পুরো সিরিজই মিস করতে পারেন সারোয়ান
অধিনায়ক হিসেবে প্রথম সিরিজটা মোটেই ভালো যাচ্ছে না রামনরেশ সারোয়ানের।
ওয়েস্টই ইন্ডিজের অধিনায়ক হিসেবে প্রথম পূর্ণাঙ্গ সফরে এসেছেন ইংল্যান্ডে। প্রথম টেস্ট ড্র হয়েছে। দ্বিতীয় টেস্টে দলের খুবই লেজে-গোবরে অবস্থা। তার দল বৃষ্টির বদান্যতা বা অতিমানবীয় কোনো পারফরম্যান্সে পরাজয় এড়াতে পারবে কিনা সেটাই যখন প্রশ্ন, তখনই আরেকটা শঙ্কা সফরের বাকি ম্যাচগুলো নিয়েও ভাবনায় ফেলে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজকে। কাঁধের চোটের জন্য সম্ভবত সিরিজের বাকি ম্যাচগুলোতেও খেলতে পারবেন না সারোয়ান।
হেডিংলিতে অনুষ্ঠানরত দ্বিতীয় টেস্টের প্রথম দিনে ফিল্ডিংয়ের সময় কাঁধে প্রচন্ড চোট পান রামনরেশ সারোয়ান। সে কারণে প্রথম ইনিংসে ব্যাট করতে পারেননি। দ্বিতীয় ইনিংসেও তাকে ব্যাট হাতে নামতে দেখার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। স্ক্যান রিপোর্ট বলছে, চার ম্যাচের টেস্ট সিরিজ এবং তারপর অনুষ্ঠেয় ওয়ানডে সিরিজে তার পক্ষে খেলা খুবই কঠিন। সারোয়ান নিজে অবশ্য সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেননি, শুধু জানিয়েছেন হেডিংলি টেস্টের পর এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে, “ এই টেস্ট ম্যাচের পর আমরা আলোচনায় বসে সিরিজের বাকি অংশে আমার সম্পৃক্ততার ব্যাপারটি চূড়ান্ত করবো।”
