বিদায়ী উপহারের জায়গায় উপহাসই পেলেন হোয়াটমোর
ডেভ হোয়াটমোর বিদায় নিলেন। অনেক মধুর কথা বলে। অনেক সুখস্মৃতির উল্লেখ করে। হাবিবুল বাশার ওয়ানডে অধিনায়কত্ব থেকে বিদায় নিলেন। অনেক প্রশ্নের জন্ম দিয়ে। অনেক বিতর্ক উসকে দিয়ে। আর বাংলাদেশ থেকে গেল বাংলাদেশের জায়গাতেই। সেই আত্মাহুতি প্রবণ, সেই ট্রেন মিস হয়ে যেতে বসা ভঙ্গির ব্যাটিং। ইনিংস ব্যবধানে হার, তিন দিনেই ম্যাচ শেষ হয়ে যাওয়ার ঘটনা বাংলাদেশের টেস্ট ইতিহাসে এত বেশি জায়গা দখল করে আছে যে অভিজ্ঞতা হিসাবে সাধারণ, কিন্তু হোয়াটমোরের শেষ ম্যাচেও যদি এমন হয় তাহলে এই চার বছরের শিক্ষা-এগিয়ে যাওয়ার দাবি তো ফাঁকা বুলি হয়ে যায়।
ভারত : ৬১০/৩ (ডি.)
বাংলাদেশ : ১১৮ ও ২৫৩
ফল : ভারত ইনিংস ও ২৫৯ রানে জয়ী
ফল : ভারত ইনিংস ও ২৫৯ রানে জয়ীস্মৃতি ঘেঁটে দেখছি ২০০৩ সালে অস্ট্রেলিয়ায় হোয়াটমোরের প্রথম টেস্টটার চেয়ে এই টেস্টের বাংলাদেশের মধ্যে আরও নবীশ ভঙ্গি। অনভ্যাসে বিদ্যা হ্রাস হয় বটে, কিন্তু মিরপুরের তিন দিন দেখে মনে হলো তের মাসের অনভ্যাসে বিদ্যার সলিল সমাধি হয়েছে।
দুটো সময়সীমা এই ম্যাচের তিন দিনই ঘুরে ফিরে থাকল। চার বছর এবং তের মাস। প্রথমটা হোয়াটমোরের মেয়াদকাল, দ্বিতীয়টা বাংলাদেশের টেস্ট খেলার বিরতির সময়। দুটোর মধ্যে দ্বিতীয়টাই তার ছাপটা যতটা রেখে গেলো, প্রথমটা ততোটা নয়। শেষ ম্যাচে তারা যা-তা শট খেলে উইকেট দিচ্ছে, একদিনে ১৫ উইকেট হারিয়ে টেস্টকে তিন দিনের ম্যাচ বানাচ্ছে-এটা তো হোয়াটমোরের চার বছরের সাফল্যের বিপরীত বিজ্ঞাপন। বরং ১৩ মাসের অনভ্যস্ততারই উজ্জল ছবি। তা সেই ১৩ মাসের ওয়ানডে অভিজ্ঞতা এমন ডুবিয়ে রেখেছিল যে খেলা দেখে কেউ কেউ মনে করলেন বাংলাদেশ ম্যাচে কিছু হবে না জেনে বোধহয় টুয়েন্টি-টুয়েন্টির প্র্যাকটিস করে নিচ্ছে। কখনও কখনও সাদা পোষাক আর লাল বল দেখে বুঝতে হয়েছে এখানে টেস্ট চলছে। এতটাই ব্যস্ততা তাদের। তা তেমন খেলে আশরাফুলের মতো কিছু করলে মাফ পাওয়া যায়, মাশরাফির মতো হলেও চলে, নইলে ব্যাপারটা ফৌজদারি অপরাধতূল্য। এবং সেই অপরাধ বাকি সবাই করেছেন। সবাই।
টেস্ট ক্রিকেটে আর সে-ই দিন নেই যে দিনভর ব্যাট করে উইকেট ধরে রাখাকে বীরত্ব গণ্য করা হবে। হলে আগের দিনের শচীন টেন্ডুলকার এমন নিন্দিত হন না। ম্যান অব দি সিরিজ হওয়ার পরও তার অনুরাগীদের দীর্ঘশ্বাস পড়ে না। এখন টেস্টের বীরত্ব মানেও বোলার ঠ্যাঙ্গানো; শটের অনুপম প্রদর্শনী। আর সে-ই বিবেচনাতে আশরাফুল এমন এক কীর্তি করেছেন যে তা দিয়ে এই মরাবাড়িতেও উৎসবের ঢোল বাজানো যায়। লাঞ্চের আগেই নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশের ফলো অন এবং নিশ্চিত হয়ে গেছে হারও। তখনই গর্জে উঠলেন আশরাফুল। এই গর্জনে অবশ্য শব্দের চেয়ে নৈঃশব্দ বেশি; হঠাৎ পাল্টা আক্রমণে ভারতীয়রা থতমতো। এবং উপস্থিত