মাশরাফি-আশরাফুল ছাড়া আর কিছু নেই
চরম দুর্যোগের মধ্যেও খড়কুটো ধরে বাচাঁর আশায় লড়াই করে যায় মানুষ। বিশাল পরাজয়ের মধ্যে দাঁড়িয়ে শেষ বিকেলে আশরাফুল ও মাশরাফির লাড়ইটা বাঁচার জন্য নয় প্রতিপক্ষকে বুঝিয়ে দেওয়ার জন্য যে “আমরাও পারি।” অন্য সতীর্থরাও যদি পারতো তাহলে এত বাজে পরিণতি হতো না এই টেস্টে।
তাই বাংলাদেশের এই গো-হারা এই ম্যাচের পরও তারা দুজন বিশেষভাবে আলোচিত। শেষ বিকেলে ৭০ রানের ইনিংস খেলা মাশরাফি বিন মুর্তাজার প্রশংসায় পঞ্চমুখ ভারতের কোচ-কাম ম্যানেজার রবি শাস্ত্রী, “মাশরাফি অসাধারণ এক প্রতিভা। বোলিংয়ের যেমন দুর্দান্ত তেমনি তার ব্যাটের হাত চমৎকার।” সেটা তিনি চট্টগ্রামে প্রথম টেস্টে টের পেয়েছেন ম্যাচ বাঁচানো ৭৯ রানের ইনিংসটি দেখে। তারপর ঢাকায় দেখেছেন বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে ৮টি চার ও দুটি ছক্কায় সাজানো ৭০ রানের ইনিংসটি। তার আগেই জানা হয়ে গেছে টেস্ট সিরিজে ৬ উইকেট নেওয়া ‘নড়াইল এক্সপ্রেস’-এর গতির কথা। এক বাংলাদেশী ক্রিকেটারের মধ্যে ব্যাটিং-বোলিংয়ের চমৎকার সমন্বয় দেখে ভারতীয় অধিনায়কের ঈর্ষান্বিত হওয়ার খবরটি তো পুরনোই।
আর ডেভ হোয়াটমোর গেয়েছেন আশরাফুল-নামা, “দারুণ এক প্রতিভা আশরাফুল। তবে তার সামর্থের অনেকটাই এখানো দেখানোর বাকি আছে।” সত্যিই এই দুটো অস্ত্রই কেবল সচল ছিল বাংলাদেশের। বাকি অস্ত্রগুলোতে মরচে পড়ে যাওয়ায় টেস্ট ক্রিকেটে বাংলাদেশ স্বরূপে আবির্ভূত হতে পারেনি। সেগুলো সারানোর জন্যই বিদায়ী কোচ ফার্স্ট ক্লাস ক্রিকেটের মানোন্নয়ন এবং আরো বেশি চারদিনের ম্যাচ খেলার পরামর্শ দিয়েছেন।
ঢাকা টেস্টের সঙ্গে মেলানো যাবে না চট্টগ্রাম টেস্টকে। বাংলাদেশ দলের অধিনায়ক হাবিবুল বাশারের কথায়, “চট্টগ্রাম টেস্ট থেকে আমরা অনেক কিছুই পেয়েছি।” কিন্তু ঢাকা টেস্টে সেই বাংলাদেশের বীভৎস চেহারা। বিষয়টা হয়তো এমন খারাপ হতো না যদি হাবিবুল টস জিতে সঠিক সিদ্ধান্ত নিতেন। শুনুন ভারতীয় অধিনায়ক রাহুল দ্রাবিড়ের মুখে, “এটা হতেই পারে দুই অধিনায়ক দুভাবে ভেবেছে। তবে আগে ব্যাট করার সুযোগটা পেয়ে আমরা কাজে লাগিয়েছি।” তারপর সেই রানের পাহাড়েরর নিচে চাপা পড়ে পথ হারিয়ে ফেলেছে বাংলাদেশীরা।
তাই রবি শাস্ত্রী বাংলাদেশকে সম্বোধন করেছেন এক ‘বিস্ময়কর ওয়ানডে দল’ হিসেবে, “ওয়ানডেতে তারা চমৎকার, তবে টেস্টে আরো উন্নতি করতে হবে। এজন্য সময় দরকার, তরুণ ক্রিকেটারদের গড়ে তুলতে হবে।” আর বিশ্বকাপ বিপর্যয়ের পর যে দলটিকে নিয়ে ঢাকা এসেছেন সেটিও এখন রবি-রশ্মিতে উদ্ভাসিত নতুন এক ভারতীয় দল। “আমি ড্রেসিং রুমে সবাইকে উজ্জীবিত দেখেছি। বিশ্বকাপ ব্যর্থতার পর সবাই নিজেদের প্রমাণ করার জন্য, ভাল কিছু করার জন্য উন্মুখ হয়ে ছিল। আরো বড় ব্যাপার হচ্ছে, পুরো ভারতীয় দল এখন টিম স্পিরিটে ভরপুর।”
ঠিক বাংলাদেশ ফেরৎ বাংলাদেশের মতো। আর সেই বাংলাদেশ যেন অনেক ম্রিয়মান।
