভাগ্য এখন নির্ভর করছে নির্বাচকদের ওপর।" আর তিনি যে নতুন যুগের কথা বলছেন, অধিনায়ক আশরাফুলকে নিয়ে সেটা শুরু হচ্ছে এমাসেই বাংলাদেশ দলের শ্রীলঙ্কা সফর দিয়ে।
বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম/ এমপি/এসি/২২০৩ ঘ.
bdnews24