কয়েক হাজার দর্শকও। বাজে শট, আত্মাহুতি, যাওয়া-আসা এসবে বিধ্বস্ত দলের একজনের ব্যাটে হঠাৎ এমন ধ্বংসের সুর বেজে ওঠে কী করে! দেবদূত তার হয়ে ব্যাট করছে না তো! যেসব শট ব্যাট থেকে বেরোল তাতো দেবদূতের ব্যাট করার মতোই। মাত্র ৪৬ মিনিট উইকেটে ছিলেন, তাতেই ৪১বলে ৬৭ রান। ১২টি বাউন্ডারি এবং দুটো ছক্কা। ক্যালিস কিছুদিন আগে জিম্বাবুয়ের বিপক্ষে ২৪ বলে ফিফটি করেছেন বলে সবচেয়ে কম বলে ফিফটির রেকর্ডটা হতে হতেও হলো না, কিন্তু কুম্বলের বলে টেন্ডুলকারকে মিডউ্ইকেটে ক্যাচটা না দিলে হয়ত ভিভ রিচার্ডসের ৫৬ বলের সেঞ্চুরিটাই চ্যালেঞ্জের মুখে পড়ে। তা না হলেও মিনিটের হিসাবে সবচেয়ে কম সময়ে ফিফটিটা হয়ে গেছে। ক্যালিসেরটা ছিল ২৮ মিনিটে, আশরাফুল করলেন ২৭ মিনিটে।
আশরাফুলের মতো আরেকজন শট খেলে সফল এবং সেজন্যই তিনিও দায়মুক্ত। মাশরাফি ৬৮ বলে ৭০ রান করে সিরিজে বাংলাদেশের একমাত্র ব্যাটসম্যান হিসাবে দ্বিতীয় ফিফটিটাই করলেন না, আড়াইশ রান পার করে হারের ব্যবধানও খানিকটা কমালেন। মাশরাফি-আশরাফুলও শট খেলার পথে গেছেন, টেস্টে সবসময়ই সেটা প্রশংসনীয় ব্যাপার নয়, কিন্তু মুল প্রশ্নটা হলো সাফল্যের। স্ট্রোক খেলেও যদি টেস্টে কেউ দাপট দেখাতে পারেন তাতে অসুবিধা নেই; কিন্তু স্ট্রোক খেলার ফাঁদে পড়ে যখন কেউ আউট হবেন তখন সেটাই দোষের। টেস্টে ফাঁদটা তৈরিই করা হয় স্ট্রোক খেলার লোভ দেখিয়ে। সমস্যা হলো বাংলাদেশ ব্যাটসম্যানরা বুঝেও সেই ফাঁদে পা দেয়! হয়ত ফাঁদে পড়ার আগে যা কিছু রান করে নেয়া যাবে সেটাতেই ওদের হয়ে যায়।
তৃতীয় দিনেও মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম তার অবিশ্বাস্য রেকর্ডযাত্রা অক্ষুন্ন রাখল। আশরাফুলের কল্যাণে টেস্টে সবচেয়ে কম সময়ের হাফ সেঞ্চুরিটা হলো, এটা যদি হয় সামগ্রিক রেকর্ড তাহলে বাংলাদেশকে ডোবানো রেকর্ডটা হলো জাভেদ ওমরের কিং পেয়ার। আগের ইনিংসের মতো এবারও প্রথম বলেই আউট হয়ে ক্রিকেট ইতিহাসের ১১তম এবং বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসাবে দুই ইনিংসের প্রথম বলেই আউট হলেন তিনি। বোলার জহির খানের কৃতিত্ব, তার ব্যর্থতার চেয়েও অবশ্য বড় অবদান আম্পায়ার ড্যারেল হার্পারের, কোনো কিছুতেই না লাগা বলটিকে তার যে কেন মনে হলো জাভেদের ব্যাটে লেগেছে তিনিই জানেন!
জাভেদ এবং বাংলাদেশ ভুলের বলি। শেরেবাংলা স্টেডিয়াম তার সুবিধাভোগী। প্রতিদিনেই নতুন রেকর্ড। প্রতিদিনেই বাংলাদেশকে ডোবানো নতুন কোনো ব্যর্থতার দিগন্ত উন্মোচন। সঙ্গে হোয়াটমোরের বিদায়ী টেস্ট এবং হাবিবুলের ওয়ানডে অধিনায়কত্ব ছেড়ে দেয়ার ঘোষণার মঞ্চ হয়ে এই স্টেডিয়াম তার প্রথম টেস্টেই অন্য উচ্চতায়।
বাংলাদেশ দল অবশ্য তাদের উচ্চতাতেই। নিজেদের তৈরি জায়গাতে থাকতে তাদের এত পছন্দ যে ভেন্যুর রেকর্ড হলেই বা তাদের কী! ডেভ হোয়াটমোর চলে গেলেই বা কী!
