২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়ানডেতে আসছে বোলারদের আরো অসহায় করার নিয়ম

বল লেগ স্টাম্পের একটু বাইরে গেলেই ওয়াইড, কথায় কথায় বাউন্সার দেয়া যাবে না, বিশেষ সময়ে (ফিল্ড রেস্ট্রিকশনের নামে) ফিল্ডিং সাজাতে হবে ব্যাটসম্যানকে দ্রুত রান করার সুযোগ করে দিতে ---- ওয়ানডেকে ব্যাটসম্যানদের খেলা বানাতে কত নিয়মইনা হয়েছে! এবার বোলারদের মাথার ওপর নেমে আসছে নতুন আরেক খড়গ ----- ওভারস্টেপিংয়ের কারণে 'নো বল' হলেই পরের বলটি ফ্রি হিট। এমন প্রস্তাবই রেখেছে আইসিসির ক্রিকেট কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2007, 02:05 PM

Updated : 26 Aug 2022, 08:04 PM

নয়া দিল্লী, ২ জুন (বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম/রয়টার্স) -- বল লেগ স্টাম্পের একটু বাইরে গেলেই ওয়াইড, কথায় কথায় বাউন্সার দেয়া যাবে না, বিশেষ সময়ে (ফিল্ড রেস্ট্রিকশনের নামে) ফিল্ডিং সাজাতে হবে ব্যাটসম্যানকে দ্রুত রান করার সুযোগ করে দিতে ---- ওয়ানডেকে ব্যাটসম্যানদের খেলা বানাতে কত নিয়মইনা হয়েছে! এবার বোলারদের মাথার ওপর নেমে আসছে নতুন আরেক খড়গ ----- ওভারস্টেপিংয়ের কারণে 'নো বল' হলেই পরের বলটি ফ্রি হিট। এমন প্রস্তাবই রেখেছে আইসিসির ক্রিকেট কমিটি। তার মানে, পরের বলটিও একরকম নো -- বলই। কেননা, নো - বলে ব্যাটসম্যানদের সবচেয়ে বড় সুবিধা হলো, তাতে রান আউট ছাড়া আর কোনো আউট নেই। বোলারের পা ডেলিভারির আগে দাগ পার করার শাস্তি হিসেবে যে 'ফ্রি --- হিট' তাতেও ব্যাটসম্যান ওই একভাবেই আউট হতে পারে।এ নিয়ম এখন টুয়েন্টি টুয়েন্টি ক্রিকেটে চালু আছে। ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসির ক্রিকেট কমিটি তা ওয়ানডেতেও নিয়ে আসতে আগ্রহী। কমিটি মনে করছে, এমন নিয়ম চালু হলে বোলাররা অতিরিক্ত রানের ব্যাপারে আরো সতর্ক হবেন, ফলে ম্যাচও শেষ হবে নির্ধারিত সময়ের মধ্যে। এর বাইরে ৩৫ ওভারের পরই বল বদলানোর প্রস্তাবও রেখেছে ক্রিকেট কমিটি। এখনকার নিয়ম অনুযায়ী আকৃতি নষ্ট হয়ে গেলে কিংবা চামড়া উঠে বা ময়লা লেগে সাদা রং উধাও হলেই কেবল বল বদলানো যায়। কমিটির আরেকটি প্রস্তাব হলো, তিন পাওয়ার --- প্লে'র শেষ দুটিতে বা ফিল্ডিং বাধ্যবাধকতার ওভারগুলোতে আউটফিল্ডে তিনজন ফিল্ডার রাখা। অবশ্য প্রস্তাব রাখলেই নিয়ম বা আইন হয়ে গেল --- ব্যাপারটি মোটেই এত সহজ নয়। ক্রিকেট কমিটির সকল প্রস্তাব কার্যকর করার সুপারিশ করবে আইসিসির নির্বাহী কমিটি। তারপর নির্বাহী বোর্ডের অনুমোদন পেলেই সব প্রস্তাব আইন হিসেবে স্বিকৃত হবে। বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম/এসি/১৯৫৯ ঘ.