২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উলমারের জন্যই পাকিস্তানের কোচ হতে বাধছে রিক্সনের

পাকিস্তানের কোচ হতে আপত্তি নেই স্টিভ রিক্সনের। তবে অস্ট্রেলিয়ার সাবেক উইকেট কিপার একটা ব্যাপার নিয়ে এখন বেশ দুশ্চিন্তায়। বব উলমারের অস্বাভাবিক মৃত্যুর রহস্য এখনো উদ্ঘাটন হয়নি বলে তিনি খুবই চিন্তিত। সেজন্যই নিউজিল্যান্ডের সাবেক কোচ আনুষ্ঠানিকভাবে পাকিস্তানের কোচ হওয়ার আবেদনই করেননি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2007, 01:39 PM

Updated : 26 Aug 2022, 08:03 PM

সিডনি, ৩০ মে (বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম)-- পাকিস্তানের কোচ হতে আপত্তি নেই স্টিভ রিক্সনের। তবে অস্ট্রেলিয়ার সাবেক উইকেট কিপার একটা ব্যাপার নিয়ে এখন বেশ দুশ্চিন্তায়। বব উলমারের অস্বাভাবিক মৃত্যুর রহস্য এখনো উদ্ঘাটন হয়নি বলে তিনি খুবই চিন্তিত। সেজন্যই নিউজিল্যান্ডের সাবেক কোচ আনুষ্ঠানিকভাবে পাকিস্তানের কোচ হওয়ার আবেদনই করেননি। ১৯৯৬ থেকে '৯৯ পর্যন্ত নিউজিল্যান্ডের কোচ হিসেবে রিক্সনের পারফরম্যান্সে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) দারুণ মুগ্ধ। অধিনায়ক স্টিভেন ফেমিংয়ের সঙ্গে জুটি বেঁধে সে সময় কিউইদের বেশ কিছু সাফল্য এনে দেয়া রিক্সনের এখন একটাই প্রত্যাশা --- খুব দ্রুত উলমারের মৃত্যু -- রহস্য উদ্ঘাটিত হোক। এর ওপরেই তার পাকিস্তানের কোচ হওয়াটা অনেকাংশে নির্ভর করছে বলে জানিয়েছেন তিনি,"তারা (পিসিবি) আমার সঙ্গে যোগাযোগ করেছে। আমি তাদের সঙ্গে কথাও বলেছি। তবে আমি যে দায়িত্বটা নিতে আগ্রহী, সেরকম কোনো ইঙ্গিত দেইনি। সত্যি কথা বলতে কি, বব উলমার যে আমাদের মাঝে নেই সেটা মেনে নিতে ভীষণ কষ্ট হচ্ছে আমার। আমি কখনোই তাদেরকে 'না' বলিনি। তবে তদন্তের ফলের জন্য আমি অধীর আগ্রহে অপো করছি।" পাকিস্তান ছাড়াও উপমহাদেশের বাকি তিন টেস্ট খেলুড়ে দেশ বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কার কোচের পদও এখন খালি। কোনো দেশের নাম উল্লেখ না করে রিক্সন জানিয়েছেন,"আমি আরো কয়েকটা দেশের সঙ্গেও কথা বলেছি।" উপমহাদেশে কোচিং করানোর কঠিন চ্যালেঞ্জ সম্পর্কে তার বক্তব্য,"এটা এমন কোনো ব্যাপার নয় যে আমাকে পুরোপুরি গ্রাস করে ফেলবে এবং বলবে 'তোমাকে এখানে এসে কাজটা করতেই হবে।' তবে কে জানে কি হতে পারে? এই আগ্রহই হয়তো সেখানে যেতে উৎসাহিত করতে পারে আমাকে।" ২০০৪ ও ২০০৫ --- এই দুই বছর ইংলিশ কাউন্টি সারের দায়িত্ব পালন করেছিলেন রিক্সন। ছিলেন অস্ট্রেলিয়ার অঙ্গরাজ্য নিউ সাউথ ওয়েলসেরও কোচ। কয়েক মাস আগে অস্ট্রেলিয়া যখন জন বুকাননের উত্তরসূরীর খোঁজে তখন তিনি বিশ্ব চ্যাম্পিয়নদের দায়িত্ব নেয়ার ব্যাপারে বেশ আশাবাদী হয়ে উঠেছিলেন। কিন্তু ক্রিকেট অস্ট্রেলিয়া আস্থা রেখেছে টিম নিয়েলসেনের ওপর। বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম/এএআর/এসি/১৯৩৫ ঘ.