২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পিঠে চাপলো চার সেঞ্চুরির রেকর্ডের ভার

টেন্ডুলকারকে জাভেদ ওমরের দলেই ফেলে দিলেন অনেক ক্রিকেট-প্রাজ্ঞ সাংবাদিক। সেটা তার বিস্ময়কর ধীরগতির এবং বিরক্তিকর ব্যাটিংয়ের জন্য। নিজের ব্যাটিংয়ের চিরায়ত সৌন্দর্য বিসর্জন দিয়ে হলেও কাজের কাজ একটা করে নিয়েছেন তিনি, রেকর্ডবুকে তার নামের পাশে যোগ হয়েছে ৩৭ তম সেঞ্চুরিটি। তার সঙ্গে সঙ্গেই শচীন টেন্ডুলকারের জাভেদ ওমর হওয়ার লজ্জা চাপা পড়ে আরো বড় লজ্জাকর রেকর্ডে। এই লজ্জা বাংলাদেশের, প্রথম চার ব্যাটসম্যানের সেঞ্চুরি টেস্ট ক্রিকেট ইতিহাসে প্রথম ঘটেছে শনিবার দেশের হোম অব ক্রিকেটে। বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের ৫টি সেঞ্চুরির রেকর্ডও আছে, ৫ সেঞ্চুরি হয়েছে আরও একবার, কিন্তু প্রথম চার ব্যাটসম্যানের সেঞ্চুরির এটাই প্রথম ঘটনা। আর সেই রেকর্ডের ভারটা চাপলো বাংলাদেশের পিঠে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2007, 09:03 PM

Updated : 26 Apr 2022, 02:22 PM

বাংলাদেশের ক্রিকেট ও ক্রিকেটারের জন্য এ বড় লজ্জার দিন। মাঝে মাঝে এমনই নির্মম হয়ে ওঠে ক্রিকেটের রেকর্ডবুক। যেখানে চার নম্বরে ব্যাট করা শচীন টেন্ডুলকারের সেঞ্চুরির কথা থাকবে। কিন্তু দেখে বোঝা যাবে না সেটা টেন্ডুলকার-সুলভ নয়। ২০০ বলে সেঞ্চুরি, তারপর ৩৫৪ মিনিট ব্যাটিং করে ২২৬ বল খেলে শেষপর্যন্ত তিনি অপরাজিত ১২২ রানে। তার একটি কারণ অবশ্য বলে গেছেন ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করা দীনেশ কার্ত্তিক, “দ্বিতীয় দিনে বল ঠিকমতো ব্যাটে আসছিল না। কয়েকটা পুল শট খেলার সময় বল কিন্তু ঠিকমতো লাগেনি। সেজন্যই হয়তো শচীন ধীরগতিতে ব্যাট করেছে।”

সেটা একটা কারণ বটে, কিন্তু সত্যি হলো মহেন্দ্র সিং ধোনির ব্যাটিংয়ের ছায়ায় ঢাকা পড়ে গেছেন এই ইনিংসের টেন্ডুলকার। আর সবচেয়ে উজ্জল হয়েছে কার্ত্তিকের মুখ, ক্যারিয়ারের ত্রয়োদশ টেস্টে সেঞ্চুরি পেয়ে সাংবাদিকদের বলে গেছেন, “আমি একজন ভালো ওপেনার হওয়ার চেষ্টা করছি। যেভাবে ব্যাটিং করছি, সেভাবেই করে যেতে চাই।” দলের নিয়মিত ওপেনার নন, শেবাগের ফর্মহীনতাই এই উইকেট-কিপার ব্যাটসম্যানকে মিডল অর্ডার থেকে একেবারে ওপরে তুলে দিয়েছে। সুযোগ পেয়ে নিজেকে ওপেনার হিসেবে প্রতিষ্ঠা করতে মরীয়া হয়ে উঠেছেন কার্তিক। কিন্তু ভারতীয় দলের ওপেনিং নিয়ে যে খেলা চলছে তাতে বাংলাদেশে ওপেন করা ব্যাটসম্যান ইংল্যান্ডে গিয়েও ওপেন করবে, এমন ভাবা কঠিন। কার্তিক নিজেও তা মানলেন, “সেটা বলা কঠিন। একমাত্র টিম ম্যানেজমেন্টই তা বলতে পারে।”

এর আগে তার সর্বোচ্চ স্কোর ছিল ৯৩, ওয়েস্টইন্ডিজের বিপক্ষে। সেটা টপকে তিন অংকের ম্যাজিক ফিগারে পৌঁছানোটা কঠিনই ছিল। আগের দিন ৮২ রান করে ‘চ্যাংদোলা’ হয়ে ড্রেসিং রুমে ফেরার সময় বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল কার্ত্তিক আবার ফিরতে পারবেন। “তাপমাত্রা ও আর্দ্রতা এত বেশি যে দীর্ঘক্ষণ ব্যাট করা খুব কঠিন ছিল। তবে আজ মাঠে নেমেছিলাম সেঞ্চুরির টার্গেট নিয়েই।” শেষপর্যন্ত ২১২ বলে ১২৯ রান করে তিনি আউট হয়েছেন পুল করতে গিয়ে। এজন্য একটু আক্ষেপ থাকলেও স্ত্রীর হাততালিমুখর সম্ভাষণে উবে গেছে সব এবং সেঞ্চুরিটাও উৎসর্গ করেছেন পরিবারের নামে। আগের দিন আরেক ওপেনার প্রথম সেঞ্চুরি করেছিলেন। ১৩৮ রান করে ক্র্যাম্প নিয়ে মাঠ ছেড়ে যাওয়া ওয়াসিম জাফর অবশ্য আর ব্যাটিং করতে নামেন নি।

তবে ভারতীয় ইনিংসের চারটি সেঞ্চুরির মধ্যে রাহুল দ্রাবিড়ের সেঞ্চুরিটিই গুণে-মানে সেরা। ১২৯ রান করতে খেলেছেন মাত্র ১৭৬ বল, সময় নিয়েছেন মাত্র ২১৫ মিনিট। সময় কম নিয়েছেন কিন্তু এর মধ্যেই নিজের ক্রিকেট-বুকের সব সৌন্দর্য্য মেলে দিয়েছেন মিরপুর স্টেডিয়ামে। ১৫ টি বাউন্ডারি ও একটি ছক্কায় সাজানো ক্যারিয়ারের ২৪-তম সেঞ্চুরিটি হতে পারে যে কোনো ক্রিকেটানুরাগীর প্রার্থিত।

বাংলাদেশের ব্যাটসম্যানরা মাঠে থেকে ওই ব্যাটিং-সুধা পান করেছেন, কিন্তু শেষ বেলায় গিয়ে আবার সব ভুলে বসেছেন। নইলে কী আর ৫৮ রানে ৫ উইকেট পড়ে।