আফ্রো-এশিয়া কাপে খেলছেন না শচীন টেন্ডুলকার
একে একে অনেক তারকাই খসে পড়ছেন আফ্রো-এশিয়া কাপ থেকে। খসে পড়া ঠিক নয়, কেউ চোটের কারণে, কেউবা ব্যাক্তিগত কারণে সরে দাঁড়াচ্ছেন আগামী মাসে অনুষ্ঠেয় এ টুর্নামেন্ট থেকে।
অবশেষে আরেকটি নাম যোগ হয়েছে সরে দাঁড়ানোদের তালিকায়। শচীন টেন্ডুলকারও জানিয়ে দিয়েছেন তার অপারগতার কথা।
ইনজুরির কারণে শোয়েব আখতার বাদ-এশিয়া একাদশকে জড়িয়ে এই দুঃসংবাদের পরপরই জানা গিয়েছিল বাংলাদেশের জন্য খুশি হওয়ার মতো খবর-শোয়েবের জায়গায় খেলবেন মাশরাফি বিন মুর্তজা। তার পরপরই জানা গেল, ইনজুরির কারণে চামিন্ডা ভাস খেলতে পারবেন না। আরেক শ্রীলঙ্কান ফাস্টবোলার লাসিথ মালিঙ্গাও সরে দাঁড়িয়েছেন এই টুর্নামেন্ট থেকে। এই পর্যন্ত থেমে থাকলেও হতো। আকর্ষণ কিছুটা হলেও থাকতো আফ্রিকা বনাম এশিয়ার ক্রিকেটারদের এ লড়াইয়ের। কিন্তু এশিয়া একাদশের নির্বাচক, ভারতের সাবেক টেস্ট ক্রিকেটার চেতন চৌহান জানিয়েছেন, টেস্ট ও ওয়ানডের সবচেয়ে বেশি সেঞ্চুরির মালিক টেন্ডুলকারও খেলছেন না ৬, ৯ ও ১০ জুন ভারতে অনুষ্ঠেয় তিন ম্যাচের এ টুর্নামেন্টে, “ ব্যাপারটি ভারতীয় বোর্ডকে টেন্ডুলকার জানিয়েছে আর বোর্ড জানিয়ে দিয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে।”
তাহলে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের সেরা খেলোয়াড় টেন্ডুলকারের জায়গায় কাকে পাচ্ছে এশিয়া একাদশ? নাম শুনলে কিন্তু টেন্ডুলকারকে মিস করার দুঃখও ভুলে যাবেন অনেকে। সৌরভ গাঙ্গুলী। হ্যাঁ, ভারতের এই সাবেক অধিনায়কই খেলবেন টেন্ডুলকারের জায়গায়। এ ছাড়া চামিন্ডা ভাসের জায়গায় সুযোগ পেয়েছেন ভারতের জহির খান আর মালিঙ্গার জায়গায় তারই স্বদেশী ফারভিজ মাহরুফ।
