২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইনিংস পরাজয়ের ম্যাচে সান্ত¡না শুধু আশরাফুল, মাশরাফিদের ব্যাটিং

দ্বিতীয় ইনিংসটাকে আর প্রথম ইনিংসের ফটোকপি হতে দেননি আশরাফুল, রাজিন সালেহ আর মাশরাফি। আশরাফুলের কথা তো না বললেই নয়। মাত্র ২৬ বলে টেস্ট ক্রিকেটের দ্বিতীয় দ্রুততম ফিফটির রেকর্ড ছুঁয়ে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের দর্শকদের আনন্দের বন্যায় ভাসিয়েছিলেন বাংলাদেশ দলের সহ-অধিনায়ক। কুম্বলের বলে তার আউট হওয়ার পর রাজিনও খেলেছেন ৪৬ বলে ৪২ রানের এক ঝড়ো ইনিংস। বড় পরাজয় নিশ্চিত হওয়ার পর মাশরাফিও খেলেছেন ৮ টি চার ও ৩টি ছক্কায় সাজানো দলের পক্ষে সর্বোচ্চ ৭০ রানের এক ইনিংস। বাংলাদেশের দ্বিতীয় ইনিংস নিয়ে এর বাইরে যা বলা হবে তা-ই হবে ব্যাটসম্যানদের ব্যর্থতার ফিরিস্তি। ঢাকা টেস্টে তাই লজ্জা এড়ানো গেল না। ভারতের ৩ উইকেটে ৬১০ (ডি.)-এর জবাবে দেড় দিনেরও কম সময়ে দুবার (১১৮ ও ২৫৩) অলআউট হলো বাংলাদেশ। পরিনাম এক ইনিংস ও ২৩৯ রানের পরাজয়।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2007, 05:09 PM

Updated : 26 Apr 2022, 02:23 PM

প্রথম ইনিংসের মতো বাংলাদেশের দ্বিতীয় ইনিংসের সূচনাটাও ছিল জঘন্য। এবার অবশ্য আম্পায়ার ড্যারেল হার্পারের ভুল সিদ্ধান্তে প্রথম বলেই কট বিহাইন্ড জাভেদ ওমর। যার আরেকটা অর্থ হলো, চট্টগ্রাম টেস্টের ওয়াসিম জাফরের মতো জাভেদেরও ‘পেয়ার’ হয়ে গেল এই ম্যাচে। এভাবে স্কোর বোর্ডে কোনো রান ওঠার আগে এক ওপেনারকে হারালেও মধ্যাহ্ন বিরতির আগে আর কোনো ক্ষতি হয়নি। হাবিবুল আর নাফীস যখন লাঞ্চে গেলেন স্কোর তখন ১ উইকেটে ১০।

কিন্তু বিরতির পর ফিরে এসেই জহিরকে পুল করতে গিয়ে সেই পরিচিত ঢংয়েই দ্রাবিড়কে ক্যাচ দিয়ে ফিরে যান অধিনায়ক হাবিবুল। একটু পরে নাফীসও রুদ্রপ্রতাপের বলে কট বিহাইন্ড। রান তখনো ১০, কিন্তু উইকেট পড়ে গেছে ৩টি।

সেই অবস্থাতেই শুরু আশরাফুল ঝড়। জহিরকে এক ওভারে দুটো চার মেরে শুরু, তারপর কাকে মারেননি! টেস্ট অভিষেকে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরির মালিক ফিফটিতে পৌঁছে যান মাত্র ২৬ বলে। আর দুটো বল কম খেললেই ২০০৪-০৫ মৌসুমে কেপটাউনে জিম্বাবুয়ের বিপক্ষে জ্যাক ক্যালিসের গড়া দ্রুততম ফিফটির রেকর্ড ছুঁতে পারতেন। সেটা না পারলেও যেটুকু পেরেছেন তা-ইবা কম কী! দ্বিতীয় দ্রুততম ফিফটির মালিক হয়ে যাওয়ায় আশরাফুলের নাম এখন ইয়ান বোথাম আর শহীদ আফ্রিদির পাশে। আশরাফুল ৪১ বলে ১২ টি চার আর ২টি ছক্কায় সাজানো ৬৭ রানের ইনিংসটাকে আর বেশিদূর নিয়ে যেতে পারেননি কুম্বলের বলে টেন্ডুলকারের হাতে ক্যাচ তুলে দেয়ায়। তার বিদায়ের পর প্রায় একই ঢংয়ে ব্যাট চালাচ্ছিলেন রাজিন সালেহ। রান আসছিল ওয়ানডের মতোই। কিন্তু ৪৬ বলে ৪২ করার পর রাজিন রমেশ পাওয়ারের শিকার হলে রানের গতি আবার কমতে থাকে। আশরাফুলের বিদায়ের সময় স্কোর ছিল ১৩ ওভারে ৪ উইকেটে ৯১, রাজিন গেলেন দলকে ২০ ওভারে ৫ উইকেটে ১৩৫-এ রেখে। কাহিনীর বাকিটাতে ছিল শুধু ব্যাটসম্যানদের উইকেটে টেকার আপ্রাণ ব্যর্থ লড়াই, ভারতীয়দের উল্লাসের ফাঁকে ফাঁকে ক্যাচ ফেলার মহড়া আর শেষ বিকেলে মাশরাফির ৬৮ বলে ৭০ রানের ইনিংসটির সান্ত¡না।

সংক্ষিপ্ত স্কোর :

বাংলাদেশ দ্বিতীয় ইনিংস : ৫৭.৩ ওভারে ২৫৩ (জাভেদ ০, নাফীস ৪, হাবিবুল ৫, আশরাফুল ৬৭, রাজিন ৪২, সাকিব ১৫, খালেদ মাসুদ ৮, শরিফ ১৭, রফিক ১১, মাশরাফি ৭০, রাসেল অপ. ১, অতিরিক্ত ১৩, জহির ২/৫৪, রুদ্রপ্রতাপ ১/২৮, কুম্বলে ১/৭২, পাওয়ার ৩/৩৩, টেন্ডুলকার ২/৩৫)

বাংলাদেশ ১ম ইনিংস : ৩৭.২ ওভারে ১১৮ (জাভেদ ০, হাবিবুল ৪, নাফীস ২, আশরাফুল ০, রাজিন ২০, সাকিব ৩০, খালেদ মাসুদ ২৫, শরীফ ১৩, মাশরাফি ২, রফিক ১২, রাসেল অপ. ২, অতিরিক্ত ৮, জহির ৫/৩৪, কুম্বলে ৩/৩২, রুদ্রপ্রতাপ ১/২৮, ঈশান ১/১৯)

ভারত ১ম ইনিংস : ১৫৩ ওভারে ৬১০/৩ ডিক্লে. (কার্তিক ১২৯, জাফর ১৩৮ (আহত অবসর) , দ্রাবিড় ১২৯, টেন্ডুলকার অপ. ১২২, সৌরভ ১৫, ধোনি অপ. ৫১, অতিরিক্ত ২৬, রফিক ২/১৮১, মাশরাফি ১/১০০)