লন্ডন, ৩০ মে (বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম) --- লর্ডস টেস্ট শুরুর আগেই অ্যাঙ্কেলের ব্যথাটার কথা জানিয়েছিলেন। সে ব্যথা না সারায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্ট তো বটেই, তারপর হেডিংলিতে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টটাও খেলতে পারেননি অ্যান্ড্রু ফ্লিনটফ। সম্ভাবনা ছিল তৃতীয় টেস্টে খেলার। সেই আশাটুকুও শেষ। অ্যাঙ্কেলের চোটের জন্য ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাকি দুটো টেস্ট তো খেলতে পারবেনইনা, এমনকি পুরো গ্রীস্মই প্রতিযোগিতামূলক ক্রিকেটের বাইরে কাটাতে হতে পারে তাকে।
ল্যাঙ্কাশায়ারের হয়ে এসেক্সের বিপক্ষে চারদিনের ম্যাচ খেলার কথা ছিল ফ্লিনটফের। সেই ম্যাচেই ফিটনেস প্রমান করার সুযোগ ছিল তার সামনে। কিন্তু নেট প্র্যাকটিসে আবার অ্যাঙ্কেলে প্রচন্ড ব্যথা অনুভব করায় ল্যাঙ্কাশায়ার তাকে আর খেলানো ঠিক মনে করেনি। তারপরই ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) প্রধান চিকিৎসক নিক পিয়ার্স জানিয়েছেন ফ্লিনটফের চোট কমেনি, বরং বেড়েছে, "গত দুদিনে খুব কষ্টদায়ক এক ফিটনেস পরীক্ষার মধ্য দিয়ে গেছে অ্যান্ড্রু ফ্লিনটফ। মঙ্গলবার সকালে টানা ৩০ মিনিট নেটে বল করতে হয়েছে তাকে। কিন্তু বল করার সময় বাঁ অ্যাঙ্কেলে ও বেশ ব্যথা অনুভব করেছে।" তার মানে, ফ্লিনটফ আপাতত দলে ফিরতে পারছেন না। তৃতীয় বারের মতো অস্ত্রোপচার করাতে হবে তাকে।
হঠাৎ ইংল্যান্ড -- ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজে খেলার সব আশা শেষ হয়ে যাওয়ায় ফ্লিনটফ খুবই হতাশ,"গত কয়েকদিন ধরে আমার মনে হচ্ছিল চোটটা বুঝি সেরে যাচ্ছে,কিন্তু, এখন আবার অ্যাঙ্কেলে অস্ত্রোপচার করাতে হবে জেনে খুব হতাশ আমি।"
বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম/এসি/১৮৫৬ ঘ.
bdnews24